বনেদি রেস্তোরাঁর পদ
ঢাকার নামকরা রেস্তোরাঁগুলোর কয়েকটির অবস্থান আদি ঢাকায়। রমজান মাসে হরেক রকম ইফতারির ঝাঁপি নিয়ে বসে এগুলো। খাবারের এই দোকানগুলোর মধ্যে আবার হোটেল আল-রাজ্জাক, হোটেল স্টার, আলাউদ্দিন সুইটমিট, গ্রিন সুইটস আর নূরানি কোল্ড ড্রিংকসের ইফতারির পণ্যই সেরা।হোটেল স্টার: বরাবরের মতো এবারও ইফতারির বিশাল আয়োজন নিয়ে হাজির হয়েছে হোটেল স্টার। রমজান মাসের যেকোনো দিন ঠাটারীবাজারের হোটেল স্টারের সামনে গেলেই চোখে পড়বে খাদ্যরসিকদের উপচে পড়া ভিড়। ইফতারি কিনতে এখানে দুপুর থেকেই আনাগোনা শুরু হয় লোকজনের। কত কী কেনার আছে লোকের! খাসির আস্ত পায়ের কাবাব, মুরগি ভাজা, টিক্কা কাবাব, নান, ফালুদা, পুডিং আরও কত কী!হোটেল আল-রাজ্জাক: খাবারের স্বাদের গুণে আর হরেক রকম পদের বাহারে বহুদিন ধরেই বংশালের নর্থসাউথ রোডের হোটেল আল-রাজ্জাক অন্য রকম একটা সুনাম অর্জন করেছে। রমজান মাস এলেই যেন সেই সুনামের পালে আরেকটু হাওয়া লাগে। ইফতারির অসংখ্য পদ নিয়ে রোজাদারদের সামনে হাজির হয় পুরান ঢাকার এই হোটেলটি। ঐতিহ্যবাহী গ্লাসি থেকে শুরু করে খাসির গোটা রান, আস্ত মুরগির রোস্ট, চিকেন/মাটন সাসলিক, ফিরনি, পুডিং; এমনকি দুধ-সেমাইও মেলে এখানে। আর আল-রাজ্জাকের ফালুদার তো তুলনাই হয় না। খাঁটি ঘন দুধের ক্ষীর দিয়ে তৈরি হয় এ ফালুদা। সঙ্গে থাকে সাগুদানা আর তাজা ফলের টুকরো। তার ওপর কিশমিশ, পেস্তাবাদাম ছিটানো হয়। দারুণ সুস্বাদু এ ফালুদার বাটি ৬০ থেকে ৪৮০ টাকা পর্যন্ত হয়।আলাউদ্দিন সুইটমিট: সেই ১৮৯৮ সালে আলাউদ্দিন হালুইকর লক্ষৌ থেকে ঢাকার চকবাজারে এসে আস্তানা গেড়েছিলেন। সে জন্যই বুঝি ঢাকা শহরের মানুষের নানা স্বাদের মিষ্টি চাখার সুযোগ হলো। তবে শুধু মিষ্টি নয়, ঝাল খাবারেও কিন্তু আলাউদ্দিনের জুড়ি নেই। তাই রোজায় ইফতারের আয়োজনেও আলাউদ্দিন সুইটমিটে ক্রেতাদের আনাগোনার কমতি হয় না। মিঠাই মন্ডা তো আছেই, তার সঙ্গে আছে কিমা পরোটা, টানা পরোটা, চিজ লরেন্স, জালি কাবাব, বিফ স্টিক, চিকেন স্টিক, চিকেন নাগেট আর পনির সমুচা। এর মধ্যে কিমা পরোটা আর চিজ লরেন্সের চাহিদা ব্যাপক। আলাউদ্দিনের কিমা পরোটা আর চিজ লরেন্স ইফতারিতে পাতে পেতে চাইলে একটু আগেভাগে কিনতে চলে যাওয়াই ভালো। গ্রিন সুইটস: ঠাটারীবাজারের হোটেল স্টারের ঠিক উল্টো পাশেই গ্রিন সুইটস। দোকানটা খুবই ছোট বলে অনেকেরই হয়তো নজরেই পড়ে না। কিন্তু যাঁরা এখানকার মিষ্টি খেয়েছেন, তাঁরা জানেন, স্বাদ কেমন মনহরা। তাই প্রতি রমজানে তাঁরা ঠিকই ঘুরেফিরে আসেন এ দোকানের মিষ্টিটা বা লাড্ডুটা কিনে নিতে। ইফতারির পদ হিসেবে গ্রিন সুইটসের জিলাপি আর আমিত্তি তো দেদার বিক্রি হয়। বিশেষ করে এর আমিত্তির অন্য রকম কদর আছে খাদ্যরসিকদের কাছে। পুরান ঢাকার বাসিন্দারা তো আছেই, এখান থেকে জিলাপি আর আমিত্তি কিনতে দূর-দূরান্ত থেকেও অনেকে আসে। জিলাপি-আমিত্তির পাশাপাশি সন্দেশ, গাজরের হালুয়া, বরফি পাওয়া যায়। এগুলোর চাহিদাও কম নয় কিন্তু।নূরানি কোল্ড ড্রিংস: চকবাজারের নূরানি কোল্ড ড্রিংস সারা বছরই লাচ্ছি বিক্রি করে। প্রায় ৬০ বছরের পুরোনো দোকান এটি। বরফ কুচিতে চিনির সিরা দিয়ে তাতে খাঁটি দই গুলে বানানো হয় নূরানির লাচ্ছি। এখনো প্রতি রমজান মাসে ইফতারির আগেভাগে দূর-দূরান্ত থেকে মানুষ আসে নূরানি কোল্ড ড্রিংসের লাচ্ছি খেতে। পলিথিনের ঠোঙায় ভরে নিয়ে যায় অনেকেই। এক গ্লাস স্পেশাল লাচ্ছির দাম ২৫ টাকা। লেবুর শরবতও পাওয়া যায় এখানে। প্রতি গ্লাসের দাম পড়ে ১০ টাকা।