বনানীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি-সংলগ্ন সৈনিক ক্লাবের কাছে আজ বৃহস্পতিবার মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পাশের বস্তির ওপর পড়েছে। এতে এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক আবু বকর মিয়া প্রথম আলো ডটকমকে জানান, নিহত ব্যক্তির নাম মজিবুর রহমান (৪৫)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। মালবাহী ট্রেনটি কমলাপুর থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এ ঘটনায় বিকেল চারটা পর্যন্ত রেললাইনের পশ্চিম পাশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, বিকেল চারটার পর বগিগুলো সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেল তিনটার দিকে রেলওয়ের মহাপরিচালক আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ঢাকা বিভাগের রেলওয়ের প্রধান কর্মকর্তা সালাউদ্দিন আহমেদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা ভার বহন করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।