বনানীতে পান দোকানি গুলিবিদ্ধ
রাজধানীর বনানীতে সি-কুইন হোটেলের সামনে আজ শুক্রবার সকালে সন্ত্রাসীদের গুলিতে আবদুল হাই (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। ওই হোটেলের সামনে তাঁর পানের দোকান আছে। গুলিবিদ্ধ আবদুল হাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে প্রথম আলোকে বলেন, আজ সকালে তিনি সি-কুইন হোটেলের সামনে তাঁর পানের দোকানে যান। সকাল সাড়ে সাতটার দিকে চারজন সন্ত্রাসী এসে ওই হোটেলের নিরাপত্তাকর্মী সবুজকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে (হাই) লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তাঁর ডান পায়ে লাগে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গুলিবিদ্ধ আবদুল হাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে দেখতে সবুজ নামের একজন আসেন। সবুজের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁকে আটক করেছে। তবে এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেউ গুলিবিদ্ধ হওয়ার খবর তিনি জানেন না।