বধ্যভূমি সংরক্ষণ গতিহীন, চলছে ফাইল চালাচালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালিদের গণহত্যার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর ব্যবহূত বধ্যভূমিগুলো সংরক্ষণে সরকার উদ্যোগ নিলেও এ কাজে গতি নেই। গত বছর এই উদ্যোগ নেওয়া হলেও এখনো প্রকল্পই অনুমোদিত হয়নি। চলছে ফাইল চালাচালি। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বধ্যভূমি সংরক্ষণসংক্রান্ত প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হলে সেখান থেকে তা দুই দফায় কিছু বিষয় জানতে চেয়ে ফেরত পাঠানো হয়। সর্বশেষ গত জুলাই মাসে চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে সেটি আবারও পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রকল্পটি অনুমোদনের কোনো উদ্যোগ নেই। এ অবস্থায় বর্তমান সরকারের আমলে এই কাজ শেষ করা যাবে কি না, তা নিয়ে খোদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়েরই কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা অনিশ্চয়তায় রয়েছেন। মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, আগামী কিছুদিনের মধ্যে প্রকল্পটি অনুমোদন করা না গেলে এই সরকারের বাকি সময়ে কাজটি করা যাবে না। তার অর্থ এটির বাস্তবায়ন প্রত্যাশিত সময়ের চেয়ে আরও পিছিয়ে যেতে পারে। তবে এ ব্যাপারে আশাবাদী মুক্তিযুদ্ধবিষয়ক সচিব মিজানুর রহমান। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এই প্রকল্পটি হবে। এখন এটি পরিকল্পনা কমিশনে আছে। প্রকল্প অনুমোদনের আগে কিছু কাজ করতে হবে। এখন সেগুলো করা হচ্ছে।’ আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ১৯৭১ সালের স্মৃতিবিজড়িত স্থানগুলো চিহ্নিত করে রাখার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত করার লক্ষ্যে বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনী মুক্তিযোদ্ধাসহ এ দেশের অগণিত মানুষকে হত্যা করে গণকবর দেয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই প্রেক্ষাপটে গত বছরের শেষ দিকে ‘১৯৭১-এ মহান স্বাধীনতাযুদ্ধকালে পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহূত বধ্যভূমিসমূহ সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ’ নামের একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রথমে দেশের ১৭৬টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় তথ্যের অভাবে পরে ১২৯টি বধ্যভূমি সংরক্ষণ এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পটি অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও সেখান থেকে তা দুইবার নতুন নতুন তথ্য চেয়ে ফেরত পাঠানো হয়। এ অবস্থায় এ কাজটি পড়ছে দীর্ঘসূত্রতা তথা অনিশ্চয়তার মধ্যে। কারণ, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে পরিচিত বর্তমান সরকারের প্রায় তিন বছর শেষ হতে চললেও এখনো মুক্তিযুদ্ধবিষয়ক এই প্রকল্প অনুমোদনই করা হয়নি। কবে অনুমোদন করা হবে তাও বলা যাচ্ছে না। তারপর রয়েছে বাস্তবায়নের বিষয়।মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ কাজের জন্য প্রথমে ৭১ কোটি ৪১ লাখ টাকার প্রস্তাব করা হলেও পরে বধ্যভূমির সংখ্যা কমে যাওয়ায় ব্যয়ও কম দেখানো হয়। সর্বশেষ প্রস্তাব অনুযায়ী ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি টাকার কিছু বেশি।একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দেশের অন্যান্য প্রকল্পের তুলনায় টাকার অঙ্কে এই প্রকল্পের টাকা খুব বেশি নয়। কিন্তু প্রকল্পটি অনুমোদিত না হওয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজটি অনিশ্চয়তায় পড়তে চলছে। তারা মনে করেন, টাকার সমস্যা থাকলে অন্য খাত থেকেও সেটা মেটানো সম্ভব। ওই কর্মকর্তা আরও বলেন, এই কাজটি না হওয়ায় মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ। তাঁদের মতে, এই কাজের সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতি ও আবেগ জড়িত। এ জন্য এই কাজটি যত দ্রুত সম্ভব করা উচিত। কারণ এমনিতে অনেক বধ্যভূমি হারিয়ে যাচ্ছে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আসা মাদারীপুর জেলার মুক্তিযোদ্ধা নেতা মো. শাহজাহান হাওলাদার প্রথম আলোকে বলেন, দেশের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলার নানা চক্রান্ত হচ্ছে। এই সরকারের আমলে বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনিক জটিলতার কারণে এই কাজ এগোচ্ছে না।’মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, দেশের বিভিন্ন স্থানে অসংখ্য বধ্যভূমি অবহেলায় পড়ে আছে। অনেক বধ্যভূমি নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই এসব স্মৃতিচিহ্ন যত দ্রুত সংরক্ষণ করা যাবে ততই মঙ্গল। ওই কর্মকর্তারা জানান, সংরক্ষণের জন্য গণপূর্ত অধিদপ্তর বধ্যভূমির স্থান ও জমি চিহ্নিত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর পর তার ভিত্তিতে ডিপিপি তৈরি করা হয়।কোন জেলায় কত বধ্যভূমি: সংরক্ষণের জন্য যেসব বধ্যভূমি চিহ্নিত করা হয়েছে তার মধ্যে ঢাকা জেলায় আটটি, রাজবাড়ী জেলায় তিনটি, ফরিদপুরে চারটি, নরসিংদীতে চারটি, মুন্সিগঞ্জে পাঁচটি, টাঙ্গাইলে দুটি, শেরপুরে দুটি, কিশোরগঞ্জে ১১টি, ময়মনসিংহে নয়টি এবং মানিকগঞ্জ, শরীয়তপুর ও গাজীপুরে একটি করে রয়েছে।এ ছাড়া জয়পুরহাটে পাঁচটি, নওগাঁয় সাতটি, রাজশাহীতে তিনটি, নাটোরে ছয়টি, পাবনায় একটি, বগুড়ায় চারটি, রংপুরে দুটি, লালমনিরহাটে একটি, গাইবান্ধায় নয়টি, পঞ্চগড়ে চারটি, ঠাকুরগাঁওয়ে চারটি, নীলফামারীতে ছয়টি, দিনাজপুরে একটি, চট্টগ্রামে ১১টি, সুনামগঞ্জে দুটি, হবিগঞ্জে একটি, যশোরে তিনটি, ঝিনাইদহে দুটি, খুলনায় দুটি, পিরোজপুরে দুটি এবং বাগেরহাট ও ভোলায় একটি করে বধ্যভূমি রয়েছে। উল্লেখ্য, এর আগে বিভিন্ন সময়ে এ পর্যন্ত দেশের ৩৫টি স্থানে বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণ করা হয়েছে।সমাধিস্থল সংরক্ষণেও গতি নেই: মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বধ্যভূমির পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণের জন্য প্রায় একই সময়ে আরেক উন্নয়ন প্রকল্প প্রস্তাব হাতে নেওয়া হয়। ‘শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল সংরক্ষণ ও উন্নয়ন’ শীর্ষক এই প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ধরা হয় ১২ কোটি টাকার কিছু বেশি। এ জন্য ১৭৯টি সমাধিস্থলও ঠিক করা হয়। কিন্তু এই প্রকল্পটিও অনুমোদন করা হয়নি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সারা দেশে মুক্তিযুদ্ধকালীন বধ্যভূমি ও গণকবর চিহ্নিতকরণ, শহীদদের নাম-পরিচয় সংগ্রহ এবং স্মৃতিস্তম্ভ নির্মাণ করার অঙ্গীকার করা হয়েছিল।