বন্ডগার্ল হচ্ছেন ফ্রিদা পিন্টো
বন্ডগার্ল হতে যাচ্ছেন স্লামডগ মিলিয়নিয়ার-খ্যাত বলিউড অভিনেত্রী ফ্রিদা পিন্টো। সম্প্রতি বহু কোটি পাউন্ডের জেমস বন্ড-এর ২৩ নম্বর সিরিজে বন্ডগার্ল হিসেবে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেছেন ফ্রিদা। হলিউডে অস্কার আনতে গেলেও ফ্রিদা কখনো বলিউডে এখনো অভিনয় করেননি।পরিচালক স্যাম মেন্দেস ফ্রিদাকে আফগানিস্তানভিত্তিক এই চরিত্রটিতে অভিনয়ের আমন্ত্রণ জানান।টাইমস অব ইন্ডিয়া অনলাইন আজ সোমবার একটি সূত্রের বরাত দিয়ে জানায়, এ বিষয়ে পরিচালক স্যাম মেন্দেস বেশ উচ্ছ্বসিত। কারণ এটি ছিল অনেক দিনের একটি প্রোজেক্ট। আর ফ্রিদা ছিলেন স্যাম মেন্দেসের স্বপ্নের বন্ডগার্ল। তবে শুরুতে এই চরিত্রে অভিনয় করা নিয়ে বিচলিত ছিলেন ফ্রিদা। এটি ০০৭ সিরিজের সবচেয়ে উচ্চাভিলাষী ছবিগুলোর একটি।দ্য কুইন চলচ্চিত্রের জন্য ২০০৬ সালে গোল্ডেন গ্লোবজয়ী লেখক পিটার মর্গান এই চলচ্চিত্রের প্রথম খসড়া লিখে ফেলেছেন। চলচ্চিত্রটি এবারও খুব আকর্ষণীয় হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই চলচ্চিত্রে ডেনিয়েল ক্রেইগের সঙ্গে অভিনয় করবেন ফ্রিদা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বন্ড হতে যাচ্ছেন ড্যানিয়েল ক্রেইগ। যুক্তরাষ্ট্রের অভিনেত্রী অলিভিয়া ওয়াইল্ডকে আফগানিস্তানে কর্মরত জাতিসংঘের এক কর্মকর্তার চরিত্রে অভিনয় করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।একসময়ের সহ-অভিনেতা দেব প্যাটেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ফ্রিদা। ফ্রিদার বন্ডগার্ল হওয়ার বিষয়ে দেব জানান, তাঁর প্রেমিকার এই সংবাদে তিনি বেশ রোমাঞ্চিত।