বনে যদি ফুটল কুসুম
বনেই ফোটে। তবে সেই বন আর এ দেশে নেই। অনেক বছর আগে মৌলভীবাজার জেলার জুড়ী রেলস্টেশনের লাগোয়া জঙ্গলে পুষ্পিত এই কনকচাঁপার একগুচ্ছ গাছ দেখেছিলাম। এখন লোপাট।দশককাল আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আশপাশের টিলার জঙ্গলে কয়েকটি ছিল। এখনো আছে কি না, জানি না। রমনা পার্কের এই গাছটি কিশোরকাল কাটিয়েছে সিদ্ধেশ্বরীর একটি ফ্ল্যাটবাড়ির বারান্দায়। এনেছিলাম শিশু একাডেমীর বাগান থেকে। চার বছর আগে রমনা পার্কে ঠাঁই বদল। গতবারও সামান্য ফুল ফুটেছিল, এবার নিজেকে উজাড় করে দিয়েছে। সারা গায়ে তামাটে পাতার ঝালর, সরু সরু ডালের আগায় গুচ্ছ গুচ্ছ সোনালি ফুল—‘একি এ সুন্দর শোভা’। তাতে আবার এক স্নিগ্ধ সম্মোহক সৌরভ। কিন্তু চপল স্বভাবটি মাধবীলতার, ‘এসে হেসেই বলে যাই যাই যাই’। থাকবে হয়তো আরও দিন সাতেক। বৈজ্ঞানিক নাম Ochna Squarrosa, উত্তর ও পশ্চিমবঙ্গে রামধন চাঁপা, পূর্ববঙ্গে কনকচাঁপা। বীজ থেকে সহজেই চারা গজায়, ফুল ফোটে পাঁচ-ছয় বছরে। রমনা পার্কের অরুণোদয় গেট দিয়ে ঢুকে সোজা পশ্চিমে কিছু দূর গিয়ে শেষ মাথার পাশে গোলচত্বরের পাশের ডানের রাস্তা ধরলে সামনেই পড়বে। এই বসন্তে গাছটির রূপসজ্জায় আপনাদের দৃষ্টি ধন্য হোক।