বন্দর নিয়ে চট্টগ্রাম আ.লীগের নেতারা মুখোমুখি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর ও জাহাজের জন্য ৬০০ পাহারাদার নিয়োগ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষে আছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক। অপর পক্ষে আওয়ামী লীগের দুই স্থানীয় সাংসদ এম এ লতিফ ও শামসুল হক চৌধুরী। তাঁদের অবস্থান মূলত নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পক্ষে বলে স্থানীয়ভাবে প্রচার আছে। সর্বশেষ গতকাল রোববার সকালে বন্দর নাগরিক অধিকার পরিষদের ব্যানারে মহিউদ্দিন চৌধুরী প্রতীকী অনশন ডাকেন। সাংসদ এম এ লতিফ একই সময়ে বন্দর এলাকায় পাল্টা সমাবেশ ডাকেন। এতে ক্ষমতাসীন দলের নেতাদের পরস্পরবিরোধী অবস্থান প্রকাশ্য হয়। উত্তেজনাকর এ পরিস্থিতিতে মহিউদ্দিনের বিরোধীরা স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে বন্দর এলাকায় ১৪৪ ধারা জারি করানোর চেষ্টা করেন। একজন মন্ত্রী এ জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেন। তবে শেষ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এ ধরনের কোনো পদক্ষেপ না নিতে প্রশাসনকে নির্দেশ দেন। গতকাল পুলিশ পাহারায় উভয় পক্ষ নির্ধারিত স্থানে কর্মসূচি পালন করে। বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডকে এনসিটির কাজ পাইয়ে দিতে মূল দরপত্র বাতিল করে একতরফাভাবে দরপত্রের শর্ত শিথিল করে নৌপরিবহন মন্ত্রণালয়। পরে অপারেটর নিয়োগ-প্রক্রিয়া আড়াই বছর ধরে আটকে আছে। আবার বন্দরে ৬০০ পাহারাদার নিয়োগ-প্রক্রিয়া শুরু হয় ২০০৮ সালে। একপর্যায়ে বিষয়টি উচ্চ আদালতে যায়। আদালত পাহারাদার নিয়োগ-প্রক্রিয়া শুরু করতে আদেশ দেন। কিন্তু বন্দর কর্তৃপক্ষ আপিল করলে আবার তা আটকে যায়। সর্বশেষ সুপ্রিম কোর্ট বন্দর কর্তৃপক্ষের আপিল খারিজ করে পাহারাদার নিয়োগের নির্দেশ দেন। কিন্তু তাতেও বন্দর কর্তৃপক্ষ গড়িমসি করছে। এসব ঘটনায় ষড়যন্ত্র হচ্ছে—অভিযোগ তুলে মহিউদ্দিন চৌধুরী বন্দর রক্ষায় আন্দোলনের ডাক দেন। বন্দর ব্যবহারকারীরা জানান, সাইফ পাওয়ারটেক ইতিমধ্যে বন্দরের সিসিডি টার্মিনালে কনটেইনার ওঠানো-নামানো, পরীক্ষামূলকভাবে এনসিটি টার্মিনালের দুটি জেটিতে কনটেইনার ওঠানো-নামানো ও খালি কনটেইনার অপসারণের কাজ করছে। এনসিটির কাজ পেলে বন্দরের সিংহ ভাগ কনটেইনার পরিচালনার কাজ এ প্রতিষ্ঠানের হাতে চলে যাবে। এতে এক ব্যক্তির কাছে দেশের প্রধান বন্দর জিম্মি হয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই অবস্থায় বাতিল হওয়া দরপত্রে অংশগ্রহণকারী দুই প্রতিষ্ঠান কেন্দ্রীয় ক্রয়সংক্রান্ত কারিগরি ইউনিটের গঠন করা রিভিউ প্যানেলে আবেদন করে। সম্প্রতি রিভিউ প্যানেল চলমান দরপত্র-প্রক্রিয়া বাতিলের আদেশ দেয়। একই সঙ্গে প্রথম দরপত্রে অযোগ্য বিবেচিত হওয়া সাইফ পাওয়ারটেকসহ দুটি প্রতিষ্ঠানকে দরপত্রে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করে আগের চারটি প্রতিষ্ঠানকে নিয়ে দরপত্র-প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। গতকাল সকালে বন্দর ভবনের সামনে অনুষ্ঠিত অনশন কর্মসূচিতে মহিউদ্দিন চৌধুরী রিভিউ প্যানেলের আদেশ ও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এনসিটির অপারেটর ও জাহাজের পাহারাদার নিয়োগের দাবি জানান। তিনি বলেন, আইন মেনে দরপত্র ও নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করলে বন্দর কর্তৃপক্ষের পাশে থাকবেন বলেও জানান তিনি। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বন্দরে দুই পক্ষের এ কর্মসূচিকে কেন্দ্র করে মহিউদ্দিনবিরোধী দুই সাংসদ ছাড়াও ঢাকা থেকে দুজন মন্ত্রী ১৪৪ ধারা জারির জন্য চাপ সৃষ্টি করেন। তাঁদের মধ্যে একজন সম্প্রতি শপথ নেওয়া একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী বলে জানা গেছে। জানতে চাইলে মহিউদ্দিনবিরোধী চট্টগ্রাম-১১ (পটিয়া) আসনের সাংসদ শামসুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দরে প্রতীকী কর্মসূচিকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সে জন্যই কেউ হয়তো স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন। এটা নৌমন্ত্রীও হতে পারে বা অন্য কেউ হতে পারে। জেলা প্রশাসন সূত্র জানায়, এ পরিস্থিতিতে স্থানীয় মন্ত্রী হিসেবে আফছারুল আমীন প্রশাসনকে কর্মসূচি পালনে গণতান্ত্রিক অধিকারের কথা স্মরণ করিয়ে দেন। তিনি ১৪৪ ধারা জারির মতো কোনো পদক্ষেপ নিতে নিষেধ করেন। বাধা এলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি প্রশাসনকে সতর্ক করে দেন। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন প্রথম আলোকে বলেন, ‘বন্দরে তো কর্মসূচি পালন নিয়ে কোনো অসন্তোষ দেখা দেয়নি। আমরাও চাই আইনের যত্রতত্র প্রয়োগ না হোক। এতে আইনের মর্যাদা থাকে না।’ আওয়ামী লীগের দুই পক্ষের এ বিরোধ সম্পর্কে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মাফিয়া চক্র বন্দর গ্রাস করতে চেয়েছিল। তারা চেয়েছিল সাইফ পাওয়ারটেককে ৫৮২ কোটির কাজ পাইয়ে দিতে। আমি দেশ ও বন্দরের স্বার্থে এর বিরোধিতা করেছি। রিভিউ প্যানেলের আদেশে প্রমাণিত হয়েছে, আমাদের আন্দোলন সঠিক।’সাংসদ শামসুল হক চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দরের কার্যক্রম যেকোনো সময়ের চেয়ে ভালো চলছে। কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যাতে স্থিতিশীলতা বিনষ্ট হয়। আমরা কাউকে বন্দরের স্থিতিশীলতা নষ্ট করতে দেব না।’গতকাল মহিউদ্দিন চৌধুরীর অনশনস্থল থেকে আনুমানিক ৪০০ মিটার দূরে ফকিরহাটে সমাবেশ করেন সাংসদ এম এ লতিফ। ডক বন্দর শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত সমাবেশে তিনি অভিযোগ করেন, বন্দরের পরিবেশ নষ্ট করতে মহিউদ্দিন চৌধুরী একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছেন।