মাহে রমজানের শেষ দিনগুলো কাটছে। ঈদের আর চার-পাঁচ দিন বাকি। চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদুল ফিতরের ক্ষেত্রে প্রতিবছরই এ রকম একটি অনিশ্চয়তা থাকে। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছে রাজধানীবাসী। মহানগরের বিপণিবিতানগুলো খোলা থাকছে গভীর রাত পর্যন্ত। গতকাল রোববার বনানীর ১১ নম্বর সড়কে দেখা গেল শেষ মুহূর্তেও কেনাকাটার কমতি নেই। সড়কটির নাম বীর উত্তম খাদেমুল বাশার রোড। পূর্ব-পশ্চিম লম্বা এই সড়কটির দুই পাশে দেশি বুটিকের সমারোহ। ঈদ উপলক্ষে দোকানগুলোতে জমকালো সাজসজ্জা। রঙের ব্যবস্থাপক সজল সাহা জানালেন, বিক্রি যথেষ্ট ভালো হচ্ছে এবার। সিল্ক, অ্যান্ডি, দুপিয়ান ও সুতির কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট, ব্লক, অ্যাপ্লিক, এমব্রয়ডারি করা হয়েছে পোশাকগুলোতে। তাঁদের এখানে শার্ট, পাঞ্জাবি, কোর্তার দাম পড়বে ৪৫০ থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। থ্রি-পিসের দাম দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। তাঁতের শাড়ি ৪৫০ থেকে তিন হাজার টাকা। ঈদের উৎসবের সঙ্গে সাজুয্য রেখে তাঁরা উজ্জ্বল রং ব্যবহার করেছেন পোশাকে। বনানীর ব্যবসায়ী শেখ রাজু ও তাঁর স্ত্রী লিজা এসেছিলেন এখানে কেনাকাটা করতে। রাজু কিনেছেন পাঞ্জাবি। তিনি জানালেন, ফ্যাশন হাউসগুলো বাজারের গড়পড়তা ডিজাইনের চেয়ে ভিন্নতা আনে তাদের পোশাকে। তা ছাড়া এখানে একসঙ্গে অনেক বুটিক হাউস থাকায় সহজেই যাচাই-বাছাই করে কেনাকাটা করা যায়। এ জন্য এখান থেকেই কেনাকাটা করতে পছন্দ করেন তাঁরা। পোশাকের দামও অন্য দোকানের চেয়ে বেশি মনে হচ্ছে না বলে জানালেন তিনি।এই সড়কে রয়েছে কে-ক্রাফট, বাংলার মেলা, দেশাল, নগরদোলা, বিবিয়ানা, জলরং, অন্যমেলা, সাদাকালো, জয়নব, অন্যরকম, সাজ, কিত্তনখোলা, ট্রেন্ডসসহ বিভিন্ন বুটিকের শোরুম। একটু সামনেই ওটু, টেন্ডারএজ, এসটেসির বিক্রয়কেন্দ্র। কে-ক্রাফটের বিক্রয় প্রতিনিধি শামিম মোল্লা জানালেন, তাঁরা এবার বিশেষত্ব এনেছেন কাপড় বুননের ক্ষেত্রে। বয়নশিল্পীদের দিয়ে নিজস্ব জিজাইনে তাঁরা কাপড় বুনিয়ে নিয়েছেন বলে তাঁদের কাপড়ে স্বাতন্ত্র্য রয়েছে। সিল্কের সঙ্গে অ্যান্ডি বা অন্য ধরনের কাপড়জুড়ে তৈরি করা হয়েছে ঈদের পোশাক। স্ক্রিন প্রিন্টের প্রাধান্য রয়েছে নকশায়। কারচুপি, পাথরের কাজসহ নানা ধরনের অলংকরণ রয়েছে পোশাকে। পাঞ্জাবির দাম ৬৫০ থেকে সাত হাজার টাকা, থ্রি-পিস এক হাজার ২৫০ থেকে পাঁচ হাজার টাকা এবং শাড়ির দাম ৪৭৫ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। বাচ্চাদের পোশাক রয়েছে ১৫০ থেকে আড়াই হাজার টাকার মধ্যে।ওটুর আফিস ইকবাল জানালেন, মসলিন, জামদানি, সিল্কের ওপর হাতের কাজ করা শাড়ি রয়েছে তাঁদের দোকানে তিন হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে। জিনসের প্যান্ট এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকার মধ্যে। পাঞ্জাবির দাম এক হাজার ২০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে। বেচাকেনা চলছে বেশ ভালোই। ঈদের কেনাকাটার অবস্থা হলো ‘শেষ হইয়াও হইলো না শেষ’ এমন। কাজেই একেবারে আগের দিন মধ্যরাত অবধি দোকানে দোকানে চলবে লেনদেনের পালা।