বন উজাড় বন্ধ করতে সরকারকে বাপার আহ্বান
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহসভাপতি এ এস এম শাহজাহান বলেছেন, ‘বিভিন্ন স্বার্থান্বেষী মহল যেভাবে দেশে বন উজাড় করছে তাতে আমরা উদ্বিগ্ন। তাই পরিবেশ রক্ষার স্বার্থে সরকারকে দ্রুত বনাঞ্চল রক্ষায় পদক্ষেপ নিতে হবে।’আজ শুক্রবার সকালে শাহবাগ জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশে এ এস এম শাহজাহান এ কথা বলেন। তিনি বনদস্যুদের হাত থেকে দেশের বনাঞ্চলকে রক্ষা করতে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।বাপার উদ্যোগে গাজীপুর ভাওয়াল বন থেকে সব শিল্প কারখানা অপসারণ, বনাঞ্চলে স্থাপনা নির্মাণ বন্ধ, সারা দেশে নির্বিচার গাছ কাটা বন্ধের দাবিতে ওই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জানান, গত দুই দশকে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের মধ্যে প্রায় ৩০০ শিল্প কারখানা স্থাপন করা হয়েছে। ১২ হাজার ৪৩৫ একর বিস্তৃত এই বনে কোনো প্রকার স্থাপনা নির্মাণ, কল-কারখানা স্থাপন সম্পূর্ণ বেআইনি। স্থাপিত শিল্পপ্রতিষ্ঠানগুলো ১৯৯৯ সালের রাষ্ট্রপতির জারিকৃত আদেশ ও বাংলাদেশ সরকারের বন্য প্রাণী সংরক্ষণ আইন ১৯৭৪-এর সুস্পষ্ট লঙ্ঘন করেই স্থাপন করা হয়েছে। গাছ কাটার ফলে জাতীয় উদ্যানের অনেক মূল্যবান গাছপালা ও বন্য প্রাণী এর মধ্যে অপসারিত বা বিলুপ্ত হয়েছে। বর্তমান ও সাবেক কোনো সরকারই এসব স্থাপনা নির্মাণ বন্ধে বাধা দেয়নি। অথচ ২০১০ সালে সারা বিশ্বে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ বর্ষ হিসেবে পালিত হচ্ছে। বাপার সহসভাপতি এ এস এম শাহজাহানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলনের আঞ্চলিক সমন্বয়ক ফাদার জোসেফ গোমেজ, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের আশরাফ আমিরউল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি।