সেনাবাহিনীর হস্তক্ষেপে অবশেষে গতকাল বুধবার বিকেল থেকে চট্টগ্রাম বন্দরের ১২টি জেটির জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে। একই সময় বন্দরের সংরক্ষিত জেটি এলাকার বাইরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০-৩৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২৯ জন শ্রমিককে আটক করেছে।বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের এক কোম্পানি (প্রায় ১৫০ জন) সেনাসদস্য গতকাল বিকেল চারটার দিকে বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় অবস্থান নেন। সেনাসদস্যদের সহায়তায় বার্থ অপারেটররা তাদের নিজস্ব শ্রমিকদের মাধ্যমে বিকেল পাঁচটা থেকে কাজ শুরু করে। রাত আটটার পালা থেকে ১২ জেটিতে কাজ শুরু হয়। সূত্র জানায়, নৌপরিবহন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এক আদেশের মাধ্যমে বন্দরের কাজে সেনাসদস্য মোতায়েন করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেনাসদস্যরা বন্দরের কাজে নিয়োজিত থাকবেন। সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসহাব উদ্দিন, হালিশহর আর্টিলারি সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হালিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল রাতে বন্দর জেটি এলাকা পরিদর্শন করেন।সেনাবাহিনী মোতায়েনের আগে ছয় জেটির কাজ চালু করা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকনেতা ও বার্থ অপারেটরদের কয়েক দফা বৈঠক হয়। এর মধ্যে সমঝোতা না হওয়ায় গত সোমবার রাতে আরও ছয় জেটির কাজ বন্ধ হয়ে যায়। নৌমন্ত্রী শাজাহান খান গত মঙ্গলবার চট্টগ্রামে এসে সমঝোতার চেষ্টা চালান। কিন্তু শ্রমিকেরা কাজে যোগ দিতে রাজি হননি। বরং মঙ্গলবার বিকেলে জোর করে বন্দরের ৪ নম্বর জেটি গেট খুলে ভেতরে ঢুকে পুরো জেটির নিয়ন্ত্রণ নেন। সংঘর্ষ যেভাবে শুরু: নগর পুলিশ গতকাল বিকেল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বারিক বিল্ডিং থেকে সল্টগোলা বন্দর এলাকায় সভা-সমাবেশ, জমায়েত, বৈধ-অবৈধ অস্ত্রশস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। এরপরও ডক বন্দর শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে নিমতলা থেকে দুটি মিছিল বের হয়। অনেকে কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন। একাংশ মিছিল নিয়ে কাস্টমস মোড় এলাকায় গেলে পুলিশ মিছিলকারীদের আটকে দেয়। পরে তাঁরা নিমতলা হয়ে ফকিরহাট এলাকার দিকে গেলে পুলিশ বাধা দেয়। শ্রমিকদের অন্য অংশ মিছিল করে ফকিরহাট হয়ে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত যায় এবং আবার ফকিরহাটে আসে। এখানে দুটি মিছিল একত্র হলে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। কিন্তু তারা মিছিল করার চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় শ্রমিকেরা অন্তত ১৫-১৬টি গাড়ি ভাঙচুর করেন। পুলিশের লাঠিপেটায় আহত হন ৩০-৩৫ জন শ্রমিক। একপর্যায়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিক্ষোভকারীরা হালিশহর এলাকার দিকে চলে যায়। সেখান থেকে পুলিশ ২৯ জনকে আটক করে। নগর পুলিশ কমিশনার আবুল কাশেম বন্দর রেস্ট হাউসে উপস্থিত সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞা ভেঙে মিছিল-সমাবেশ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করায় ২৯ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশের লাঠিপেটায় কেউ আহত হয়েছে কি না, তা তাঁর জানা নেই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্দর এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে। শ্রমিকেরা যে কারণে বেপরোয়া: বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দরের সংস্কার চলাকালে শ্রমিকদের দেনা-পাওনা বুঝিয়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে বিলুপ্ত করা হয় সরকারনিয়ন্ত্রিত ডক শ্রমিক পরিচালনা বোর্ড। কিন্তু বর্তমান নৌমন্ত্রী চাকরিচ্যুত এসব শ্রমিক নেতাকে ঢাকায় ডেকে একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রমিকদের যাবতীয় দাবি মেনে চুক্তি সই করা হয়। শ্রমিকদের নিয়োগ দিতে যাচাই-বাছাই কমিটি করে দুই হাজার ৬০০ জন শ্রমিকের তালিকা করা হয়। ইতিমধ্যে কয়েকটি ক্যাটাগরির শ্রমিকেরা সমিতি করে বন্দরে নিয়োগ পেতে কর্তৃপক্ষ ও বার্থ অপারেটরদের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বার্থ অপারেটররা বন্দরের কাজে বাড়তি শ্রমিক নিয়োগে অনাগ্রহী হয়ে ওঠে। তারা প্রয়োজনের বেশি শ্রমিক নেওয়ার সুযোগ নেই বলে জানিয়ে দেয়। ফলে তালিকাভুক্ত হয়েও সব শ্রমিক কাজ পাচ্ছিলেন না। মূলত এই বাড়তি শ্রমিক নিয়োগ এবং স্বাস্থ্যসেবাসহ আনুষঙ্গিক কল্যাণের বিষয় নিয়ে বার্থ অপারেটরদের সঙ্গে শ্রমিকদের বিরোধ শুরু হয়। নৌমন্ত্রীর তৎপরতা: নৌমন্ত্রী শাজাহান খান গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে এসে বন্দর রেস্ট হাউসে ওঠেন। এখানে তিনি পর্যায়ক্রমে বন্দর কর্মকর্তা ও বার্থ অপারেটরদের সঙ্গে বৈঠক করেন। গতকাল বেলা দেড়টার দিকে তিনি বন্দর রেস্ট হাউসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের একপর্যায়ে তিনি বন্দরে সেনা মোতায়েনের বিষয়টি শ্রমিকদের জানান। এরপরই শ্রমিকেরা বৈঠকস্থল ত্যাগ করেন। শ্রমিক নেতা মাহফুজুর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘সরকারের সিদ্ধান্তে সেনা মোতায়েন করা হয়েছে। এতে আমাদের বলার কিছু নেই। সরকার শ্রমিকদের দাবি মেনে নিচ্ছে কি না, সেটাই আমরা দেখতে চাই।’নৌপরিবহনমন্ত্রী গতকাল সন্ধ্যায় বন্দরের বিশ্রামাগারে সাংবাদিকদের জানান, ‘বৃহস্পতিবারের মধ্যে যেসব শ্রমিক কাজে যোগ দেবেন, তাঁদের বন্দরে কাজের নিশ্চয়তা দিচ্ছি। কেউ তাঁদের অকারণে ছাঁটাই করতে পারবে না। বন্দরে কর্মরত অবস্থায় তাঁরা যেসব সুযোগ-সুবিধা পেতেন এখন বার্থ অপারেটরের অধীনেও সেই সুযোগ-সুবিধা পাবেন।’ক্ষয়ক্ষতি: গত কয়েক দিন বন্দর আংশিক অচল থাকায় বহির্নোঙরে ১৭টি এবং জেটিতে পাঁচটি চাল-গমের জাহাজ আটকা পড়ে। খাদ্যশস্যবাহী জাহাজসহ বহির্নোঙর ও জেটিতে ৪৯টি জাহাজ এ অচলাবস্থার কবলে পড়ে। ফলে প্রতিটি জাহাজের জন্য প্রতিদিন অতিরিক্ত গড়ে ১০ হাজার মার্কিন ডলার ভাড়া গুনতে হচ্ছে জাহাজ-মালিকদের। আটকে পড়া খাদ্যশস্যের মধ্যে সরকারি চাল-গমবাহী জাহাজ আছে ১৩টি।বন্দর সূত্রে জানা গেছে, গতকাল থেকে ১২টি জেটিতে কাজ শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। কারণ বহির্নোঙরে অপেক্ষমাণ সরকারি-বেসরকারি খাদ্যশস্যবাহী ১৭টি জাহাজ থেকে পণ্য খালাস করতে অন্তত ১০ দিন সময় লাগবে। এ সময় আরও জাহাজ আসবে।বিজিএমইএর কৃতজ্ঞতা: অচলাবস্থা নিরসনে বন্দরে সেনা মোতায়েন করায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। বিজিএমইএ মনে করে, সেনা মোতায়েন সরকারের সময়োপযোগী পদক্ষেপ। বন্দর যাতে আর এক ঘণ্টাও বন্ধ না থাকে তা নিশ্চিত করতে সেখানে সেনা মোতায়েন অব্যাহত রাখার আহ্বান জানায় বিজিএমইএ। এদিকে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এক বিজ্ঞপ্তিতে বলেছে, শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। স্কপ মনে করে, সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বন্দর শ্রমিকদের সমস্যা সমাধানের প্রক্রিয়া যথাযথ নয়।