বধ্যভূমির সন্তান দল
মুক্তিযুদ্ধের শোক আর গৌরবের কথা সবাইকে জানাতে কাজ করছে মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্ট (মুক্তিযুদ্ধ জাদুঘর)। আবার মুক্তিযুদ্ধের নিদর্শন সংরক্ষণেও কাজ করছে তারা। এরই অংশ হিসেবে তারা মিরপুরে নির্মাণ করেছে জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠ। এই স্মৃতিপীঠ এখন মিরপুরের শহীদ পরিবারগুলোর পীঠস্থানে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ঘাতকদের নারকীয়তা আর মুক্তিসেনাদের সাহসিকতার কথা সেসব পরিবার জানাচ্ছে নতুন প্রজন্মকে।এ কাজে শহীদ পরিবারের বয়স্ক ব্যক্তিরা যেমন এগিয়ে এসেছেন, তেমনি এগিয়ে এসেছে শিশুরাও। গানে, কবিতায় তারা মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরছে বিভিন্ন অনুষ্ঠানে। শিশুদের এই কাজ হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে, যার নাম ‘বধ্যভূমি সন্তান দল’। দলটি গঠন করেছে মুক্তিযুদ্ধ স্মৃতি ট্রাস্ট (মুক্তিযুদ্ধ জাদুঘর)। সে কথাই বলছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্যালারি সমন্বয়ক কে এম নাসির উদ্দিন। তিনি জানান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বধ্যভূমি সন্তান দল গঠনের উদ্যোগ নেন। শহীদ পরিবারের নাতি-নাতনিরা যাতে দেশাত্মবোধক সংস্কৃতিচর্চা করে বড় হতে পারে, তার জন্য ২০০৮ সালে এটা প্রতিষ্ঠা করেন তিনি।বধ্যভূমি সন্তান দলে এখন ৩০ জন শিশু গান আর আবৃত্তিচর্চা করছে। মুক্তিযুদ্ধের সময় মিরপুরে শহীদ হয়েছেন এমন শহীদদের নাতি ও পুতি (নাতি-নাতনির সন্তান) তারা। এমনই একজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রাবিতা ইয়াসমিন। সে শহীদ বরকত আলী মোল্লার পুতি। রাবিতা জানায়, বধ্যভূমি সন্তান দলে এসে সে দেশের গান শিখছে।একটি সাংস্কৃতির গোষ্ঠীর মাধ্যমে শহীদ পরিবারের সন্তানেরা গান-আবৃত্তিচর্চার সুযোগ পাওয়ায় গর্ববোধ করেন শহীদ পরিবারের সদস্য রেহানা মোল্লা। তিনি বলেন, ‘আমরা শহীদ পরিবারের সন্তান হলেও দীর্ঘদিন প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত ছিলাম। এখন আমাদের ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে। এটা অবশ্যই ভালো একটা উদ্যোগ।’মিরপুরে মুক্তিযুদ্ধবিষয়ক কোনো অনুষ্ঠান হলেই ডাক পড়ে বধ্যভূমি সন্তান দলের। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশ নেয়। গত সোমবার মিরপুর মুক্ত দিবসে জল্লাদখানা বধ্যভূমিতে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করে বধ্যভূমি সন্তান দল। তাদের পরিবেশনার মধ্যে ছিল ‘শোন একটি মুজিবুরের তরে’, ‘নোঙ্গর তোলো তোলো’, ‘মোদের এই শিকল পরার ছল’ প্রভৃতি। বধ্যভূমি সন্তান দল বিভিন্ন টিভি চ্যানেলেও দেশাত্মবোধক গান ও আবৃত্তি পরিবেশন করেছে বলে জানান দলের প্রশিক্ষক তাসনিম তাওয়াজ তুসি। তিনি বলেন, আস্তে আস্তে দলটির নাম সব জায়গায় ছড়িয়ে পড়ছে। তাই অনেকেই অনুষ্ঠানের জন্য ডাকছে তাদের।তিনি আরও জানান, জল্লাদখানা বধ্যভূমি স্মৃতিপীঠের পাশেই একটি বাড়িতে গান ও আবৃত্তি শেখে দলের ৩০ জন শিশু। প্রতি বৃহস্পতি ও শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেখানে ক্লাস হয় তাদের। মিরপুরের শহীদ পরিবারের যেকোনো শিশু এই দলের সঙ্গে যুক্ত হতে পারে। তাই সামনে সদস্য আরও বাড়বে বলে তিনি জানান।