বনবিড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখা হয়ে গেল হঠাৎ করেই। দিনের আলো তখন ভালো করে ফোটেইনি। খুব ভোর। গাজীপুরের পুবাইলের একটি বাড়ির পাশের ঝোপের ধারে। মা তার তিন ছানাকে সঙ্গে নিয়ে বেরিয়েছে খাবারের খোঁজে। ওই ঝোপঝাড়েই তাদের আস্তানা। তারা বনবিড়াল। পুবাইলের লোকেরা এদের বলে ‘বাড়াল’। বাড়ির মালিক কামাল মাহমুদ জানালেন, জঙ্গলে এরা বেশ নিরাপদেই আছে। প্রতিবছরই বনবিড়ালটি বাচ্চা দিচ্ছে। কিন্তু সব জায়গায় অবস্থা এমন নয়। একসময় আমাদের দেশের প্রায় সব অঞ্চলেই গ্রামীণ বনবাদাড়ে, নলখাগড়ার ঝোপঝাড়ে বনবিড়ালের আবাস ছিল। বনবিড়াল দেখতে পোষা বিড়ালের মতো হলেও আকারে বড়, ওজনেও দ্বিগুণ। এরা যথেষ্ট শক্তিশালী। গায়ের রং ধূসর বাদামি। লেজ ও হাঁটুর ওপর কালো ডোরা দাগ আছে। লেজের শেষভাগে কালো লোম। কোথাও কোথাও বনবিড়াল ‘ওয়াপ’ নামে পরিচিত। বনবিড়ালের বৈজ্ঞানিক নাম Felis chaus, ইংরেজি নাম Jungle Cat।বনবিড়াল নিশাচর। তবে অনেক সময় খুব ভোরেও এরা নিরাপদ জায়গায় খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। সাধারণত ইঁদুর ও কীটপতঙ্গ খেতে পছন্দ করে। সে কারণে পরিবেশ রক্ষায়, বিশেষ করে ইঁদুর দমনে বনবিড়ালের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক খাবারে টান পড়লে বনবিড়াল অনেক সময় গেরস্তবাড়ির মুরগির ঘরে হানা দিয়ে হাঁস-মুরগি শিকার করে। সুযোগ পেলে কবুতরের খোপেও হানা দেয়। এতে করে গেরস্তরা বনবিড়ালের ওপর চটে থাকেন। বাগে পেলে পিটিয়ে মেরে ফেলেন। বনবিড়াল বছরে তিন থেকে পাঁচটি বাচ্চা দেয়। এরা ধূর্ত প্রকৃতির, তবে হিংস্র নয়। মানুষের অস্তিত্ব টের পেলেই ছুটে পালিয়ে যায়। তার পরও প্রায়ই শেষরক্ষা হয় না। লোকজন লাঠিসোঁটা নিয়ে হত্যার উন্মাদনায় পিছু ধাওয়া করেন। বিশেষ করে বনবিড়ালের বাচ্চা পেলেই তাঁরা মেরে ফেলেন। একদিকে গ্রামীণ বন উজাড়ের ফলে আবাস ও খাদ্যের সংকট তো আছেই, তার ওপর লোকজনের সহিংসতার শিকার হয়ে বনবিড়ালের অস্তিত্ব অতিবিপন্ন হয়ে পড়েছে সারা দেশেই। যে হারে তাদের মেরে ফেলা হচ্ছে, তাতে হয়তো বিলুপ্তও হয়ে পড়বে একসময় প্রাণীটি।