বনের জমিতে স্বেচ্ছাসেবক লীগ নেতার ঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকায় পৈতৃক সম্পত্তি দাবি করে বন বিভাগের জমিতে ঘর নির্মাণ করছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা। এ ব্যাপারে বন বিভাগ মামলা করতে চাইলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ উঠেছে। সখীপুর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম গতকাল মঙ্গলবার সরেজমিনে তদন্ত করে জানান, জমিটি বন বিভাগের বলে সত্যতা মিলেছে।বন বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বংকী গ্যাস চৌরাস্তা এলাকায় বন বিভাগের ২ নম্বর খতিয়ানের ৫৭৪ দাগে প্রায় কোটি টাকা মূল্যের ২৫ শতাংশ জমি রয়েছে। অভিযোগ উঠেছে, সখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম সম্প্রতি ওই জমি দখল করে ঘর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে গত শুক্রবার বন বিভাগের বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমান চৌধুরী ও গজারিয়া বিট কর্মকর্তা আবদুল খালেকসহ বন বিভাগের কর্মীরা নজরুলকে ঘর নির্মাণ না করার অনুরোধ জানান। অনুরোধ উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যান নজরুল। পরদিন বন বিভাগের কর্মকর্তারা বাধা দিতে গেলে নজরুল তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ওই দিনই বিট কর্মকর্তা আবদুল খালেক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি কাজে বাধা ও জমি দখলের অভিযোগ এনে সখীপুর থানায় মামলা করতে যান। কিন্তু সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মামলা না নিয়ে অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে তালিকাভুক্ত করেন। গত রোববার আবদুল খালেক বন বিভাগের গেজেটের কপি নিয়ে আবার মামলা করতে থানায় যান। আবদুল খালেক অভিযোগ করেন, সরকারি কাজে বাধা ও জমি দখলের অভিযোগ এনে মামলা করতে চাইলে থানা কর্তৃপক্ষ তা না করে জিডি হিসেবে লিপিবদ্ধ করে। তিনি অভিযোগ করে বলেন, ‘নজরুল ইসলাম থানার ভেতরেই আমাকে হত্যার হুমকি দেন ও আমাকে হয়রানি করার জন্য একটি অভিযোগ থানায় জমা দেন।’ ওই দিনই তিনি এ ব্যাপারে জিডি করেন। বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা শহিদুর রহমান চৌধুরী বলেন, ‘বন বিভাগের জমি দখলের বাধা দেওয়ায় নজরুল ইসলাম আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’একটি সূত্র জানায়, নজরুল সরাসরি এ জমি দখল করলেও এর পেছনে উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা জড়িত। সবাইকে হাত করেই তিনি এই দখল-প্রক্রিয়া চালাচ্ছেন। বুধবার সরেজমিনে দেখা যায়, বন বিভাগের ওই জমিতে মাটি ফেলা ও ঘর নির্মাণকাজ চলছে।টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা অসিত রঞ্জন পাল বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বন বিভাগের পক্ষ থেকে টাঙ্গাইলের পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।বন বিভাগের মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওসি মহিউদ্দিন প্রথমে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে বলেন, ‘বন বিভাগের পক্ষ থেকে যেভাবে লিখে আনা হয়েছিল, তাতে মামলা হিসেবে রেকর্ড করা যায় না।’যোগাযোগ করা হলে নজরুল ইসলাম দাবি বলেন, ‘পৈতৃক জমিতে ঘর নির্মাণ করছি। বন বিভাগ অহেতুক বাধা দিচ্ছে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘বিট কর্মকর্তার দাবিমতো ঘুষ না দেওয়ায় হয়রানির জন্য আমার বিরুদ্ধে জিডি করেছেন।’জমি দখলে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সংশ্লিষ্ট সম্পর্কে জানতে চাইলে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘বিষয়টি মীমাংসা করার জন্য শিগগিরই বৈঠকে বসা হবে।’