বন্দরে, জাহাজে পণ্যজট
একদিকে হরতাল, অন্যদিকে নৌযানে কর্মবিরতি—দুই কর্মসূচির ফাঁদে পড়ে গত এক সপ্তাহে জাহাজে, বন্দরে ও ডিপোতে প্রায় ১৪ লাখ টন পণ্য জমে গেছে। নতুন করে কোনো কর্মসূচি না থাকলেও এই পণ্য পরিবহন করে অবস্থা স্বাভাবিক করতে প্রায় এক মাস লেগে যেতে পারে। বন্দর সূত্রে এ তথ্য জানা গছে। আর তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমইএর তথ্যমতে, হরতাল ও রাজনৈতিক সহিংসতার কারণে প্রায় ৮২ লাখ ডলার মূল্যের পোশাক বিদেশে পাঠানোর জন্য জাহাজীকরণ করা যায়নি। নির্দিষ্ট সময়ে ক্রেতার কাছে তৈরি পোশাক পৌঁছাতে যাঁরা আকাশপথ ব্যবহার করেছেন, তাঁদের ২৭ লাখ ডলার বিমান ভাড়া গুনতে হয়েছে। আর ২৩ লাখ ডলারের ফরমাশ বাতিল করেছেন বিদেশি ক্রেতারা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সহিংসতা ও হরতালের কারণে তৈরি পোশাক উৎপাদন, পরিবহন, বিপণন ও রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সময় থেকে গতকাল বুধবার পর্যন্ত বিজিএমইএর দপ্তরে বড় ২০টি প্রতিষ্ঠান তাদের ক্ষতির এই তথ্য জমা দেয়। তাই একে চলমান পরিস্থিতির খণ্ডচিত্র বলছেন মালিকেরা।জলে-স্থলে পণ্যজট: সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২৬টি বড় জাহাজে আটকা পড়েছে সাড়ে সাত লাখ টন ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল। সারা দেশের নদীপথে ৩১৭টি ছোট জাহাজে আটকা আছে আরও তিন লাখ ১৯ হাজার টন। এসব পণ্যের মধ্যে পৌনে চার লাখ টন ভোগ্যপণ্য এবং প্রায় ছয় লাখ ৯০ টন শিল্পের কাঁচামাল। খোলা ও বস্তাবন্দী পণ্য ছাড়াও চট্টগ্রাম বন্দরেও এখন পণ্যভর্তি কনটেইনার জমেছে ২১ হাজার ৩৩৫ একক। বন্দরের হিসাব অনুযায়ী, এসব কনটেইনারে আছে প্রায় তিন লাখ টন পণ্য। এ ছাড়া বেসরকারি কনটেইনার ডিপোতে আছে আরও তিন হাজার ৭১৯ কনটেইনার। অর্থাৎ কনটেইনারভর্তি পণ্য পড়ে আছে প্রায় সাড়ে তিন লাখ টন।বন্দর ও জাহাজ কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী তিন দিনে আরও প্রায় তিন লাখ টন পণ্য নিয়ে জাহাজ আসার কথা বন্দরে। আবার হরতাল-অবরোধ না হলে শুধু বহির্নোঙরে জমে থাকা পণ্য খালাস করতে সময় লাগবে অন্তত এক মাস। এক মাসে আসবে আরও বিপুল পণ্য। সামনে বর্ষা আসছে। বৃষ্টির সময় পণ্য খালাসের গতিও হ্রাস পায়। ফলে খুব দ্রুত এই পণ্যজট থেকে মুক্তি মিলছে না বলে মনে করেন ব্যবসায়ীরা।জানতে চাইলে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত গতকাল প্রথম আলোকে বলেন, ‘বহির্নোঙরে পণ্য খালাসে গত কয়েক বছরে আমরা সুনাম অর্জন করেছিলাম। এখন সারা দুনিয়া জানছে, আমাদের নেতিবাচক দিক। জাহাজের মালিকেরা উদ্বিগ্ন। পণ্যের ভাড়া বাড়িয়ে দেওয়া ছাড়া এ পথে আসতে চাইবেন না তাঁরা।’এই কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, বহির্নোঙরে ২৬টি বড় জাহাজের পরিচালন ব্যয় বাবদ এখন প্রতিদিন তিন কোটি টাকা জাহাজের মালিকদের পকেট থেকে যাচ্ছে। ৫০ হাজার টন পণ্য একটি জাহাজ থেকে খালাস করতে সময় লাগত দুই সপ্তাহ। আটকে থাকা জাহাজগুলো গত এক সপ্তাহে কোনো পণ্য খালাস করতে পারেনি। অর্থাৎ বন্দরের বহির্নোঙরে জাহাজের গড় অবস্থানের সময় বাড়ছে, যা বন্দরের দক্ষতার সূচকে নেতিবাচক প্রভাব ফেলছে। বন্দর কর্তৃপক্ষের হিসাবে দেখা গেছে, প্রতি মিনিটে চট্টগ্রাম বন্দর দিয়ে পরিবহন হচ্ছে ৮৩ টন পণ্য। মাত্র এক মিনিট গাড়ি বা পণ্য খালাসের যন্ত্রপাতির চাকা না ঘুরলে আটকে যাচ্ছে এ পণ্য। দিনের শেষে হিসাব দাঁড়াচ্ছে এক লাখ ১৯ হাজার টন বা ১০ কোটি কেজি। গত এক সপ্তাহ টানা কর্মসূচির কারণে পণ্য পরিবহনের ব্যবস্থা ভেঙে পড়েছে।চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, হরতালের কারণে সড়ক ও রেলপথে পণ্য পরিবহন হচ্ছে না। নৌযানে কর্মবিরতির কারণে জলপথও বন্ধ। এসব পণ্য খালাসে এখন বাড়তি টাকা খরচ হবে। এই টাকা পণ্যের খরচের সঙ্গে যুক্ত হবে এবং ভোক্তার পকেট থেকেই তা যাবে।পোশাক খাতের ক্ষতি: বিজিএমইএর তথ্যমতে, চলমান সহিংস ঘটনায় ১০টি পোশাক কারখানার পণ্য পিকেটার বা হরতালের কারণে ক্ষতিগ্রস্ত হয়, যার দাম নয় লাখ এক হাজার ৪৬১ ডলার। জানতে চাইলে অ্যাডারেমস অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল হক প্রথম আলোকে বলেন, ‘ক্রেতারা আমার প্রতিষ্ঠানের ৫৬ হাজার ১৯৫ ডলারের ফরমাশ বাতিল করেছেন। পরিবহনব্যবস্থা অচল থাকায় দুই লাখ ৮২ হাজার ১৪৬ ডলারের তৈরি পোশাক বন্দরে জাহাজীকরণ করা যায়নি। পরে উড়োজাহাজে ওই পোশাক ক্রেতার কাছে পাঠানোর ব্যবস্থা করি। এতে আমাকে ৯২ হাজার ৪৮৭ ডলার বাড়তি ভাড়া গুনতে হয়েছে।’ শহীদুল হক হতাশা ব্যক্ত করে বলেন, ‘রাশিয়ায় আমাদের নতুন বাজারের সুযোগ সৃষ্টি হয়েছে। চলমান অস্থিরতায় এই সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘রাশিয়া থেকে নতুন ক্রেতা এসেছিল আমার কাছে। হরতাল-অস্থিরতা দেখে তিনি রাশিয়ায় ফিরে গিয়ে আমাকে ই-মেইল করে জানান, ভয়ানক ঝুঁকি নিয়ে বাংলাদেশে থেকে পোশাক নিতে তিনি রাজি নন।’ বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও কম্বাইন্ড ট্রেক্সওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল হক বলেন, চলমান সহিংসতার কারণে পোশাকশিল্প খাত লক্ষ্যমাত্রার চেয়ে ২২ শতাংশ পিছিয়ে গেছে। এভাবে চলতে থাকলে জুন-জুলাইয়ের দিকে এ খাতের ভয়াবহ চিত্র পাওয়া যাবে।