বনমোরগের ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুলাইয়ের এক পড়ন্ত বিকেলে হাঁটতে বেরিয়েছি। ২০০৫ সালের কথা। আমি তখন কুয়ালালামপুরে ‘ইউনিভার্সিটি অব মালয়া’তে পিএইচডি করছি। ক্যাম্পাসের ভেতরেই সপরিবারে থাকি। আমাদের ফ্ল্যাটটা একটা টিলার ওপর। পাশেই একপ্রস্থ জঙ্গল, যা পেছনের বড় জঙ্গলের সঙ্গে মিশে গেছে। জঙ্গলে সাপ, গুইসাপ, বানর, পাখি ও অন্যান্য বন্য প্রাণী বেশ আছে। বাসা থেকে টিলার ঢাল বেয়ে নিচে নামছি। ঠিক যখন মাঝামাঝি এসেছি, তখন মুরগির কক্ কক্কক্ কক্ শব্দে থমকে দাঁড়ালাম। চিল দেখলে ছানাদের রক্ষার জন্য মুরগি যেভাবে ডাকে, এটাও সেভাবেই ডাকছিল। আশপাশ থেকে দ্রুত কিছু একটা সরে যাওয়ার শব্দ পেলাম। সতর্ক দৃষ্টিতে চারপাশটা দেখতে দেখতে একটু এগিয়ে গেলাম। যা দেখলাম, তাতে চক্ষুস্থির। এমন সুযোগ হাতছাড়া করা যায় না। দৌড় দিলাম বাসার দিকে। সময় গেল তিন-চার মিনিটের মতো। ক্যামেরা হাতে ছুটতে ছুটতে ভাবছিলাম, ফিরে এসে পাব কি না। ভাগ্য ভালোই বলতে হবে। এসে শুনতে পেলাম কক্ কক্ শব্দ। যতটা সম্ভব নিঃশব্দে শব্দের উৎসটির কাছে চলে গেলাম, যেখানে আমার চোখ স্থির হয়েছিল। হুঁ, এখনো সে চুপটি করে বসে আছে। সঙ্গে সঙ্গে ক্লিক-ক্লিক-ক্লিক।সুন্দর এক শিশুর ছবি তুললাম। বয়স দুই দিনের বেশি হবে না। মায়াবী চোখ; কী তার চাহনি! চোখে কে যেন কাজল টেনে দিয়েছে, যা চোখের পেছন পর্যন্ত চলে গেছে। দেহের পালকের রঙে হলদে ও বাদামির মিশ্রণ। মাথার ওপর থেকে পিঠ পর্যন্ত একটা কালচে-খয়েরি মোট দাগ। পিঠে কালচে-খয়েরি ও হলদে-বাদামির ডোরা। আমি আর লোভ সামলাতে পারলাম না। ছানাটিকে খপ করে ধরে হাতের তালুতে নিয়ে যে-ই না আদর করতে যাব, অমনি কক্ কক্ শব্দে তার মা উড়ে এসে আমার গাল ঘেঁষে সামনে গিয়ে পড়ল। আর ছানাটি হাত থেকে পড়ে গিয়ে দিল দৌড়। ঘটনার আকস্মিকতায় আমি খানিকটা হতবিহ্বল। আরেকটু হলেই আমার গালে তার নখের আঁচড় লাগত। এবার দেখলাম, আশপাশ থেকে আরও তিনটি ছানা বেরিয়ে এসে মায়ের সঙ্গে যোগ দিল। দেরি করলাম না, জঙ্গলে গা ঢাকা দেওয়ার আগে বেশ কিছু ছবি তুলে ফেললাম ওদের।এতক্ষণ যাদের কথা বললাম, তারা হলো লাল বনমোরগের (Red Jungle Fowl) ছানা। মালয়েশিয়ায় চার বছর অবস্থানকালে আমি বহুবার এদের দেখেছি। ছবিও তুলেছি বেশ কবার। বাংলাদেশে প্রথমবার বনমোরগ দেখেছিলাম ১৯৮৭-তে। এরপর বিভিন্ন সময়ে সুন্দরবন, মৌলভীবাজার ও বান্দরবানে দেখেছি ও ছবি তুলেছি। তবে ছানাসহ প্রথমবার দেখি ২০১০-এর ডিসেম্বরে। বান্দরবানের এক উঁচু পাহাড়ে চারটি ছানাসহ (একটি ছেলে ও তিনটি মেয়ে) একটি বনমুরগি ও একটি বনমোরগ চড়ে বেড়াচ্ছিল। গাছের আড়াল থেকে কয়েকটা শট নিতে পেরেছিলাম। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে গেল। প্রাকৃতিক পরিবেশে বনমোরগের ডাক শুনে থাকলেও খুব কম আলোকচিত্রীরই সৌভাগ্য হয়েছে এদের ছবি তুলতে। আর ছানার ছবি কেউ তুলেছেন বলে আমার জানা নেই।আমাদের বনমোরগের বৈজ্ঞানিক নাম Gallus gallus murghi. গৃহপালিত মোরগ-মুরগির উৎপত্তি লাল বনমোরগ থেকেই। তবে এ নিয়ে মতভেদ আছে। এ দেশে একসময় প্রায় সব ধরনের বন-জঙ্গলেই এদের দেখা যেত। কিন্তু ব্যাপক শিকারের কারণে আশঙ্কাজনকভাবে এরা কমে গেছে। আদিবাসীদের কারণে পাহাড়ি বনেও এরা প্রায় বিলুপ্তির পথে। এখনো পার্বত্য চট্টগ্রামের কোনো কোনো হাটবাজারে বনমোরগ বিক্রি হয়। তবে সিলেটের চা-বাগান ও সুন্দরবনে এরা মোটামুটি ভালো অবস্থায় আছে।বনমোরগ-মুরগি একাকী, জোড়ায় বা ছোট দলে ঘুরে বেড়ায়। মাটি থেকে কুড়িয়ে বিভিন্ন শস্যদানা, ঘাসের গোড়া, কীটপতঙ্গ, ফল এসব খায়। খুব ভোরে ও সন্ধ্যার আগে আগে বনের পাশের খোলা জায়গায় খাবার খেতে আসে। রাত কাটায় উঁচু গাছের ডালে বা বাঁশঝাড়ে। সামান্য শব্দে ভীত হয়ে উড়ে গিয়ে বসবে গাছের মগডালে। পালানোর সময় পোষা মুরগির মতোই কক্ কক্ করে ডাকে। জানুয়ারি থেকে অক্টোবর প্রজননকাল। বনের নির্জন স্থানে পায়ের নখ আঁচড়িয়ে মাটিতে সামান্য গর্ত করে তাতে বনমুরগি শুকনো ঘাস ও কাঠিকুটি বিছিয়ে বাসা বানায়। ডিম পাড়ে পাঁচ-ছয়টি; রং হালকা থেকে গাঢ় বাদামি। ডিম ফোটে ২০-২১ দিনে। ফোটার অল্প কিছুক্ষণের মধ্যেই ছানাগুলো বাসা ছাড়ে ও মায়ের সঙ্গে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে।