ধানমন্ডি এলাকার সরকারি প্লটের মধ্যবর্তী ‘মেথর প্যাসেজ’-এর উভয় পাশের দুই প্লটমালিকের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি জমির বর্তমান মূল্যের দ্বিগুণ দামে তা বিক্রি করা হবে। তবে বর্তমানে অবৈধভাবে ব্যবহূত হওয়া ওই জমিতে কোনো প্রকার কাঠামো নির্মাণ কিংবা আচ্ছাদিত করা যাবে না। শুধু বনায়ন করা যাবে।পঞ্চাশের দশকে ধানমন্ডি আবাসিক এলাকা প্রতিষ্ঠার সময় মূলত পয়োনিষ্কাশনের সুবিধার্থে লে-আউট প্ল্যানে দুটি প্লটের মধ্যবর্তী এক কাঠা পরিমাণ জমি রাখা হয়। এটিই মেথর প্যাসেজ হিসেবে পরিচিত। কিন্তু পরিকল্পনা অনুযায়ী ব্যবহার না হওয়া ওই জমি প্লটমালিকেরা অবৈধভাবে দখল করে নিয়েছেন।এ ব্যাপারে জানতে চাইলে গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে মেথর প্যাসেজের জমি অবৈধভাবে ব্যবহূত হয়ে আসছে। যথাযথ ব্যবহার না থাকায় পার্শ্ববর্তী প্লটমালিক তা ভোগ করছেন। কোনো কোনো ক্ষেত্রে এ জমি অবৈধ দখলেও চলে গেছে। তাই আমরা এ জমি প্লটের পার্শ্ববর্তী মালিকের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’সূত্রমতে, জমির রক্ষণাবেক্ষণের প্রয়োজন, অপদখল, বহিরাগত ব্যক্তিদের অবস্থান ইত্যাদি কারণ উল্লেখ করে পার্শ্ববর্তী প্লটমালিকেরা অনেকেই মেথর প্যাসেজের জমি বরাদ্দের আবেদন করেছিলেন। স্বাধীনতার পর থেকেই তাঁদের ওই জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়।জানা গেছে, মেথর প্যাসেজের এক কাঠা জমি পার্শ্ববর্তী দুই প্লটমালিকের মধ্যে অর্ধেক করে বরাদ্দ করা হবে। তবে প্রতিবেশীর অনাপত্তির ভিত্তিতে আবেদনকারী প্লটমালিককেই পুরো এক কাঠা বরাদ্দ করা হবে।মেথর প্যাসেজের জমিতে কোনো প্রকার দালানকোঠা করা যাবে না।ঢাকার অন্যতম অভিজাত এলাকা ধানমন্ডির আবাসিক প্লটগুলোর অধিকাংশেই বেশ কয়েক বছর ধরে নিয়ম লঙ্ঘন করে বাণিজ্যিকভাবে বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। এ নিয়ে সেখানকার অনেক বাসিন্দার মধ্যেই ক্ষোভ রয়েছে।সূত্র জানায়, সম্প্রতি ভূমি বরাদ্দ কমিটির সভায় মেথর প্যাসেজ বরাদ্দের বিষয়টি আলোচিত হয়। ওই বৈঠকে বলা হয়, অধিকাংশ ক্ষেত্রে জমির মালিকেরা মেথর প্যাসেজ বরাদ্দ নিয়ে তা মূল প্লটের অংশ হিসেবে ব্যবহার করছেন।সূত্র মতে, শিল্প ও আবাসিক এলাকার প্লটসংলগ্ন খণ্ড জমি বরাদ্দ বিষয়ে প্লটমালিকের প্রচলিত মূল্যের দ্বিগুণ অর্থ পরিশোধ সাপেক্ষে বরাদ্দের কার্যক্রম চালু আছে।প্রসঙ্গত, ধানমন্ডি আবাসিক এলাকায় পাঁচ কাঠার কম আয়তনের প্লট ‘খণ্ড জমি’ হিসেবে গণ্য করা হয়ে থাকে।উল্লেখ্য, এর আগেও একবার মেথর প্যাসেজের জমি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা রহিত করা হয়।