বন্দর নিয়ে উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর নিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও তাঁর বিরোধী পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে চট্টগ্রামের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও সরব মহিউদ্দিনের অনুসারীরা। অন্যদিকে মহিউদ্দিনের বিরোধীরা তাঁর বাড়ি ঘেরাও করার হুমকি দিয়েছেন।সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর পক্ষে এখন প্রতিদিনই কোথাও না কোথাও কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচিতে বন্দরের নানা অনিয়ম ও দাবিদাওয়া তুলে ধরার পাশাপাশি তাঁর বিরোধীদের সমালোচনা হচ্ছে। গতকাল বুধবার বন্দর ভবনের মূল ফটকের সামনে চেম্বার সভাপতি মোরশেদ মুরাদের কুশপুত্তলিকা পুড়িয়েছে বন্দর থানা ছাত্রলীগ। গতকাল বিকেলে পতেঙ্গা এলাকায় সমাবেশ করেন মহিউদ্দিনের অনুসারীরা। আজ বৃহস্পতিবার মহিউদ্দিনের পক্ষে চট্টগ্রাম চেম্বার ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে ১৪ দল। একই সময়ে একই স্থানে চেম্বার নেতারা প্রতিবাদ সভা করবেন বলে চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও সাংসদ এম এ লতিফ প্রথম আলোকে জানিয়েছেন।প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্র নিয়ে আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ শুরু থেকে মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতা করে আসছেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে সাংসদ লতিফ সমর্থন দেন বলে জানা গেছে। পরে এই পক্ষে যুক্ত হন চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনের আওয়ামী লীগের সাংসদ শামসুল হক চৌধুরী ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। মোরশেদ মুরাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। এনসিটি বিষয়ে তিনি গত শনিবার মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বিবৃতি দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিবৃতিতে মোরশেদ মুরাদ মহিউদ্দিন চৌধুরীর সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।দলীয় সূত্র জানায়, মোরশেদ মুরাদের বিবৃতি মহিউদ্দিনের অনুসারীদের ক্ষুব্ধ করে। এর পর থেকে প্রতিদিন চট্টগ্রামে সমাবেশ করে আসছেন মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা। অন্যদিকে মহাজোটের শরিক জাতীয় পার্টি মহিউদ্দিন চৌধুরীর বাড়ি ঘেরাও করার পাল্টা কর্মসূচির হুমকি দিয়েছে।এ প্রসঙ্গে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমার বাড়ি নাকি ঘেরাও করা হবে। আমি এসব পাত্তা দিচ্ছি না।’ তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে আমি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন করছি। সাইফ পাওয়ারটেককে কাজ পাইয়ে দিয়ে মাফিয়ারা বন্দরকে লুটেপুটে শেষ করে দিতে চাইছে।’জানতে চাইলে মোরশেদ মুরাদ বলেন, ‘আমি ব্যবসায়ীদের স্বার্থে কথা বলছি। বন্দরের এনসিটির দরপত্র নিয়ে উনি (মহিউদ্দিন) বরং ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমরা তাঁর সেই ভুল ধরিয়ে দিচ্ছি। এটা কি আমাদের অপরাধ?’মোরশেদ মুরাদের অভিযোগ, মহিউদ্দিন চৌধুরী বন্দর ইস্যুতে তাঁকে অপমান করে যাচ্ছেন। এ কারণে তাঁর সংগঠন জাতীয় পার্টি পাল্টা কর্মসূচি হিসেবে মহিউদ্দিন চৌধুরীর বাড়ি ঘেরাও করার হুমকি দিয়েছে।মহিউদ্দিনের অনুসারীরা মোরশেদ মুরাদের বিরুদ্ধে আদালতে দুটি মামলা করেছেন। আদালত এ বিষয়ে বিবাদীকে সমন দিয়েছেন। এ প্রসঙ্গে মোরশেদ মুরাদ বলেন, ‘আমার বিরুদ্ধে মামলা নিয়ে ভীত নই। আমি আইনগতভাবে মামলা মোকাবিলা করার প্রস্তুতি নিয়েছি।’চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগের দরপত্রে অনিয়মের অভিযোগ এনে গত রমজানের পর মহিউদ্দিন চৌধুরী আন্দোলন শুরু করেন। দরপত্রের শর্ত সংশোধন করে সাইফ পাওয়ারটেক লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন তিনি। শুরুতে মহিউদ্দিন চৌধুরী বন্দর শ্রমিক-কর্মচারীদের নিয়ে কর্মসূচি ঘোষণা করলেও পরে ধীরে ধীরে তাঁর পক্ষে চলে আসেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।সর্বশেষ গত রোববার মহিউদ্দিন চৌধুরীর কর্মসূচিকে ঘিরে বিরোধীরা যাতে স্থানীয় প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করতে না পারেন, সে জন্য হস্তক্ষেপ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন চৌধুরী। শেষ মুহূর্তে মন্ত্রী আফছারুল আমীনের সমর্থন পেয়ে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা উজ্জীবিত হয়ে ওঠেন। এদিকে আজ বৃহস্পতিবারের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন তৎপর বলে জানা গেছে। একদিকে চেম্বার ঘেরাও, অন্যদিকে চেম্বার নেতাদের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে পুলিশ কর্মকর্তাদের আশঙ্কা। এ কারণে আজ ভোর থেকে চেম্বার ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।