বনের বাঘ ঘরে, অচেতন করে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাঘ আটক করেছেন বনকর্মীরা। ট্রাংকলাইজার গানের মাধ্যমে ইনজেকশন দিয়ে অচেতন করে লোকালয়ে চলে আসা বাঘটিকে আটক করা হয়। আজ রোববার ভোর পাঁচটার দিকে খুলনার কয়রা উপজেলার পশ্চিম সুন্দরবন সুন্দরবন-সংলগ্ন খাসিটানা গ্রামের একটি বাড়ি থেকে বাঘটিকে আটক করা হয়। বাঘটিকে আটকের পর কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।খাসিটানা গ্রামের শিক্ষক জি এম মশিউর রহমান জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বন বিভাগের খাশিটানা টহল ফাঁড়ির উত্তর পাশ দিয়ে শাকবাড়িয়া নদী পার হয়ে একটি বাঘ খাসিটানা গ্রামে ঢোকে। বাঘটি হেলেদুলে এসে সুন্দরবন-সংলগ্ন খাসিটানা গ্রামে ঢুকে পড়ে। পরে ওই গ্রামের বনজীবী সুজায়েতউদ্দিন গাজীর বাড়ির একটি কক্ষে আশ্রয় নেয়।সুজায়েতউদ্দিন গাজী জানান, বাঘটি তাঁর বাড়িতে ঢোকার আগেই তাঁরা দেখতে পেয়ে ভয়ে বাড়ি ছেড়ে দেন। একপর্যায়ে বাঘটি তাঁর বাড়ির একটি কক্ষে আশ্রয় নেয়। এ সময় চিত্কার শুরু করলে প্রথমে গ্রামের মানুষ বাঘটি যাতে ঘর থেকে বের হতে না পারে, এ জন্য ঘরের দরজা আটকে দিয়ে দূরে অপেক্ষা করতে থাকে। পরে বন বিভাগের সাতক্ষীরা ও খুলনা রেঞ্জের কর্মচারী-কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে বাঘ আশ্রয় নেওয়া ঘরটি ঘিরে ফেলে। রাত নয়টা থেকে রাতভর বাঘটি ওই কক্ষে আটকে রাখা হয়।পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌফিকুল ইসলাম ও খুলনা রেঞ্জ কর্মকর্তা জহিরুল হক জানান, আজ ভোর পাঁচটার দিকে বন বিভাগের খুলনা বিভাগীয় কর্মকর্তা মো. জহির উদ্দীন আহমদের উপস্থিতিতে সাতক্ষীরা কৈখালি স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন ট্রাংকলাইজার গানের মাধ্যমে চেতনানাশক ইনজেকশন দেন বাঘটিকে। কিছুক্ষণের মধ্যে বাঘটি অচেতন হয়ে পড়ে। পরে স্পিডবোটে করে খাঁচার মধ্যে ভরে বাঘটিকে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়িতে নিয়ে আসা হয়।বন বিভাগের কর্মকর্তারা আরও জানান, বাঘটির পেছনের ডান পা নেই। তিন পায়ের বাঘটির উচ্চতা তিন ফুট। লেজসহ লম্বা সাড়ে সাত ফুট। বয়স ছয় বছর। সেখানে খুলনা ওয়াইল্ড লাইফের পশুচিকিত্সক রেজা পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, বাঘটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে। সকালে সাতক্ষীরা রেঞ্জের কলাগাছি টহল ফাঁড়িতে বাঘটি নিয়ে আসার পর দুপুরে জ্ঞান ফিরে। দুপুরে বাঘটিকে মুরগি ও গরুর মাংস খেতে দেওয়ার পর বিকেল চারটির দিকে বন বিভাগের ওয়াইল্ড লাইফ টিমের সদস্যরা বিশেষ একটি পরিবহনযোগে বাঘটিকে নিয়ে কক্সবাজারের ডুলহাজারার সাফারি পার্কের উদ্দেশে রওনা হয়।খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মো. জহির উদ্দীন আহমদ ঘটনা নিশ্চিত করে বলেন, বাঘটি কক্সবাজারে পাঠানো হয়েছে।