বন্দর সড়কগুলোর এই হাল!
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের গুরুত্ব্বপূর্ণ রাস্তাগুলোর খোয়া উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভারত থেকে আমদানি করা পণ্য নিয়ে আসা ট্রাকসহ বিভিন্ন যানবাহন প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে। অথচ এই স্থলবন্দর থেকে সরকার বছরে ১০০ কোটি টাকারও বেশি রাজস্ব আদায় করে।সরেজমিনে দেখা গেছে, হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে পানামা পোর্ট হয়ে বড় ডাঙ্গাপাড়া পর্যন্ত, হাসপাতাল রাস্তা, চারমাথা মোড়, সিপি টেম্পো মোড় থেকে ধরন্দা রাস্তা, চারমাথা থেকে বাস টার্মিনাল হয়ে উপজেলা গেট এবং শান্তির মোড় থেকে বাজার পর্যন্ত রাস্তাগুলোর অবস্থা খুবই করুণ। এসব রাস্তার কার্পেটিং উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আগে রাস্তাগুলোতে চলাচল করা গেলেও সাম্প্রতিক বন্যায় আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নালা না থাকায় সামান্য বৃষ্টিতেই বন্দরের জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো আর সংস্কার করা হয় না।এদিকে বন্দরের কাস্টম হাউসের উপকমিশনার আবদুল মান্নান জানান, সরকার গত অর্থবছরে এ স্থলবন্দর থেকে ১২৮ কোটি টাকার রাজস্ব পেয়েছে। বন্দরের সুবিধায় এখানকার রাস্তাগুলো সংস্কার এবং প্রশস্ত করা দরকার। ভাঙা এবং অপ্রশস্ত হওয়ায় বন্দরের প্রধান রাস্তাগুলোতে প্রায় সময়ই যানজট লেগে থাকে। বন্দর গতিশীল করতে এসব সমস্যার সমাধান করা দরকার বলে তিনি মত দেন।বন্দরের স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রতিদিন রাস্তাটি দিয়ে ভারত থেকে আমদানি করা পণ্যবাহী শতাধিক ট্রাক ছাড়াও বিভিন্ন ভারী যানবাহন চলাচল করছে। অথচ রাস্তাগুলো ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। ফলে খোয়া উঠে রাস্তাগুলোতে ছোট-বড় গর্তের হয়ে সৃষ্টি হচ্ছে মরণফাঁদ।সরেজমিনে দেখা গেছে, মাঝেমধ্যে রাস্তার গর্তে ট্রাক বা বাস আটকে গেলে প্রায়ই বন্দরের চারমাথা, বাসস্ট্যান্ড ও পানামা পোর্টের সামনে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে বন্দরের স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, বন্দরের এই ভাঙা রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অনেক সময় পথচারীরা রিকশা উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছে।উপজেলা উপসহকারী প্রকৌশলী আবদুল মান্নান জানান, হাকিমপুর উপজেলায় এলজিইডির রাস্তার পরিমাণ ১৬৮ দশমিক ৪৮ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা ৪৭ কিলোমিটার এবং কাঁচা রাস্তা রয়েছে ১১৯ দশমিক ৬৩ কিলোমিটার। হিলি স্থলবন্দর এলাকায় পাঁচ কিলোমিটার ক্ষতিগ্রস্ত রাস্তা রয়েছে। তাড়াতাড়ি যাতে মেরামতকাজ হয়, সেদিকে নজর দেওয়া হবে বলে তিনি জানান।উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহিনুর রেজা বলেন, অচিরেই হয়তো বন্দরের রাস্তাগুলো সংস্কারের কাজ শুরু করা হবে। অনন্ত কুমার চক্রবর্তী বলেন, বন্দর এলাকার রাস্তাগুলো এত খারাপ যে চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। সম্প্রতি বন্যার পর আরও খারাপ হয়েছে। কিন্তু রাস্তা মেরামত বা সংস্কারে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না।সওজের উপসহকারী প্রকৌশলী (ফুলবাড়ী ডিভিশন) মো. শাহানুর রশিদ বলেন, স্থলবন্দরের ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোতে ঈদের আগে ইট-বালু ফেলে মেরামত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামতকাজ কয়েক দিনের মধ্যে করা হবে। তা ছাড়া স্থলবন্দর থেকে বিরামপুরের ঘোড়াঘাট রেলগুমটি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তাকে হাইওয়ের আওতায় আনা হয়েছে। অচিরেই এর টেন্ডার ডাকা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তোফাজ্জল হোসেন বলেন, ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে এলজিইডি, সওজ ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটি স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসকের কাছে সুপারিশ করবে। এর ভিত্তিতে সরকার এখানকার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি জানান।