বন বিভাগের প্রতিবাদ, ডব্লিউটিবির ব্যাখ্যা
গত ২৪ নভেম্বর প্রথম আলোতে ‘চার বছরে বাঘ কমেছে ৬৯ শতাংশ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বন বিভাগ। এতে বলা হয়েছে, বন বিভাগ ও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশের (ডব্লিউটিবি) যৌথ উদ্যোগে করা জরিপের বরাত দিয়ে তথ্যটি প্রকাশ করা হয়েছে। খাল জরিপের মাধ্যমে সুন্দরবনের বাঘের সংখ্যা নির্ধারণ করার পদ্ধতিটি এখনো বৈজ্ঞানিকভাবে পৃথিবীর কোথাও স্বীকৃতি পায়নি। পরীক্ষামূলকভাবে পদ্ধতিটি শুধু বাঘ পরিবীক্ষণ করতে বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে।তবে এই পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক ও দেশি বিশেষজ্ঞ মহলে আপত্তি রয়েছে। বাঘ পর্যবেক্ষণে বন বিভাগের সঙ্গে ডব্লিউটিবি গত এপ্রিলে খাল জরিপের উদ্যোগ নেয়। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও আগাম বর্ষা মৌসুমের কারণে খাল জরিপ কাজটি পরিত্যক্ত ঘোষণা করে বন বিভাগ ও ডব্লিউটিবি। এরপর যৌথ সভায় আগামী বছরের জানুয়ারিতে পুনরায় খাল জরিপের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। সুন্দরবনে ফেব্রুয়ারিতে জোয়ারের উচ্চতা বেড়ে যাওয়ায় খালের পাড়ে বাঘের পায়ের ছাপ দেখা যায় না। ডব্লিউটিবির একক মনগড়া অসত্য তথ্যের ওপর ভিত্তি করে সমীক্ষাটি ছাপা হয়েছে। এর সঙ্গে বন বিভাগের কোনো সম্পৃক্ততা নেই।প্রতিবেদনে প্রতিবছর কমপক্ষে ১০ হাজার হরিণ শিকার হওয়ার তথ্যটিও বস্তুনিষ্ঠ ও গ্রহণযোগ্য নয় উল্লেখ করে প্রতিবাদে বলা হয়েছে, একাধিকবার বন বিভাগ ডব্লিউটিবিকে সতর্ক করেছে। ‘একজনের হাতেই ২৭ বাঘ শিকার’ শীর্ষক তথ্যটিও কাল্পনিক ও বানোয়াট। সুন্দরবনে এ ধরনের কোনো জরিপ পরিচালিত হয়নি।সুন্দরবনে বাঘ সংরক্ষণের বিষয়ে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যখন এগিয়ে এসেছে, তখন এ ধরনের নেতিবাচক সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত—এ মন্তব্য করে প্রতিবাদপত্রে বলা হয়, এ ধরনের অসত্য ও ভিত্তিহীন খবর প্রকাশ করে আন্তর্জাতিক সহায়তা বন্ধ করার একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্ত দেশবাসী মেনে নেবে না।ডব্লিউটিবির বক্তব্য: প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বন বিভাগের প্রতিবাদ পাঠানোর পাশাপাশি ডব্লিউটিবি থেকেও একটি বক্তব্য দেওয়া হয়। এতে বলা হয়েছে, বাঘ আছে এমন দেশগুলোর বেশির ভাগই খাল জরিপ পদ্ধতিতে বাঘের সংখ্যার পরিবর্তন চিহ্নিত করে। রাশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতে নিয়মিতভাবে এ পদ্ধতিতে বাঘের সংখ্যা নির্ধারণ হয়ে থাকে।ডব্লিউটিবির ব্যাখ্যায় বলা হয়, এপ্রিলে মাত্র তিন দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পরে বাঘের পায়ের ছাপ জরিপ করা হয়েছে। এ ছাড়া জরিপ শেষ হওয়ার পর ওই খালগুলোতে আবারও পুনঃপরীক্ষণ করা হয়। খাল পাড়ে আসা প্রতিটি বাঘকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) দিয়ে চিহ্নিত করা হয়েছে। ফলে কোনো স্থানে বাঘ এলে তার পায়ের ছাপ ছাড়াও জিপিএসের মাধ্যমে তা চিহ্নিত করা গেছে।গবেষণার ফলাফলে বলা হয়, ২০০৭ সালের প্রথম জরিপে সুন্দরবনের এক হাজার ২০১ কিলোমিটার খালের ৬৫টি স্থানে এক হাজার ৩৩৮টি বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। ২০০৯ সালে এক হাজার ২০৭ কিলোমিটার খালে এক হাজার ৬৬৫টি, ২০১০ সালে এক হাজার ৫৩ কিলোমিটার খালে পায়ের ছাপের সংখ্যা কমে হয় ৬৭৫টি এবং ২০১১ সালে ৯২৩ কিলোমিটার এলাকায় পায়ের ছাপের সংখ্যা আরও কমে হয় ৫৫৬। সর্বশেষ ২০১২-তে ৮৫৬ কিলোমিটার খালের ৫৩টি স্থানে জরিপ চালিয়ে বাঘের পায়ের ছাপ পাওয়া যায় মাত্র ২২৪টি।২০০৭ থেকে শুরু করে ২০১২ সাল পর্যন্ত প্রতিটি জরিপ করা খালের মধ্যে মোট ৫২টি স্থান অভিন্ন ছিল। ওই একই খালগুলোর জরিপ ফলাফলে দেখা গেছে, ২০০৭ সালে পায়ের ছাপ ছিল ৯২৪টি, ২০০৯ সালে এক হাজার ১১৫টি, ২০১০ সালে তা কমে ৪৯৩, ২০১১ সালে কিছুটা কমে ৪৪৯ এবং সর্বশেষ ২০১২ সালে ২২৪টিতে নেমে এসেছে।