বনানী কবরস্থানে বাদল রহমানের দাফন সম্পন্ন
বনানী কবরস্থানে আজ শনিবার মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্রকার বাদল রহমানের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বজন-শুভানুধ্যায়ী আর সাংস্কৃতিক অঙ্গনের লোকজন তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য আজ সকালে বারডেম হাসপাতালের হিমঘর থেকে বাদল রহমানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্ট ব্যক্তিরা বাদল রহমানের নামে বর্তমান ফিল্ম আর্কাইভ মিলনায়তনের নামকরণের দাবি জানান।আজ তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, সাংসদ আসাদুজ্জামান নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার, মফিদুল হক, আলী যাকের, কামাল লোহানী, হাসান ইমাম, ফকির আলমগীর, মামুনুর রশীদ, রবিউল হুসাইন, শাকুর মজিদ প্রমুখ বাদল রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আসেন।গতকাল শুক্রবার রাত সাড়ে চারটায় বাদল রহমান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মারা যান। পরে তাঁর মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়।