বন অধিদপ্তর ও পুলিশের অভিযানে ১৮৭টি বন্য প্রাণী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজ রোববার পুরান ঢাকার কাপ্তানবাজারের তিনটি দোকান থেকে ১৮৭টি বন্য প্রাণী উদ্ধার করেছে।উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে আছে আফ্রিকার প্রজাতির পাখি টিপনি গ্রে প্যারেট ৩৪টি, হল্যান্ডের থান্ডিয়াক কানুর প্রজাতির পাখি ৪১টি, ভারতের পাম হেডেড রিং নেক প্রজাতির ৬৫টি পাখি। এ ছাড়া দেশীয় প্রজাতির দুটি টিয়া, ৩০টি ময়না, একটি চড়ুই, ১৫টি ঘুঘু, একটি বেজি ও একটি বানর রয়েছে।বন সংরক্ষক তপন কুমার দে বলেন, ‘বনে বিরল, তবে বাজারে বিকায়’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হলে আজ সকাল নয়টার দিকে পুলিশের সহযোগিতা নিয়ে বন অধিদপ্তরের কর্মকর্তারা কাপ্তানবাজারের মুরগি পট্টির বিপরীতে মনির হোসেনের দোকানে অভিযান চালায়। এরপর পাশের আরও দুটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানের খবর পৌঁছলে অবৈধ বন্য প্রাণী বিক্রেতারা দোকান থেকে সটকে পড়ে। এরপর অভিযানকারী দল তিনটি দোকান থেকে লোহার খাঁচায় ভর্তি প্রায় ২০০ বন্য প্রাণী উদ্ধার করে আগারগাঁওয়ে বন ভবনের সামনে নিয়ে আসে। তিন দোকানি দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসব প্রাণী বিক্রি করে আসছিল।’বন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে আফ্রিকান ও ভারতের প্রজাতির বন্য প্রাণী গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে সংরক্ষণ করা হবে। আর উদ্ধার হওয়া দেশীয় প্রজাতির বন্য প্রাণীগুলো ছেড়ে দেওয়া হবে।বন সংরক্ষক তপন কুমার বলেন, অবৈধভাবে বন্য প্রাণী বিক্রির অভিযোগে অধিদপ্তরের পক্ষ থেকে মনির হোসেনসহ কাপ্তানবাজারের তিন দোকানির বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা দেওয়া হবে। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।