বন অপরাধের শাস্তি তিন বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনসংক্রান্ত অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান রেখে বন আইন (সংশোধন), ২০১০-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। আগে এই অপরাধের শাস্তি ছিল ছয় মাসের কারাদণ্ড। এ ছাড়া সংশোধিত আইনে বনের গাছ কাটলে জরিমানা দুই হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ খসড়া অনুমোদন করা হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, সংশোধিত আইনে বন ও ঘোষিত বনাঞ্চলের সংজ্ঞা সংযোজন করাসহ আইনের ২৪টি ধারা সংশোধন করা হয়েছে। এ ছাড়া বনের ভূমি ইজারা দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, বনাঞ্চল রক্ষায় যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। তিনি বন রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, সংশোধিত আইন অনুযায়ী যেসব বন এখনো সংরক্ষিত ঘোষণা করা হয়নি, সেগুলো সংরক্ষণের জন্য আইনের আওতায় আনতে একটি ধারা প্রতিস্থাপনসহ নতুন অধ্যায় সংযোজন করা হবে। এ ছাড়া আইনে বলা হয়েছে, বন অপরাধে আটক করা বনজ দ্রব্য খোলা আকাশের নিচে বেশি দিন থাকার কারণে নষ্ট হয়ে যায়। তাই এ বনজ দ্রব্য দ্রুত বিক্রি করতে হবে। বন মামলা পাওয়ার পর আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম শুরুর সময়সীমা উল্লেখ করতে হবে। সংশোধনীতে সেবা এবং বিনোদনমূলক স্থাপনা ব্যবহারের বিনিময়ে রাজস্ব আদায় আইনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।প্রেস সচিব আরও জানান, মন্ত্রিসভার বৈঠকে বার কাউন্সিল আইন, ২০১০-এর খসড়াও অনুমোদন করা হয়। এ আইন অনুযায়ী বার কাউন্সিলের সদস্যরা একাধিকবারের সদস্য হতে ও সব বারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আগে তাঁরা শুধু একবার ভোট দিতে পারতেন।বৈঠকে গত ২২ থেকে ২৪ আগস্ট ভুটানে অনুষ্ঠিত সার্কভুক্ত দেশের অর্থমন্ত্রী ও অর্থসচিবদের চতুর্থ সভার কার্যক্রম-সম্পর্কিত প্রতিবেদন মন্ত্রিসভায় অবহিত করা হয়। এ ছাড়া ২১ থেকে ২৪ অক্টোবর বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের ভারত সফরের বিষয়েও মন্ত্রিসভায় অবহিত করা হয়।