বনানীতে গণপিটুনির শিকার ছিনতাইকারী মারা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে গতকাল সোমবার রাতে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনির শিকার ছিনতাইকারী আজ মঙ্গলবার ভোরে মারা গেছে। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। গতকালের ছিনতাইয়ের ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে। অস্ত্র আইনে একটি এবং অন্যটি হত্যা মামলা। এ মামলায় অজ্ঞাত শতাধিক লোককে আসামি করা হয়েছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এখনো নিহত হওয়া ছিনতাইকারীকে শনাক্ত করতে কেউ মর্গে বা থানায় আসেনি। কামাল হোসেন আরও জানান, ছিনতাইকাজে ব্যবহূত গাড়িটিও ছিনতাই করা। ওই গাড়ির মালিক বেক্সিমকো গ্রুপের কর্মকর্তা লে. কমান্ডার (অব.) তানভীর হাসান। সন্ত্রাসীরা গত ৮ আগস্ট গাড়িটি ছিনতাই করে। গুলশান থানায় এ ব্যাপারে একটি মামলা রয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজধানীর বনানী এলাকায় ছিনতাই শেষে অস্ত্রের মুখে তরুণীকে তুলে নিয়ে যাওয়ার সময় জনতার ধাওয়ায় দুর্ঘটনায় পড়ে ছিনতাইকারীদের গাড়িটি। গাড়ি ফেলে তিন ছিনতাইকারী পালিয়ে গেলেও জনতা একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ ছিনতাইকারীদের গাড়ি থেকে তিনটি গুলি ও ম্যাগাজিনসহ একটি নাইন এমএম পিস্তল, পাঁচটি চাপাতি, তিনটি ছুরি, ১০টি মুঠোফোন ও কয়েকটি ব্যাগ উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল সোমবার রাত ১১টার দিকে বনানীর ডি-ব্লকের ১৫ নম্বর সড়কের একটি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ওই বাড়ির বাসিন্দা মা ও মেয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির ফটকে এসে নামার সময় পিছু নেওয়া ছিনতাইকারীদের কবলে পড়েন।