বনানীতে চিরনিদ্রায় জিল্লুর রহমান
স্বেচ্ছাসেবক থেকে পুরোদস্তুর রাজনীতিবিদ। তারপর রাষ্ট্রপতি। নির্মোহ, নিরহংকার তাঁর ব্যক্তিত্ব। তাই আজীবন আওয়ামী লীগের প্রতি অনুগত থাকলেও মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন সবার। নানা মত-পথের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে অবশেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান।আজ শুক্রবার বিকেল চারটার দিকে বনানী কবরস্থানে জিল্লুর রহমানের মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহ বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগের নেতারা ও জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসানসহ অন্যান্য আত্মীয়স্বজন।কাল কুলখানিবাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানায়, আগামীকাল শনিবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জিল্লুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব একেএম নেছারউদ্দিন ভূঁইয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।ঈদগাহে দ্বিতীয় জানাজাআজ বাদ জুমা ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে জিল্লুর রহমানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষ তাঁর জানাজায় অংশ নেন।ঈদগাহ ময়দানে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা সেখানে অপেক্ষা করতে থাকেন। বায়তুল মোকাররম মসজিদসহ বিভিন্ন এলাকার মসজিদ থেকে দলে দলে মানুষ আসতে থাকে। মুসল্লিদের ভিড়ে ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে যায়। বেলা সোয়া দুইটার দিকে জিল্লুর রহমানের মরদেহ সেখানে আনা হয়। আড়াইটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক বাহিনীর কর্মকর্তা, সরকারি আমলা, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষ এ জানাজায় অংশ নেন। জানাজা শেষে জিল্লুর রহমানের মরদেহ তাঁর গুলশানের বাসভবনে নেওয়া হয়। ভৈরববাসীর শেষ শ্রদ্ধা শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে জিল্লুর রহমানকে আজ শুক্রবার শেষবারের মতো বিদায় জানিয়েছেন তাঁর নিজের এলাকা ভৈরবের মানুষ। সেখানে অনুষ্ঠিত তাঁর প্রথম জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। আজ সকাল পৌনে ১০টার দিকে জিল্লুর রহমানের মরদেহবাহী হেলিকপ্টারটি ভৈরবের আকাশে প্রবেশ করে। এ সময় হাজী আসমত কলেজ মাঠে তাঁর জানাজায় অংশ নিতে আসা জনতা আকাশের দিকে তাকিয়ে চোখের জল ফেলেন। হেলিকপ্টারটি স্টেডিয়াম মাঠে অবতরণ করলে রাষ্ট্রপতির মরদেহ গ্রহণ করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. ছিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম ও ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া। স্টেডিয়াম মাঠ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় জিল্লুর রহমানের মরদেহ ভৈরব হাজী আসমত কলেজ মাঠে নেওয়া হয়। ১০টার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় ভৈরব ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ ও আশপাশের এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন। মূল মাঠে স্থান না হওয়ায় কয়েক হাজার মানুষ মহাসড়কে এবং বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন। রাষ্ট্রপতির ছেলে ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান বাবার জন্য সবার কাছে দোয়া চান। তিনি বলেন, ‘আমার বাবা সারা জীবন আপনাদের প্রাণভরে ভালোবেসে গেছেন। শত্রুকেও প্রতিপক্ষ ভাবেননি। কারও ক্ষতি করেননি। মানুষের কথা ভেবে রাজনীতি করে গেছেন।’ তখন মাঠে উপস্থিত জনতা চোখের পানি আটকাতে পারেননি। জানাজা শেষে পুলিশ বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতির মরদেহের প্রতি গার্ড অব অনার প্রদান করা হয়। পরে ফুল দিয়ে ভৈরবের সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।রাষ্ট্রপতি হওয়ার পর ২০০৯ সালের ১৩ জুলাই এই কলেজ মাঠ থেকেই জিল্লুর রহমান নাগরিক সংবর্ধনা গ্রহণ করেছিলেন। এর আগে ১৯৯৬ সালে স্থানীয় সরকারমন্ত্রী হওয়ার পরও একই মাঠে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল।বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা প্রথম জানাজা শেষে রাষ্ট্রপতির মরদেহ হেলিকপ্টারে করে বেলা ১১টার দিকে ঢাকায় এনে বঙ্গভবনে রাখা হয়। এখানে বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধানদের প্রতিনিধিরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। শোক বইয়ে বান কি মুনের স্বাক্ষররাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন।বাসস জানায়, গতকাল বৃহস্পতিবার মহাসচিব ছাড়াও শোক বইয়ে আরও স্বাক্ষর করেন—ভুটান মিশনের ডিপিআর, বেলারুশের স্থায়ী প্রতিনিধি, তানজানিয়ার ডিপিআর, সিঙ্গাপুরের স্থায়ী প্রতিনিধি, কানাডার স্থায়ী প্রতিনিধি, বারবাডোসের স্থায়ী প্রতিনিধি, শ্রীলঙ্কার স্থায়ী প্রতিনিধি, সোয়াজিল্যান্ড মিশনের প্রথম সচিব, ইতালির স্থায়ী প্রতিনিধি, বাহরাইনের স্থায়ী প্রতিনিধি, মালদ্বীপের স্থায়ী প্রতিনিধি, রুমানিয়ার স্থায়ী প্রতিনিধি, বতসোয়ানার স্থায়ী প্রতিনিধি, ভারতের স্থায়ী প্রতিনিধি এবং ব্রাজিলের স্থায়ী প্রতিনিধি। মো. জিল্লুর রহমান গত বুধবার বাংলাদেশ সময় বিকেল চারটা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। পরদিন বৃহস্পতিবার দুপুরে বিশেষ বিমানযোগে রাষ্ট্রপতির মরদেহ বাংলাদেশে আনা হয়।দেশের ১৯তম রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। এই তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।