বনানী মাঠে বেঙ্গল বৈশাখ উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১৪১৮ সালের শেষ দিনে গতকাল শুক্রবার রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউর বনানী মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী বেঙ্গল বৈশাখ উৎসব। নতুন বছর বরণ করে নিতে সকাল সাড়ে নয়টায় ঢাকের বাদ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বেঙ্গল ফাউন্ডেশন এ উৎসবের আয়োজন করেছে। সূচনা অনুষ্ঠানে লোকসমাগম কিছুটা কম হলেও বিকেলে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। বনানী ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সপরিবারে অনেকে এ উৎসবে যোগ দেন। উৎসবের প্রথম দিনে ছিল সম্মেলক সংগীত, আবৃত্তি, নাচ, পঞ্চকবির গান, পাপেট শো আর বিকেলে ব্যান্ডের গান। মঞ্চে এসব অনুষ্ঠানের পাশাপাশি মাঠে বসে মেলা। বিভিন্ন স্টলে স্থান পায় মাটি, বাঁশ-বেত-কাঠ আর কাঁসা-পিতলের তৈরি লোকজ জিনিসপত্র। বেঙ্গল ফাউন্ডেশনের সব প্রকাশনা নিয়ে সাজানো হয় একটি স্টল। সকালে অনুষ্ঠানের শুরুতে সিলেটের শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী ও তাঁর দল সম্মেলক গান পরিবেশন করেন। একে একে ছয়টি গান পরিবেশিত হয়। এরপর কথা আবৃত্তি সংগঠন পরিবেশন করে ‘নব আনন্দে জাগো’ শীর্ষক বৃন্দ আবৃত্তি। আবৃত্তির পর ছিল ভাবনা নৃত্যদলের শিশু শিল্পীদের পরিবেশনা। এর পর একে একে পঞ্চকবির গান নিয়ে মঞ্চে আসেন লাইসা আহমেদ লিসা, শারমিন সাথী ইসলাম, নাসিমা শাহীন ফেন্সি, মহিউজ্জামান ময়না, প্রিয়াংকা গোপ ও মো. শোয়েব। মুস্তাফা মনোয়ারের নির্দেশনায় পাপেট শো পরিবেশনের মধ্য দিয়ে সকালের কর্মসূচি শেষ হয়। বিকেলে বাউল শফি মণ্ডল ও রব ফকিরসহ কয়েকজন শিল্পী বাউল গান করেন। এরপর মঞ্চে আসে ব্যান্ড সংগীত, পরবাসী, গৌরব, নবনীতা ও লালন। উৎসবের শেষ দিনে আজ শনিবার সকাল সাড়ে আটটায় একইভাবে ঢাক-ঢোলের বাজনা দিয়ে কর্মসূচির সূচনা হবে। আজও থাকবে গান, সরোদ বাদন, আবৃত্তি আর পঞ্চকবির গান। সন্ধ্যায় নাচ-গান, বেহুলা-লখিন্দর পালা আর সেতার বাদনের মধ্য দিয়ে উৎসব শেষ হবে। সন্ধ্যা ছয়টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। উৎসবের আয়োজকেরা বলেন, বৈশাখী উৎসব দেশের সব মানুষের। এ কর্মসূচির মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল প্রথম আলো। দেশ টিভি এটি সরাসরি সম্প্রচার করে।