বনানীতে পিকআপভ্যানের ধাক্কা, বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী এলাকায় আজ শুক্রবার বিকেলে পিকআপভ্যানের ধাক্কায় হালিমা বেগম (৬০) নামের একজন নিহত হয়েছেন। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, বিকেল তিনটার দিকে হালিমা বেগম বনানীর চেয়ারম্যান বাড়ির বিপরীত পাশের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামীর একটি পিকআপভ্যান তাঁকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এসআই আরও বলেন, ওই বৃদ্ধার গ্রামের বাড়ি সাভারের পাচকানিতে। স্বামী আবদুল বাশের। তিনি বনানীতে এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন বলে জানা গেছে।