বনি ওয়ালিদ শহর গাদ্দাফি অনুগতদের নিয়ন্ত্রণে
লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির অনুগত সেনারা গতকাল সোমবার দেশটির বনি ওয়ালিদ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এর আগে শহরটিতে গাদ্দাফির সমর্থক সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ক্ষমতাসীন ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) অনুগত সেনাদের ব্যাপক যুদ্ধ হয়। এতে এনটিসির চার সেনা নিহত ও ২০ জন আহত হয়। বনি ওয়ালিদের এক অধিবাসী এ কথা জানিয়েছেন। গাদ্দাফির সমর্থক যোদ্ধারা এই শহরের কেন্দ্রস্থলে গ্রিন পতাকা ওড়াচ্ছে। এই পতাকা গাদ্দাফির ৪২ বছরের শাসনের প্রতীক।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বনি ওয়ালিদ শহরে গাদ্দাফির সমর্থক যোদ্ধারা এনটিসির অনুগত যোদ্ধাদের ব্যারাকে হামলা চালিয়ে তাদের হটিয়ে দিয়েছে। এনটিসির এক সেনাসদস্য বলেছেন, গাদ্দাফির সমর্থকেরা এখন শহরটি নিয়ন্ত্রণ করছে। তারা শহরে ঘুরে বেড়াচ্ছে।যুদ্ধের সময় বনি ওয়ালিদ গাদ্দাফির অন্যতম শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। এ শহরের নিয়ন্ত্রণ নিতে এনটিসিকে বেশ বেগ পেতে হয়েছিল।