বনে-জঙ্গলে নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিয়ে হয়ে যায় রেহানা আক্তারের। জীবিকা নির্বাহের জন্য স্বামীর পাশাপাশি রেহানা নিজেও যেতেন বনে কাঠ কাটার কাজে। তখন জানতেন না, কত বড় অন্যায় তাঁরা করছেন পাহাড়ের বন উজাড় করে। কারণ অন্য সবার পেশাও কাঠ, লাকড়ি ইত্যাদি সংগ্রহ। অথচ সেই রেহানা আক্তারই এখন এগিয়ে এসেছেন বন সংরক্ষণের জন্য। শুধু রেহানা নন, তাঁর মতো আরও ২৭ জন নারী এখন বন পাহারা দেওয়ার কাজ করছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে চুনতি বন্য প্রাণী অভয়ারণ্য অঞ্চলে প্রতিদিন চারজন করে সপ্তাহে এক দিন তাঁরা স্বেচ্ছাশ্রমে এ কাজ করছেন। আর এসব নারীকে বন সংরক্ষণের উপকারিতা বুঝিয়ে একত্র করেছে আমেরিকার আন্তর্জাতিক সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে পরিচালিত ইন্টিগ্রেটেড প্রটেক্টেড এরিয়া কো-ম্যানেজমেন্ট (আইপ্যাক) প্রজেক্ট, যারা দেশের গুরুত্বপূর্ণ সব অঞ্চলে কাজ করছে ২০০৩ সাল থেকে। সরকারের বন বিভাগের সঙ্গে যৌথভাবে পরিবেশ বিপর্যয় ঠেকাতে কাজ করছে আইপ্যাক।দুর্গম বনাঞ্চলে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে চলছেন সমান তালে। বন পাহারায় মহিলা দলের সভাপতি রেহানা আক্তার বলেন, ‘পাহাড়ে গভীর বনের মধ্যে পাহারা দিই। অনেক সময় হাতি, বানর ইত্যাদি সামনে পড়ে। ৬০ বছর বয়সী হাসিনা বেগমও কাজ করেন বন পাহারার। তিনি বলেন, ‘আগে বুঝতাম না, তাই গাছ নষ্ট করতাম। কিন্তু আইপ্যাকের সাহায্যে বুঝতে পেরেছি বন কতটা জরুরি। তাই সপ্তাহের অন্য ছয় দিন খেতে কাজ করে জীবিকা নির্বাহ করলেও অন্যদিন স্বেচ্ছাশ্রমে পাহারা দিতে আসি।’ সম্প্রতি পাহাড়ি এই মহিলা বন পাহারা দলের ওপর সিএনএন টেলিভিশন শাড়ি স্কোয়ার্ড নামে একটি তথ্যচিত্র দেখায়। এতেই তাঁদের উৎসাহ আরও তুঙ্গে। শুধু কি চুনতি? সারা দেশে বনের ওপর নির্ভরশীল বিভিন্ন এলাকার লোকদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে আইপ্যাক কো-ম্যানেজমেন্ট কমিটি গঠনের মাধ্যমে বন সংরক্ষণের পাশাপাশি করছে নতুন বনায়ন। চট্টগ্রামের মেধাকচ্ছপিয়ার ৩৯৬ হেক্টর বনভূমি, যা জাতীয় উদ্ভিদ উদ্যানের অন্তর্ভুক্ত। এই এলাকায় বসবাসরত নারী-পুরুষ উভয়ে বন নষ্টের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে এখানকার প্রায় ১০ হাজার নারী একত্রে খাড়াং তৈরির মাধ্যমে আয়ের একটা উৎস পাওয়ায় আর বনে যান না। আর এঁদের একত্র করে প্রশিক্ষণ ও উপকরণ-সহায়তা দেওয়ার পাশাপাশি বাজারে বিক্রির ব্যবস্থা করে দিয়েছে আইপ্যাক। আইপ্যাক নামে যাত্রা শুরু হলেও বেশ কয়েক বছর ধরে এটি নিসর্গ নেটওয়ার্ক নামে পরিচিত।ফাঁসিয়াখালী বন্য প্রাণী অভয়ারণ্যে বন রক্ষার পাশাপাশি চলছে উন্নত চুলা বানানোর ধুম। এখানকার নারীরা এখন লাকড়ি সাশ্রয়ে উন্নত চুলার সুবিধা ভোগ করছেন। সরকারের বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আবু মুসা সামসুল মুহিত চৌধুরী বলেন, ‘সরকারি টহলদলের সঙ্গে এলাকায় বসবাসরত সাধারণ লোকের অংশগ্রহণ সম্ভব হয়েছে নিসর্গ নেটওয়ার্কের সহায়তায়। এখন এসব লোকের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হিসেবে চুলা তৈরি, মাছ চাষ ইত্যাদি করায় সুফল আসবে বলে আশা করা যায়।’ কাপ্তাই জাতীয় উদ্যানেও পুরুষের সঙ্গে নারীরা বিশেষ ভূমিকা রাখছেন। আর তাই এখানের আদিবাসী নারীদের খাড়াং, তাঁতের কাপড়, বাটিক প্রশিক্ষণের মাধ্যমে চলছে অর্থনীতিতে স্বাবলম্বী করার ব্যবস্থা।নিসর্গ নেটওয়ার্কের (আইপ্যাক) যোগাযোগবিশেষজ্ঞ ইফাত নেওয়াজ বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়তে আমরা কাজ করব ২০১৩ সাল পর্যন্ত। তাই বলে এরপর থেমে যাবে না আমাদের কার্যক্রম। আইপ্যাকের “নিসর্গ নেটওয়ার্ক”-এর আওতায় এসব এলাকায় কর্মরত নারী-পুরুষের তৈরি জিনিসপত্র আমরা রাজধানীর বড় বড় বিপণিবিতানে সরবরাহ করার ব্যবস্থা করছি। এর ফলে বন রক্ষার মাধ্যমে গড়ে উঠবে সবুজ বাংলাদেশ।’