বন্দরে আটকে আছে ছয় হাজার কোটি টাকার পণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারি মাসে চট্টগ্রাম বন্দর থেকে গড়ে প্রতিদিন পণ্যভর্তি কনটেইনার খালাস হয়েছে এক হাজার ৯২৫ একক। ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা কমে দাঁড়ায় এক হাজার ৬১৫ কনটেইনার। আর মার্চে তা আরও কমে হয়েছে এক হাজার ৪৫০। দেশজুড়ে হরতাল-সহিংসতা অব্যাহত থাকায় এভাবে প্রতিদিন বন্দর থেকে কনটেইনার খালাসের হার কমছে। তবে ফেব্রুয়ারি মাসে খালাস কমলেও জাহাজ থেকে প্রতিদিন গড়ে পণ্যভর্তি কনটেইনার নামানো হয়েছে দুই হাজার ৮৫টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে)। আমদানির তুলনায় খালাসের হার কমে যাওয়ায় বন্দরে এখন কনটেইনার জট দেখা দিয়েছে। ফলে দুই মাসের ব্যবধানে বন্দর চত্বর থেকে খালাস না হওয়া কনটেইনারের সংখ্যা ১৩ হাজার থেকে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজারে।এসব কনটেইনারে আনুমানিক ছয় হাজার কোটি টাকার পণ্য পড়ে আছে বলে ধারণা পাওয়া গেছে। এ বিষয়ে কাস্টম হাউসের কমিশনার মো. মাসুদ সাদিক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বন্দর থেকে পণ্য খালাস কমে যাওয়ায় কাস্টম হাউসে শুধু গত মাসেই ৮০০ কোটি টাকা রাজস্ব কম আদায় হয়েছে। জানতে চাইলে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রথম আলোকে বলেন, হরতাল-অস্থিরতায় উত্পাদন স্থবির হয়ে গেছে। ফলে নিরাপত্তার অভাবে বন্দর থেকে পণ্য খালাস এবং কারখানায় নেওয়া যাচ্ছে না। লোকসানে পড়েও বন্দর থেকে অনেকে পণ্য খালাস করতে পারছেন না। ব্যবসায়ী ও শুল্ক কর্মকর্তাদের সঙ্গে আলাপে জানা গেছে, পদ্ধতিগত জটিলতার কারণে বন্দর থেকে এমনতিইে কনটেইনারভর্তি পণ্য খালাসে গড়ে ১৭ দিন সময় লাগে। এসবের মধ্যে রয়েছে আমদানি চালানের কাগজপত্রে গরমিল, মূল দলিলপত্র হাতে না পাওয়া, পণ্য খালাসে নমুনা পরীক্ষার ফল পেতে বিলম্ব ইত্যাদি। এসব পণ্য খালাস করতে হলে পণ্যভেদে শূন্য থেকে সর্বোচ্চ ৮০০ শতাংশ পর্যন্ত শুল্ককর পরিশোধ করতে হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে হরতাল ও অস্থিরতার কারণে শুল্ককর পরিশোধ করে পণ্য খালাস নিতে পারছেন না ব্যবসায়ীরা। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম মনে করেন, মার্চ মাসে ১৫ দিনও ব্যবসায়িক কর্মকাণ্ড চালানো যায়নি। ব্যবসা করতে না পারায় ব্যাংকের দেনা শোধ করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে নতুন করে টাকা পরিশোধ করে পণ্য খালাসও করতে পারছেন না। হরতাল-সহিংসতা অব্যাহত থাকলে বন্দরও একসময় পণ্যের ভারে অচল হয়ে পড়বে। কাস্টম হাউসের কর্মকর্তা ও পণ্য খালাসে নিয়োজিত আমদানিকারকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, প্রতি কনটেইনারে গড়ে ২৫-৩০ লাখ টাকার পণ্য থাকে। পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্টের বন্দরবিষয়ক সম্পাদক লিয়াকত আলী হাওলাদার জানান, গড় হিসাব করলে ১৯ হাজার কনটেইনারে আনুমানিক ছয় হাজার কোটি টাকার পণ্য আছে।বন্দরের ২৪ মার্চের এক প্রতিবেদনে বলা হয়, পড়ে থাকা কনটেইনারের মধ্যে ন্যূনতম চার মাসের বেশি সময় পড়ে আছে এমন কনটেইনারের সংখ্যা দুই হাজার ৮২৯ একক। এসব কনটেইনার নিলামে তোলার জন্য কাস্টম হাউসের কাছে কাগজপত্র দেওয়া হয়েছে।বন্দরের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, বাকি কনটেইনারগুলো পড়ে আছে ন্যূনতম এক সপ্তাহ থেকে দুই মাস সময় পর্যন্ত। পণ্য আমদানির প্রক্রিয়া অনুযায়ী, কনটেইনারে পড়ে থাকা এসব পণ্য কেনা বাবদ বিনিয়োগ আমদানিকারক এবং ব্যাংকের। দেশে পণ্য নামার পর রপ্তানিকারকের হাতে অর্থ পৌঁছে যায়। কিন্তু সময়মতো খালাস না হওয়ায় আমদানিকারক ও ব্যাংকের পুঁজি আর ঘুরছে না।