বনি ওয়ালিদ শহরে ঢুকে পড়েছে এনটিসি বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুয়াম্মার গাদ্দাফির অনুগতদের দখলে থাকা সর্বশেষ শহর বনি ওয়ালিদে ঢুকে পড়ার দাবি করেছে লিবিয়ার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি) এর অনুগত বাহিনী। শহরটির অবস্থান রাজধানী ত্রিপোলির প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।এনটিসির সামরিক কমান্ডাররা জানিয়েছেন, তাদের বাহিনী বানি ওয়ালিদে নতুন করে অভিযান শুরু করেছে। তবে তাদেরকে সেখানে গাদ্দাফি অনুগতদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে।পশ্চিমা একটি বার্তা সংস্থা জানায়, এনটিসি বাহিনী গতকাল রোববার শহরটির উত্তর ও দক্ষিণ দিক থেকে অগ্রসর হয়। এ সময় গাদ্দাফি বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি হয়। তবে এনটিসি বাহিনী শহরটির দিকে কতদূর অগ্রসর হয়েছে তা স্পষ্ট নয়।এনটিসির কমান্ডার জামাল সালেম বলেন, ‘আমরা সকালে শহরের দক্ষিণ-পশ্চিম এলাকা দিয়ে আক্রমণ করি। বিকেলে আমাদের লোকেরা শহরের ভেতরে ঢুকে পড়ে। তবে গাদ্দাফির অনুগত বাহিনী ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে।’বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, এনটিসি বাহিনী পুরো শহরটি ঘিরে রেখেছে। কিন্তু তারা প্রতিরোধের কারণে সামনের দিকে অগ্রসর হতে পারছে না। শহরটিতে গাদ্দাফির অনুগত প্রায় এক হাজার ৫০০ যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।গত সপ্তাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এনটিসি বাহিনী বনি ওয়ালিদ থেকে পিছু হটে।এদিকে, গাদ্দাফির নিজ শহর সারতে এখনো এনটিসি বাহিনীর সঙ্গে গাদ্দাফি বাহিনীর সংঘর্ষ অব্যাহত রয়েছে। এনটিসির দাবি, সারতের অধিকাংশ এলাকাই তারা নিয়ন্ত্রণ করছে। বর্তমানে গাদ্দাফি বাহিনী শুধু বনি ওয়ালিদ ও সারতের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়াই চালিয়েছে যাচ্ছে।