বন্দরে ১৬ টাকার খননের কাজ ১৪৫ টাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের চ্যানেল ড্রেজিং নীতিমালা লঙ্ঘন করে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত অর্থ দিয়ে বন্দরের শীর্ষ কর্মকর্তারা কর্ণফুলীতে ‘স্থানান্তরিত ড্রেজিং’-এর (নদীর তলদেশ থেকে মাটি ও বালু উত্তোলন) অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানটি সাত হাজার ৩৮৩ ঘনমিটার খননও করেছে। আবার প্রতিষ্ঠানটির অনুকূলে বিলও পরিশোধ করা হয়েছে। অথচ এর আগেই প্রতিষ্ঠানটির অনুকূলে বিল পরিশোধ না করতে ভূসম্পত্তি বিভাগ থেকে হিসাব বিভাগে চিঠি দেওয়া হয়েছিল। বন্দর সূত্র জানায়, ‘কর্ণফুলী চ্যানেল ড্রেজিং নীতিমালা ২০০৮’ অমান্য করে ৩০ হাজার ঘনমিটার খননের অনুমোদন দেওয়ায় আপত্তি জানিয়েছিল বন্দরের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ। কারণ, যেখানে যে স্থানে খনন করা হচ্ছে, তা মূল চুক্তির শর্তানুযায়ী প্রতি ঘনমিটার ১৬ টাকা ব্যয়ে সম্ভব। অথচ এখন ঘনমিটারপ্রতি ১৪৫ টাকা দেওয়া হচ্ছে। ফলে খনন বাবদ এখন ৪৩ লাখ ৫০ হাজার টাকা অনিয়মতান্ত্রিকভাবে ব্যয় পরিশোধ করতে হবে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বিদেশ সফরে থাকায় তাঁর সঙ্গে কথা বলা যায়নি। বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, নীতিমালা অনুযায়ী খননের অনুমতি দেওয়া উচিত ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সময় তিনি দায়িত্বে ছিলেন না। বিল নেওয়ার বিষয়টিও তিনি জানেন না। তিনি বলেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি। আমি দেখব।’বন্দরে জাহাজ চলাচল সচল রাখতে জেটির মুখ ও চ্যানেলের নানা স্থানে নিয়মিত রক্ষণাবেক্ষণ খননকাজ (মেনটেন্যান্স ড্রেজিং) করা হয়। ২০০৮ সালের ১৬ মার্চ মেসার্স ইসলাম ট্রেডিং অ্যান্ড এম এইচ আর করপোরেশনকে দুই বছর মেয়াদে দুই লাখ ঘনমিটার খননের কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী বন্দরের জেটিমুখে প্রতি ঘনমিটার ১৬৭ টাকা এবং জেটির বিপরীতে ১৬ টাকা দরে খনন করার কথা। এর বাইরে বন্দর কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজনে খননের অনুমোদন দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঘনমিটারপ্রতি ১৪৫ টাকা পরিশোধ করতে হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুক্তির এই শর্তকে পুঁজি করে বন্দর কর্মকর্তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা করে বিকল্প স্থানে খননের অনুমতি দেন। দেখা গেছে, বিকল্প স্থানে অনুমোদন দেওয়া হচ্ছে চর এলাকায়, যেখানে খননের সময় বালু পাওয়া যায়। সেই বালু বিক্রি করে ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হচ্ছে। বন্দরের নথিতে দেখা গেছে, কর্ণফুলী চ্যানেলের ডাঙ্গারচর এবং নেভাল বার্থের বিপরীতে ৩০ হাজার ঘনমিটার খননের জন্য কমোডর কমান্ডিং চট্টগ্রাম একটি লিখিত চিঠি দেন বন্দর চেয়ারম্যানকে। এ চিঠির পর গত ১৪ নভেম্বর ইসলাম ট্রেডিংকে ওই স্থানে খননের অনুমতি দেন বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অথচ কর্ণফুলী চ্যানেল খনন নীতিমালার (ছ) ধারায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানের জন্য খনন করতে হলে তা অনুমোদনের জন্য বোর্ডসভায় পাঠাতে হবে। বোর্ডের অনুমোদন পাওয়া গেলে তখনই বালু কিংবা মাটি উত্তোলনের অনুমতি দেওয়া যাবে। বন্দরের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের প্রতিবেদনেও বিষয়টি সুস্পষ্টভাবে বলা হয়েছে।নিরীক্ষা বিভাগের প্রতিবেদনে বলা হয়, কমোডর কমান্ডিং চট্টগ্রামের চাহিদা পাঠালেও খনন নীতিমালা লঙ্ঘনের কোনো সুযোগ নেই। তা ছাড়া যে পদ্ধতিতে এ স্থানে বালু উত্তোলন করা হচ্ছে, তা মূল চুক্তিনামার শর্তানুযায়ী প্রতি ঘনমিটার ১৬ টাকায় করা সম্ভব ছিল। এতে মোট ব্যয় হতো চার লাখ ৮০ হাজার টাকা।বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের প্রধান লে. কমান্ডার এম মিনারুল হক দাবি করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় খননকাজ স্থানান্তরের বিষয়টি নীতিমালায় আছে। তাই নতুন করে স্থানান্তরিত স্থানে খননকাজের জন্য কোনো অনুমোদন লাগবে না। বন্দরের নিরীক্ষা বিভাগের আপত্তির বিষয়টি তুলে ধরলে তা নিষ্পত্তি হয়েছে বলে তিনি দাবি করেন। জানা গেছে, অনুমোদন পেয়ে মাত্র ১৪ দিনে প্রায় সাত হাজার ৩৮৩ ঘনমিটার খনন করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। একই সময়ে তারা জেটিমুখে করে মাত্র ৪১৫ ঘনমিটার। দুই স্থানে মোট সাত হাজার ৭৯৯ ঘনমিটার খনন বাবদ ১১ লাখ ৪০ হাজার ২৭ টাকার বিল তৈরি করে প্রতিষ্ঠানটি। গত ১১ জানুয়ারি বিল অনুমোদন করা হয়। অথচ নিয়মানুযায়ী ৮০ শতাংশ বিল দেওয়ার কথা। ইসলাম ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ আমাকে যেখানে খননের জন্য বলবে, সেখানেই আমি কাজ করব।’ তিনি বিল তুলে নিয়েছেন বলে স্বীকার করেন। আবার বিল দেওয়ার আগে গত ৭ ডিসেম্বর বন্দরের ভূমি শাখা থেকে বন্দরের সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে চিঠি দিয়ে জানানো হয়, বন্দরের জায়গা অবৈধ ব্যবহার এবং ভাড়া বাবদ ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাছে বন্দরের প্রায় ২৯ লাখ টাকা বকেয়া রয়েছে। চিঠিতে ভূমি শাখার ছাড়পত্র ছাড়া বকেয়া বিল পরিশোধ না করার অনুরোধ জানানো হয়। ভূমি শাখার উপব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, বন্দরের সংশ্লিষ্ট কার্যালয় অনুরোধ না মেনে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল দিয়েছে। তাই বিল না দিতে গত মঙ্গলবার আবার নতুন করে চিঠি দেওয়া হয়েছে।আজিমউদ্দিন স্বীকার করেন, ‘বন্দরের জমি ব্যবহার করায় আমার প্রতিষ্ঠানের কাছে ভাড়া বকেয়া আছে। আমি চিঠি দিয়ে জানিয়েছে, এ ভাড়ার পরিমাণ ২৯ লাখ টাকা নয়, ১৮ লাখ টাকা।’