বন ছেড়ে লোকালয়ে বন্য প্রাণী
মৌলভীবাজারে বনাঞ্চল থেকে বন্য প্রাণীর লোকালয়ে বেরিয়ে আসার ঘটনা বেড়ে গেছে। প্রায়ই স্থানীয় লোকজনের হাতে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ধরা পড়ছে। বন ধ্বংস, বনাঞ্চলে মানুষের অবাধ প্রবেশ ও বনে খাদ্য সংকটের কারণে বন্য প্রাণীরা বন থেকে বেরিয়ে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিট কর্মকর্তা চন্দন মজুমদার প্রথম আলোকে বলেন, সম্ভবত খাদ্যের সন্ধানেই প্রাণীগুলো বন থেকে বের হয়ে আসছে। আগে বনে ফলের গাছ থাকত। এখন শাল-সেগুনে ভর্তি। ফলের গাছ নেই।বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি বড়লেখার পানিধার এলাকায় এলাকাবাসীর হাতে একটি মায়া হরিণ ধরা পড়ে। পরদিন ঘোলষা এলাকাবাসীর পাতা ফাঁদে ধরা পড়ে একটি মেছো বাঘ। ৪ ফেব্রুয়ারি চান্দেরগুল এলাকায় একটি মেছো বাঘ ফাঁদে আটকা পড়ে। ১৭ ফেব্রুয়ারি বড়লেখা পৌর এলাকার মহবন্দ থেকে লোকজন একটি মায়া হরিণ আটক করে। পরে বন বিভাগ প্রাণীগুলোকে মাধবকুণ্ড এলাকার বনে অবমুক্ত করে।সূত্র জানায়, ৩০ জানুয়ারি মৌলভীবাজার পৌর এলাকা থেকে একটি লক্ষ্মীপেঁচা উদ্ধার করা হয়। গত বছরের ২৮ আগস্ট মৌলভীবাজার শহরে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের কাছে একটি গাছে তিনটি চশমা পরা হনমুান আশ্রয় নেয়। পরে বন বিভাগ হনুমানগুলোকে বনে ফিরে যাওয়ার ব্যবস্থা করে। গত বছরের ৭ মে মৌলভীবাজার শহরতলির বর্ষিজোরা এলাকার লোকজন একটি মায়া হরিণ আটক করে।শ্রীমঙ্গলে ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত সীতেশ রঞ্জন দেবের চিড়িয়াখানা বা বন্য প্রাণীর সেবাশ্রম সূত্র জানায়, গত বছরের ফেব্রুয়ারি থেকে গত জানুয়ারি মাস পর্যন্ত মানুষের হাতে আটক অনেক ধরনের বন্য প্রাণী সেবাশ্রমে আনা হয়েছে। সেগুলোকে চিকিৎসা ও শুশ্রূষা শেষে লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল ও হাকালুকি হাওরে অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণীগুলোর মধ্যে রয়েছে ২১টি পাখি, চারটি সোনালি বাঘ, পাঁচটি অজগর, তিনটি গন্ধগোকুল, একটি বাগা বগলা, তিনটি বাদামি বানর, দুটি ভারতীয় বাদামি বানর, ছয়টি লজ্জাবতী বানর, দুটি বনবিড়াল, ৫০০ কাঁকড়া, একটি পানোক সাপ, একটি দাঁড়াশ, দুটি ইগল, চারটি কচ্ছপ, দুটি স্পটেড কচ্ছপ ও একটি রাজ কোবরা। এ ছাড়া গত সপ্তাহে দুটি বাংলা শকুন, একটি দাঁড়াশ সাপ, একটি মেছো বাঘ, দুটি সোনালি বাঘ, তিনটি লক্ষ্মীপেঁচা সেবাশ্রমে আনা হয়েছে।বন্য প্রাণী সংরক্ষক সীতেশ রঞ্জন দেব বলেন, খাদ্যের খোঁজে বন্য প্রাণীরা বাইরে এসে মানুষের হাতে আক্রান্ত হচ্ছে।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, গত বছরের অক্টোবর থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বন বিভাগ লাউয়াছড়া বনে দুটি বানর, দুটি লজ্জাবতী বানর, চারটি মেছো বাঘ, পাঁচটি অজগর, একটি কিং কোবরা, তিনটি গন্ধগোকুল, তিনটি বনবিড়াল, দুটি সোনালি বিড়াল, ছয়টি ঘুঘু, ৪৫টি বক, একটি পেঁচা, একটি বালিহাঁস, দুটি কচ্ছপ, ১০০টি কাঁকড়া, ৫০টি শামুক ও ৫০টি কুচিয়া অবমুক্ত করেছে।বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মেছো বাঘ মূলত হাওর এলাকায় থাকে। হাওরে একসময় প্রচুর গাছপালা ছিল। বর্ষার সময় হাওরে মানুষ খুব বেশি যায় না। কিন্তু শুকনো মৌসুমে হাওরের পানি শুকিয়ে গেলে মানুষের আনাগোনা বেড়ে যায়। তখন নিরাপত্তার অভাবে মেছো বাঘ নানাদিকে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, বনভূমির পাশেই চা-বাগান। চা-বাগানের পরিবেশও প্রায় বনের মতো। একই ধরনের পরিবেশ দেখে হরিণ দলছুট হয়ে বন থেকে বেরিয়ে পড়ে। এ ছাড়া শীতের সময় বনের ছড়ায় (খালে) পানি থাকে না। তাই বন্য প্রাণীর সমস্যা হয়।এলাকাবাসী সূত্র জানায়, বনদস্যুদের থাবায় বড়লেখার সংরক্ষিত বনগুলো উজাড় হতে চলছে। এসব বনে প্রচুর মেছো বাঘ, মায়া হরিণ, গন্ধগোকুল, বাঘদাস, বনবিড়াল, বনমোরগ, গুইসাপ, খরগোশ, লক্ষ্মীপেঁচাসহ বিভিন্ন জাতের পশুপাখি দেখা যেত। কিন্তু এখন আর আগের অবস্থা নেই। ঘন বন নেই, নেই বন্য প্রাণীর অবাধ বিচরণ। ক্ষুধার তাড়নায় প্রায়ই বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে।পরিবেশ অধিদপ্তরের সদ্য বিলুপ্ত উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের কুলাউড়া কার্যালয়ের বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ প্রথম আলোকে বলেন, মৌলভীবাজারের বিভিন্ন পাহাড়ি বনাঞ্চলের পাশাপাশি হাকালুকি হাওর এলাকার হিজল-করচের ঝোপে বেশ কিছু বন্য প্রাণী আছে। এসব বন্য প্রাণী বুনো ফল, পোকামাকড়, পাখির ছানা, পাখির ডিম, ছোট মাছ, কাঁকড়া ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। আবাসস্থল নষ্ট হলে স্বাভাবিকভাবেই খাদ্যাভাব দেখা দেবে। এ কারণেই বন্য প্রাণীরা লোকালয়ে চলে আসছে। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহবুবুর রহমান বলেন, ‘বন্য প্রাণীদের লোকালয়ে নেমে আসার প্রবণতায় আমরা উদ্বিগ্ন। বন রক্ষায় স্থানীয় লোকজনের উদ্যোগী হওয়া ছাড়া বিকল্প কিছু নেই।’