বনশ্রীতে গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরায় বনশ্রীর একটি বাসা থেকে আজ সোমবার দুপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম রাফানা আক্তার বীথি (২৪)।রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক জানান, বীথি স্বামীর সঙ্গে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর রোডের একটি বাড়িতে থাকতেন। গতকাল থেকে বীথি ও তাঁর স্বামীর কোনো সাড়া-শব্দ না পাওয়ায় এবং ভেতর থেকে দরজা বন্ধ থাকায় বাড়িওয়ালা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে বেড রুম থেকে বীথির লাশ উদ্ধার করে। এ সময় তাঁর নাকে ও ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। পাশে কিছু ঘুমের ওষুধ ও একটি চিঠি পাওয়া যায়। চিঠিতে আত্মহত্যার কথা লেখা ছিল। তবে এটা কী হত্যা না আত্মহত্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বীথির বোনের স্বামী আসাদুজ্জামান বলেন, এক বছর আগে বখতিয়ার চৌধুরী নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে বীথির কোনো যোগাযোগ ছিল না।ওই বাড়ির দারোয়ানের বরাত দিয়ে পুলিশ জানায়, বখতিয়ার চৌধুরী গতকাল রাত সাড়ে ১০টায় বের হয়ে যান। পরে আর বাসায় ফেরেননি।