বনানী-গুলশানে পূজার আমেজ
কামাল আতাতুর্ক এভিনিউ ধরে যাঁরা নিয়মিত আসা-যাওয়া করেন, তাঁদের কাছে বনানী মাঠটি একটু অপরিচিতই ঠেকছে। ফাঁকা মাঠ দেখে অভ্যস্ত পথচারীরা এখানে দেখতে পাচ্ছেন একটি সোনার মন্দিরের। ফলে বদলে গেছে বনানী মাঠের চেহারা। এখানে বসেছে শারদীয় দুর্গোৎসবের একটি মণ্ডপ। সেটি রাতের আকর্ষণীয় আলোকসজ্জায় চোখ ধাঁধাচ্ছে পথচারীদের। অনেকেই ঢুঁ মারছেন বনানী মাঠে।মোগল আমলের নকশা আর রঙের বিন্যাস মিলিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপটি। ফলে বাইরে থেকে দেখে যে কেউ এটিকে একটি সোনার মন্দির ভেবে বসতে পারেন। এমনটিই বলছিলেন, বনানী-গুলশান সর্বজনীন পূজা পরিষদের মণ্ডপ নির্মাণশিল্পী তরুণ ভৌমিক।এই মণ্ডপের ভেতরে যেতে যেতে মনে হবে কোনো পুরোনো মহলে ঢুকেছেন। মহলের দরবার কক্ষের মতো করে বানানো হয়েছে লম্বা বারান্দা। পুরো বারান্দার রং আর আলোকসজ্জায় মুগ্ধ হবে যে কেউ। বারান্দা পেরিয়ে যাওয়া যাবে মূল মণ্ডপে। এখানে রাখা হয়েছে প্রতিমা। মূল প্রতিমা মণ্ডপের চারপাশে আলো-আঁধারির খেলাটাও বেশ উপভোগ্য। সন্ধ্যার একটু আগ থেকেই আলোকিত হয়ে উঠবে মণ্ডপ এলাকা। সঙ্গে ভেসে আসবে সংগীতের মূর্ছনা। সোনার মন্দিরের এই প্যান্ডেলে রয়েছে দুটি মঞ্চ। একটিতে প্রতিমা রাখা হয়েছে। আর অন্যটি রাখা হয়েছে উৎসব মঞ্চ হিসেবে। আজ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এই মঞ্চ মেতে থাকবে দেশসেরা শিল্পীদের নাচ-গানে।এই মণ্ডপে পূজা শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। কিন্তু এই মহাযজ্ঞের প্রস্তুতি শুরু হয়েছে মাস দুয়েক আগে। আশুলিয়ার একটি কারখানায় দিন-রাত খেটেখুটে বানানো হয়েছে কাঠের ফ্রেম। নকশার কাজও চলেছে সমানতালে। ১০ জন শিল্পী এক মাস ধরে নকশা আর ফ্রেম তৈরির এই কাজে জড়িত ছিলেন। বনানী মাঠে মণ্ডপ বসানোর কাজটা শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর। এখন সব কাজ শেষ। আজ রাতে এখানে বাজবে ঢাক। শুরু হচ্ছে দুর্গাপূজার মূল আয়োজন।আয়োজকরা জানান, বেশ কয়েক বছর ধরেই এখানে আকর্ষণীয় নানা আয়োজন করা হচ্ছে। এবারের পূজাও তার ব্যতিক্রম নয়। বনানী-গুলশান পূজা পরিষদ সর্বজনীন এই পূজার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন দেশব্যাপী ছড়িয়ে দিতে চায়। এমনটিই জানালেন বনানী-গুলশান সর্বজনীন পূজা পরিষদের সাধারণ সম্পাদক পান্না লাল দত্ত।আজ সন্ধ্যায় থাকছে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সবার জন্য মণ্ডপ উন্মুক্ত করে দেওয়া হবে। অনুষ্ঠান চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সন্ধ্যায়। যে কেউ উপভোগ করতে পারবেন তা। এতে দেশের খ্যাতিমান সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পীদের পরিবেশনাও থাকবে। পরিবেশিত হবে পঞ্চ কবির গান, বাউল গান, কীর্তন, শ্যামাসংগীত, দেশাত্মবোধক গান। থাকবে শিশুদের পরিবেশনাও।৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে বনানী-গুলশানের উৎসবটি।সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়সূচিবনানী মাঠের মণ্ডপে প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।২ অক্টোবর: সন্ধ্যা সাড়ে সাতটায় শিশুদের পরিবেশনা (নাচ, গান ও নাটিকা মহিষাসুর বধ)। রাত সাড়ে আটটায় নৃত্যানুষ্ঠান (শর্মিলা বন্দোপাধ্যায় ও তার দল)।৩ অক্টোবর: রাত আটটায় শিশুদের পরিবেশনা। রাত সাড়ে আটটা থেকে ১০টা পর্যন্ত পঞ্চ কবির গান। শিল্পীরা হচ্ছেন: ফেরদৌস আরা, শাম্মী আক্তার, ফকির আলমগীর, আবিদা সুলতানা, সুবীর নন্দী প্রমুখ।৪ অক্টোবর: রাত আটটায় শিশুদের পরিবেশনা। রাত সাড়ে আটটা থেকে রাত ১০টা পর্যন্ত বাউল গানের আসর। শিল্পীরা হচ্ছেন: কিরণ চন্দ্র রায়, ফরিদা পারভিন, চন্দনা মজুমদার, টুনটুন বাউল ও তার দল। এর পরে হবে নৃত্যানুষ্ঠান।৫ অক্টোবর: রাত সাতটা ৪৫ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত চলবে কীর্তন, শ্যামাসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশনা। শিল্পীরা হচ্ছেন: মিতা হক, মনির খান, পলাশ, বেবী নাজনীন ও আখি আলমগীর। এর পরে রয়েছে নৃত্যানুষ্ঠান। নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ ও নৃত্যশিল্পী প্রিয়াঙ্কা রেসেল। সবশেষে থাকবে নৃত্যনাট্য ‘দ্রুপি’, পরিবেশন করবেন শান্তি নিকেতন ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।৬ অক্টোবর: বেলা তিনটায় শোভাযাত্রা। এটি বনানী মাঠ থেকে শুরু হয়ে গুলশান-২ ও ১-এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। এর পরে মহাখালী হয়ে বিমানবন্দর সড়ক দিয়ে আশুলিয়া চলে যাবে শোভাযাত্রা। শেষে প্রতিমা বিসর্জন হবে আশুলিয়ায় বিআইডব্লিউটিএর ঘাট এলাকায়।