বন্দর অচলের মতো কর্মসূচি চান না ব্যবহারকারীরা
চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার কোনো কর্মসূচি দেওয়া হলে তাতে সমর্থন দেবেন না বন্দর ব্যবহারকারীরা। একই ভাবে টার্মিনালের দরপত্র নিয়ে অনিয়মও মেনে নেওয়া হবে না। গতকাল শুক্রবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত বন্দর ব্যবহারকারী ফোরামের সভায় এই মত প্রকাশ করা হয়। সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এখনো বন্দর অচলের কোনো কর্মসূচি দেননি। এ ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তাও আপাতত নেই বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তবে একটি প্রতিষ্ঠানের হাতে বন্দর জিম্মি হওয়ার প্রতিবাদে প্রচারপত্র, মানববন্ধন ও সমাবেশের মতো লাগাতার কর্মসূচি দিয়ে অনিয়মের বিরুদ্ধে জোরালো জনমত গড়ে তুলবেন মহিউদ্দিন চৌধুরী। গতকাল ফোরামের সভায় বন্দর ব্যবহারকারী বলেন, বন্দরের দরপত্র নিয়ে যৌক্তিক সমস্যা থাকলে সেটা আগে ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। হঠাৎ করে এই আন্দোলন বন্দর ব্যবহারকারীদের শঙ্কিত করে তুলেছে। আবার বন্দরে কোনো অনিয়মও সমর্থন করা হবে না। বন্দর ব্যবহারকারী ফোরামের এই সমাবেশে ফোরামের উপদেষ্টা ও আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এম এ লতিফ এবং ফোরামের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম সরাসরিই বলেছেন, হঠাৎ করে বন্দর রক্ষা পরিষদের নামে কোনো অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে দেওয়া যাবে না। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘অনিয়ম হলে সেটা প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে যখন বন্দরে হস্তক্ষেপ করা হয়েছিল, তখন আমরা জোরালো প্রতিবাদ করেছি।’একাধিক সূত্র জানায়, গতকাল চেম্বার মিলনায়তনে ব্যবহারকারী ফোরামের সভায় ব্যবহারকারী সংগঠনের কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তাঁরা গত বৃহস্পতিবার রাতে নগরের একটি হোটেলে মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। তাঁরা হলেন শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত, বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। মহিউদ্দিনের সঙ্গে বৈঠকে ব্যবহারকারীরা বলেছেন, একটি প্রতিষ্ঠানের জন্য দরপত্রের মূল শর্তগুলো পরিবর্তনের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। তবে বন্দর অচল করা উচিত নয়। মহিউদ্দিন চৌধুরী ও বন্দর ব্যবহারকারী ফোরামের ডাকা উভয় বৈঠকে বিকেএমইএ, বন্দর ট্রাক মালিক সমিতি ও বিএমএসএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ৫৮২ কোটি টাকার নিউমুরিং কনটেইনার টার্মিনালের দরপত্রের গুরুত্বপূর্ণ ১২টি শর্ত সংশোধনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার চেষ্টার প্রতিবাদে গত মঙ্গলবার থেকে আন্দোলনের ঘোষণা দেন মহিউদ্দিন চৌধুরী। পরদিন নৌমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সাংসদ ও ফোরামের উপদেষ্টা এম এ লতিফের পরামর্শে ব্যবহারকারী ফোরামের সভা ডাকা হয়।