বন্দর শ্রমিকদের বেতন-ভাতা শত ভাগ বাড়াতে হবে
চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী শ্রমিকদের বেতন-ভাতা শত ভাগ বাড়ানোর জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। আজ রোববার বিকেলে বন্দর এলাকায় বন্দর নাগরিক অধিকার পরিষদের কর্মিসভায় তিনি এ দাবি জানান। ১০ দিনের মধ্যে এ দাবি মানা না হলে নতুন কর্মসূচি দেওয়ার কথাও ঘোষণা করেন মহিউদ্দিন চৌধুরী।মহিউদ্দিন চৌধুরী বলেন, ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে অনেক আগেই শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছিল। এরপর বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হলেও গত ছয় বছরে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হয়নি। তাই এখন একসঙ্গে শ্রমিকদের বেতন-ভাতা শত ভাগ বাড়ানোর দাবি জানান তিনি। সরকারদলীয় সাংসদ এম এ লতিফের নাম উল্লেখ না করে সাবেক মেয়র বলেন, শ্রম আইন অনুযায়ী তিন চুক্তির মেয়াদে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর কথা সর্বোচ্চ ৯০ শতাংশ। সেখানে একটি চক্র ২৫ শতাংশ বেতন-ভাতা বাড়ানোর কথা তুলে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে।বন্দর নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক জহুর আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, নগর শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন, বন্দর নাগরিক অধিকার পরিষদের সদস্যসচিব মো. ইলিয়াছ, বন্দর কর্মচারী পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন প্রমুখ।তবে সম্প্রতি বন্দরের একটি কমিটি শ্রমিকদের বেতন-ভাতা ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে। কমিটির প্রতিবেদন বোর্ডসভায় অনুমোদন হলে এটি কার্যকর হবে।