বনস্পতির ছায়া দিলেন সারা জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর প্রতিনিধি যখন তাঁর বাড়িতে গেলেন জীবনবৃত্তান্ত জোগাড় করতে, কিছুটা আঁচ করতে পারলেন। দুদিন পর যখন দু-তিনজন তরুণ তাঁর বাড়িতে হাজির ভিডিও ক্যামেরা হাতে, অনেকটাই নিশ্চিত কিছু একটা ঘটতে যাচ্ছে। আর ১১ জুন, গ্রামীণফোন-প্রথম আলো ক্রীড়া পুরস্কারের ২০১১ পর্বে আজীবন সম্মাননা প্রাপকের নাম ঘোষণার মুহূর্তে পর্দায় তাঁর ছবি ভাসতেই সৈয়দ আলতাফ হোসেন বুঝে গেলেন তিনিই পুরস্কার বিজয়ী। চোখে নামল আনন্দাশ্রু। বুকে জাগল সুখের মতো ব্যথা।পুরস্কার প্রাপ্তির এত দিন পরও এই আনন্দানুভূতি তাঁকে ঘিরে আছে। পুরান ঢাকার সাতরওজার চারতলা সাদা বাড়িটিতে প্রতিটি মুহূর্তই যেন আনন্দবাসর। পাশেই বিয়ে হওয়া বড় মেয়ে ফাতেমা সিরাজী তাঁর দুই ছেলে ফারহান-ফারজাদকে নিয়ে চলে আসেন সুযোগ পেলেই। সাভারে থাকা ছোট মেয়ে কানিজ জাহরা, নাতি তৌহিদেরও উপস্থিতি থাকে, যদিও সেটি টেলিফোনেই বেশি। একমাত্র ছেলে সৈয়দ মোহাম্মদ মেহেদির দুই সন্তান কামরান ও সারাহ তো স্কুলের সময়টা বাদ দিয়ে দাদার সঙ্গেই খুনসুটিতে মেতে থাকে। আলতাফ হোসেনের ঘরটা যেন চাঁদের হাট। সে দিন দুপুরে এই চাঁদের হাটেই গিয়ে পড়লাম আমি। উদ্দেশ্য ছিল, প্রথম আলোর ক্রীড়া বিভাগ থেকে তাঁকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানানো। আমি আর শুভেচ্ছা জানাব কী? আলতাফ হোসেন আগেই শুভেচ্ছাস্রোতে ভাসিয়ে দিলেন গ্রামীণফোন-প্রথম আলোকে, ‘আমি এই পুরস্কার পেয়ে গর্বিত, কৃতজ্ঞ, অভিভূত, ধন্য। এ আমার জীবনের অনেক বড় পাওয়া।’ আরও কী সব বলতে যাচ্ছিলেন ৭৪ বছর বয়সী দীর্ঘ শরীরের প্রবীণ। খুব বেশি দূর যেতে পারলেন না। ক্রমশ আর্দ্র হয়ে কণ্ঠ গেল থেমে, দুচোখের কোনেও কী বাষ্পের আভাস! আলতাফ হোসেনের একমাত্র ছেলে, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের চাকুরে সৈয়দ মেহেদি এর মধ্যে পুরোনো ফাইল ঘেঁটে এক খণ্ড পেপার কাটিং নিয়ে আসেন। দৈনিক ডনের ১৯৬৫ সালের মার্চের কোনো এক সকালে ছিল তাঁর প্রিয় ‘পাপার’ সেই শুভ সংবাদটি, নিউজিল্যান্ড দলের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন পূর্ব পাকিস্তানের মিডিয়াম ফাস্ট বোলার সৈয়দ আলতাফ হোসেন। যে দলের অধিনায়ক ‘লিটল মাস্টার’ হানিফ মোহাম্মদ। আলতাফ নয়, লেখা হয়েছে ইলতাফ হোসেন। ছাপার ভুল। কিন্তু এটা অভ্রান্ত যে আলতাফ হোসেনই পাকিস্তানের টেস্ট স্কোয়াডে নাম তোলা প্রথম বাঙালি ক্রিকেটার। তাঁর ক্রিকেট এক পা, দুই পা করে এগিয়ে গেছে লালবাগের রহমতউল্লাহ স্কুল থেকে নিউ গভর্নমেন্ট স্কুল (এখন আরমানিটোলা সরকারি বালিকা বিদ্যালয়) হয়ে কায়েদে আজম কলেজের (অধুনা সোহরাওয়ার্দী কলেজ) চত্বরে। মূলত ডানহাতি পেসার, তবে ব্যাটিংয়ের হাতটাও ভালো ছিল। ঢাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব, ওয়ান্ডারার্স, পিডব্লুডি, ইস্ট পাকিস্তান জিমখানা ও শান্তিনগরের হয়ে বোলিং-ব্যাটিংয়ে ময়দান কাঁপিয়েছেন ১৯৫৪ থেকে সত্তরের দশক পর্যন্ত। বাবা সৈয়দ আখতার হোসেনের মতো ফুটবলও খেলতেন। বাস্কেটবলও খেলেছেন দাপটের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলেছেন আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেটে। ১৯৬১ থেকে ১৯৬৯ পর্যন্ত পূর্ব পাকিস্তান ক্রিকেট দলের হয়ে খেলেছেন কায়দে আজম ও আইয়ুব ট্রফিতে। এসব খেলার দুর্দান্ত পারফরম্যান্সই জায়গা করে দেয় পাকিস্তানের টেস্ট স্কোয়াডে, যদিও টেস্ট খেলার সৌভাগ্য হয়নি। ১৯৭০ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিযুক্ত আম্পায়ার হয়ে পরিচালনা করেছেন প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচও। ১৯৭৩ সালে নিযুক্ত হন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট কোচ। সেখানেই কেটে গেছে তাঁর ২৫টি বছর। আর এই সুবাদে বাংলাদেশের ক্রিকেটের নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে পেরেছেন নিজেকে। প্রায় সময়ই তিনি প্রেষণে যুক্ত থাকতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। ১৯৯০ সালে এশিয়া কাপে কোচ ছিলেন বাংলাদেশ দলের। বাংলাদেশের মহিলা ক্রিকেটের পত্তনও তাঁর হাতে। ১৯৮২ সালে ঢাকা আবাহনী দল নিয়ে গিয়েছিলেন কলকাতার ইডেন গার্ডেনে। ১৯৯৭ সালে তাঁকেই বাংলাদেশ মহিলা দল গড়ে তোলার ভার দেয় বিসিবি। ২০০৬ পর্যন্ত এই দায়িত্বে থেকে ভিত গড়েছেন এ দেশের নারী ক্রিকেটের। নিরহংকার, সদা বিনয়ী মানুষটি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন এর আগেই, ১৯৯৯ সালে। ২০০৯ সালে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে আলতাফ হোসেন প্রায় না ফেরার দেশেই চলে গিয়েছিলেন। এখন সুস্থ, কিন্তু এই রোগ কেড়ে নিয়েছে তাঁর শ্রবণশক্তির অনেকটাই, স্মৃতি শক্তিরও। কথা বলতে হয় একটু জোরে, স্মৃতিটা ধরিয়ে দিলে মনে করতে পারেন। যেমন স্মৃতির মধ্যে ডুবে গেলেন হুগলির কথা শুনে। জন্ম পশ্চিমবঙ্গের হুগলিতে। মনে পড়ে স্কুলের মাঠে ক্রিকেট-ফুটবলে মেতে ওঠার সেই শৈশবের দিনগুলো। শামসুর সঙ্গে (খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল হক) বন্ধুত্ব। তবে ওই সময়টার এক পিঠে যদি আনন্দ থাকে, অন্য পিঠটি শুধুই বেদনার। বাবা চাকরি করতেন ব্রিটিশ ইন্ডিয়া শিপিং কোম্পানিতে। ১৯৪৭ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় দাঙ্গাবাজেরা বাবাকে মেরে ফেলে দেয় নদীতে। দুই বড় ভাইও হয় দাঙ্গার বলি। অসহায় মা মাসুমা খানম তাঁকে নিয়ে চলে আসেন ঢাকায়। আশ্রয় নেন দূর সম্পর্কের আত্মীয় নওয়াব বাড়িতে। পরে ওই নওয়াব সৈয়দ আলী আহমদের কন্যা এখতারান বেগমের সঙ্গে বিয়ে হয় আলতাফ হোসেনের। আলতাফ হোসেনের জীবনের ধ্রুবতারা এই দুই নারী—জান্নাতবাসিনী মা মাসুমা খানম আর স্ত্রী এখতারান বেগম। একসময় বিদায় নেওয়ার সময় আসে। উঠে পড়ি সোফা ছেড়ে। উঠে দাঁড়ান আলতাফ হোসেনও। তাঁর ছয় ফুট এক ইঞ্চি দীর্ঘ শরীরটাকে মনে হয় আরও দীর্ঘ। ছাদ ফুঁড়ে আকাশ ছোঁয়ার মতো। যে শরীরের ছায়া পেয়েছে এ দেশের ক্রিকেট।