মন্ত্রী, সাংসদ ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের জব্দ বা আটক হওয়া এবং ঝড়ে উপড়ে পড়া কাঠের বিশেষ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী বাড়ি তৈরির জন্য নিলামমূল্যের চেয়ে কম দামে তাঁদের এই কাঠ দেওয়া হবে।পরিবেশকর্মীরা এ উদ্যোগের সমালোচনা করে বলছেন, জব্দ হওয়া চোরাই কাঠ বরাদ্দের নিয়ম জারি রাখা হলে বনের গাছ চুরি আরও উত্সাহ পাবে। গত ৬ ডিসেম্বর জারি করা ‘বসতবাড়ি নির্মাণের জন্য শুধুমাত্র জব্দকৃত কাঠ ও ঝড়ে উপড়ে পড়া গাছের কাঠ বরাদ্দ নীতিমালা-২০০৯’ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এই কাঠ বরাদ্দের নিয়ম সুনির্দিষ্ট করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য কাঠ বরাদ্দের পরিমাণ আগের নীতিমালার চেয়ে বাড়ানো হয়েছে। এর আগে জব্দ করা কাঠ বরাদ্দের ক্ষেত্রে ২০০৫ সালের ১৮ জানুয়ারি একটি নীতিমালা তৈরি করা হয়। এর পর তা ২০০৮ সালের ৩০ নভেম্বর ও সর্বশেষ গত ৬ ডিসেম্বর সংশোধন করে একটি নতুন নীতিমালা তৈরি করা হয়েছে। উল্লেখ্য, বিএনপি ক্ষমতায় আসার পর ১৯৯২ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশবলে মন্ত্রী ও সাংসদদের জন্য চোরাই কাঠ বরাদ্দের নিয়ম চালু করা হয়। তবে এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। নতুন নীতিমালায় মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদেরা শুধু নিজের নামে নয়, স্ত্রী বা স্বামীর নামেও কাঠের বরাদ্দ পাবেন। সরকারি কর্মকর্তারা বরাদ্দ পাবেন ১০ বছর পরপর। সাংসদেরা পাবেন তাঁদের মেয়াদে একবার। আর বনমন্ত্রী চাইলে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩৫০ ঘনফুট কাঠ বরাদ্দ করতে পারবেন।বন ও পরিবেশ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের বর্তমান ও সাবেক কর্মকর্তারা বিশেষ সুযোগ পাবেন। তাঁরা কাঠ বরাদ্দ পাবেন রাজস্ব মূল্যে, যা বাজার দর থেকে অনেক কম। অন্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার কর্মরত ও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের বরাদ্দ দেওয়া হবে সর্বশেষ নিলামমূল্যে (সর্বশেষ তিনটি গড় নিলাম)।বন বিভাগ সূত্রে জানা গেছে, নিলামমূল্য সাধারণত সরকারি রাজস্ব মূল্যের চেয়ে তিন থেকে চার গুণ বেশি হয়। যেমন এক ঘনফুট সেগুন কাঠের রাজস্ব দর ৬০০ থেকে ৮০০ টাকা। আর নিলামে দিলে তা আড়াই থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করা যায়। কাঠের আক্রার এ যুগে বাজারে মাত্র এক ঘনফুট সেগুনের দাম উঠেছে তিন থেকে চার হাজার টাকায়।বন গবেষণায় যুক্ত বেসরকারি গবেষণা সংস্থা সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) নির্বাহী পরিচালক ফিলিপ গাইন এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই বনে গাছ নাই। তারপর আবার চোরাই কাঠ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা তৈরি করে মন্ত্রী, সাংসদ ও সরকারি কর্মকর্তাদের সুবিধা দিলে তা বনের মারাত্মক ক্ষতির কারণ হবে। গাছ চুরি বেড়ে গিয়ে বন ধ্বংসের হার বাড়বে।’ নতুন এই সংশোধিত নীতিমালার মূল্যায়ন করতে গিয়ে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ‘দখল ও গাছ চুরির কারণে দেশের বনভূমির পরিমাণ ১৬ শতাংশ থেকে কমে ৬ শতাংশে নেমে এসেছে। সরকার বনভূমির জমি সংরক্ষণের জন্য বন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। কিন্তু জব্দ কাঠ বরাদ্দের নিয়ম জারি রাখা হলে গাছ চুরি আরও উত্সাহ পাবে।’ দেশের পরিবেশবাদীরা বলে থাকেন, বিশ্বের কোনো দেশে চোরাই কাঠ বরাদ্দের ক্ষেত্রে এ ধরনের কোনো নীতিমালা নেই। প্রতিবেশী ভারতেও ধরা পড়া চোরাই কাঠ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রির নিয়ম রয়েছে। বন ও পরিবেশ সচিব মিহির কান্তি মজুমদার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই নির্বাহী আদেশে পারমিট ও নিলামে কাঠ দেওয়া বন্ধ রেখেছে। আপাতত তা চালু করার কোনো নির্দেশ সরকারের তরফ থেকে দেওয়া হয়নি।’এ প্রেক্ষাপটে কেন চোরাই কাঠ বরাদ্দের ক্ষেত্রে পুরোনো নীতিমালা সংশোধন করে নতুন নীতিমালা করা হলো—জানতে চাইলে তিনি বলেন, ‘পুরোনো নীতিমালাটি হালনাগাদ করা হয়েছে মাত্র।’আবেদনের পরিপ্রেক্ষিতে উল্লিখিত পদমর্যাদার ব্যক্তিরা সেগুন, মেহগনি, শিলকড়ই ইত্যাদি কাঠের বরাদ্দ পাবেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সর্বনিম্ন ১০০ ঘনফুট আর মন্ত্রী-সাংসদেরা সর্বোচ্চ ৩৫০ ঘনফুট কাঠের বরাদ্দ পাবেন। বিশেষজ্ঞরা বলে থাকেন, একটি দেশের প্রাকৃতিক ভারসাম্যের জন্য কমপক্ষে ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। বাংলাদেশের প্রকৃত বনের আচ্ছাদনের পরিমাণ নিয়ে বিভিন্ন ধরনের উপাত্ত দেওয়া হলেও তা পাঁচ থেকে সাত শতাংশের বেশি হবে না বলে ব্যাপকভাবে মনে করা হয়।বন বিভাগের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বনভূমির পরিমাণ ২৫ লাখ ২০ হাজার হেক্টর। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফওএ) হিসাবে, আশির দশকে বছরে আট হাজার হেক্টর বনভূমি ধ্বংস হতো। সংস্থাটির ২০০০ সালের এক জরিপ অনুযায়ী, বছরে বন ধ্বংসের পরিমাণ ৩৭ হাজার ৭০০ হেক্টর।২০০৫-০৬ সালে যুক্তরাষ্ট্রের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ও কানাডার সিডা যৌথভাবে আরেকটি সমীক্ষা চালিয়ে দেখতে পায়, বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশের বনভূমির ৫০ শতাংশ আগামী ২০ বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে। ক্রমিক পদমর্যাদা বরাদ্দযোগ্য কাঠের পরিমাণ ১ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ১০০ ঘনফুট ২ দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ১১০ ঘনফুট ৩ সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা ১২৫ ঘনফুট ৪ উপসচিব বা সমপর্যায়ের কর্মকর্তা ১৫০ ঘনফুট ৫ যুগ্ম সচিব বা সমপর্যায়ের কর্মকর্তা ২০০ ঘনফুট ৬ অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তা ২৫০ ঘনফুট ৭ সচিব বা সমপর্যায়ের কর্মকর্তা ৩০০ ঘনফুট ৮ মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সাংসদ বা সমপর্যায়ের ৩৫০ ঘনফুট