বনের তারকাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁদের শৈশব-কৈশোর গ্রামে কেটেছে, তাঁরা পথ চলতে গিয়ে এই ফুলটি নিশ্চয় দেখেছেন। এমনকি শহরের এক টুকরো পরিত্যক্ত জায়গায়ও দেখা পেতে পারেন এই ফুলের। অফুরন্ত এর প্রাণশক্তি। তবে আজকাল মানুষের নৃশংস প্রকৃতি হত্যাযজ্ঞের কাছে ওরাও হার মানছে। ফুল যেমন বাহারি, ফলও তেমনি সুদর্শন। বাড়ির আশপাশে আপনা আপনিই জন্মায়। অবহেলা আর অনাদরে বেড়ে ওঠে বলেই আমাদের চোখ এড়িয়ে যায়। তবে সারা গা কণ্টকিত হওয়ায় কেউ খুব একটা ঘাঁটায় না এদের।ফেরোক্স জাতের ফল মার্বেল আকৃতির, পাকলে হলুদ-সোনালি রঙের। অঞ্চলভেদে গোটবেগুন বা রামবেগুন নামেই বেশি পরিচিত। দেখতে অনেকটা আমাদের আদি টক বেগুনের মতো। সে জন্যই এমন নামকরণ। ইংরেজি নাম শ্রাবি নাইটসেড, ফরেস্ট স্টার ইত্যাদি। কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে শীতলক্ষ্যা পাড়ি দিয়ে গ্রামের ভেতর হাঁটতে গিয়েই ফুলটি চোখে পড়ে। অসংখ্য ফুলে ঝলমল করছিল গাছটি। গড়নের দিক থেকে অনেকটা আলু বা টমেটো গাছের মতো। গাছ গুল্মশ্রেণীর, দুই থেকে তিন মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা রোমশ, মখমলের মতো, ১৫ থেকে ২০ সেন্টিমিটার লম্বা। ফুল ফোটে পর্যায়ক্রমে বসন্তের শেষ ভাগ থেকে প্রায় হেমন্ত অবধি। বেগুনি রঙের গুচ্ছবদ্ধ কলি থেকে পাঁচ পাপড়ির দুধসাদা ফুলগুলো ফোটে। মাঝখানের হলুদ গর্ভদণ্ডটি বেশ সুদৃশ্য। ফুল সতেজ থাকে বেশ কিছুদিন। ফুলের রূপ দেখে আকৃষ্ট হয়ে ছুঁয়ে দেখতে গেলে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে; না হলে কাঁটা ফুটতে পারে হাতে।আদি আবাস দক্ষিণ আমেরিকা ও হাওয়াই দ্বীপপুঞ্জ হলেও আমাদের দেশে অভিযোজনা অতি চমৎকার। সারা পৃথিবীতে এদের অসংখ্য প্রজাতি ছড়িয়ে আছে। প্রজাতিভেদে ফুল ও ফলের বর্ণবৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়। তার মধ্যে ১৯৯ প্রকারের গাছ বন-আলু নামে পরিচিত। কারণ এসব গাছ থেকে এক ধরনের আলু পাওয়া যায়। এগুলো দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে সহজদৃষ্ট এবং স্থানীয়ভাবে ভক্ষ্য। আন্দিজের টিউবরোজাম জাত থেকে কালো রঙের আলু পাওয়া যায়। এরা বর্ষজীবী, বহুবর্ষজীবীও হতে পারে। আমাদের দেশে জ্বালানি হিসেবেই বেশি ব্যবহূত হয়।সারা বিশ্বে এদের দুটি ঘনিষ্ঠ প্রজাতি থেকেই আলু ও টমেটো উৎপন্ন হয়। আমাদের দেশে বেশ কয়েকটি বুনো জাত আছে। আলোচ্য Solanum robustum জাতের মতো এগুলোও মোটামুটি সহজলভ্য। ফুলের বিচিত্র রং খুব সহজেই নজর কাড়ে। বংশবৃদ্ধি বীজের মাধ্যমে। গাছতলায় ছড়িয়ে থাকা বীজগুলো যেকোনো পরিবেশেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। এ অঞ্চলে অবহেলিত বুনো ফুল হিসেবে পরিচিত হলেও চমৎকার ঔষধি গুণের জন্য বেশ আদৃত।