রমনা পার্কে প্রতিটি ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচির আগে সম্ভাব্য জায়গার গাছগুলোর নাম সরেজমিনে গিয়ে লিখে নিয়ে আসতে হয়। কারণ অনুষ্ঠানের দিন সবাইকে গাছের নাম লেখা একটি নির্দেশিকা বিতরণ করা রেওয়াজে পরিণত হয়েছে। এ রকম একটি অনুষ্ঠানের কয়েক দিন আগে গেলাম কাঙ্ক্ষিত গাছগুলো দেখতে। রমনা চায়নিজের ডানদিকের একটি গাছ একেবারেই অচেনা মনে হলো। একসঙ্গে অন্য জাতের দু-তিনটি গাছের ভেতর থেকে একটি ডাল মাটির সমান্তরালে বেড়েছে। গাছের গড়ন কিংবা পাতার সৌন্দর্য তেমন আকর্ষণীয় না হলেও তাৎক্ষণিকভাবে কিছুটা দুর্লভই মনে হলো। কাছাকাছি অবস্থানে লেকের ধারে বনআঁচড়ার একমাত্র গাছটিও চোখে পড়ল। অধ্যাপক দ্বিজেন শর্মাকে গাছটির অবস্থান জানাতেই তিনি বললেন, ওটা বন-নারাঙ্গা। কোথাও কোথাও ফাটাগোটা নামেও পরিচিত। ইংরেজি নাম ফলস লাইম। ফলগুলো দেখতে অনেকটা পীতরাজ বা রয়নার মতো। এ গাছটি তুলনামূলকভাবে অপরিচিত এবং নগরে দুর্লভ হওয়ায় পার্কের গাছ চেনানোর অনুষ্ঠানে বন-নারাঙ্গা সম্পর্কে দ্বিজেন শর্মা উপস্থিত সবাইকে অবহিত করেন। ড. নওয়াজেশ আহমদ ওয়াইল্ড ফ্লাওয়ার্স অব বাংলাদেশ গ্রন্থে এ গাছটিকে বিপন্ন হিসেবে শনাক্ত করেছেন। জানা মতে, মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান ও বলধা গার্ডেনে এ জাতের আর কোনো গাছ নেই। সম্ভবত, আমাদের ঘরবাড়ির চার পাশের গাছগুলো অপ্রয়োজনীয় হিসেবেই কাটা পড়েছে। হয়তো জ্বালানি হিসেবে গেছে গৃহস্থের উনুনে। হিসাবটা মোটামুটি এমন—যে গাছ থেকে নামীদামি ফল বা কাঠ পাওয়া যায় না, সে গাছ রেখে কী লাভ? কিন্তু গাছ কি শুধু ভোগ্যপণ্য হিসেবেই ব্যবহূত হয়, প্রকৃতিতে তার সার্বিক অবদানের কথা কি একটুও বিবেচনা করা যায় না? বন-নারাঙ্গা (Gelonium multiflorum. Syn. Suregada multiflora) একসময় লোকালয়ের প্রাকৃতিক বনবাদাড়ে বেশি দেখা গেলেও বর্তমানে পার্বত্য চট্টগ্রামেই কিছুটা দেখা যায়। গাছ মাঝারি আকৃতির, কাণ্ড মসৃণ। পাতা গাঢ়-সবুজ, আয়তাকার বা ভল্লাকার। পুং ফুল হলদেটে, সমভূমমঞ্জরি, পরাগকেশর ৪০ থেকে ৬০টি। স্ত্রী গাছে অসংখ্য বর্তুলাকার উজ্জ্বল কমলা রঙের ফল থাকে। ফলের এই রং পাকা। কিন্তু অপরিপক্ব ফল সবুজ রঙের। তিনটি শক্ত খোসার ভেতরে থাকে ফলগুলো। ফল খাওয়ার উপযোগী নয়। প্রস্ফুটনকাল ফেব্রুয়ারি থেকে এপ্রিল। মুকুল থেকে হলুদ রঙের লাক্ষা পাওয়া যায়। জীবাণুনাশক হিসেবেও এটি কার্যকর।