বন্দরের অর্থে মন্ত্রী-সাংসদসহ ১২ জন যাচ্ছেন পাঁচ দেশে
নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চারজনসহ মোট ১৭ সদস্যের একটি দল আগামী মঙ্গলবার থেকে পাঁচটি দেশের সাতটি বন্দর পরিদর্শনে যাচ্ছে। এই দলের ১২ জনের যাবতীয় ব্যয় বহন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে প্রায় ৫০ লাখ টাকা খরচ হবে বলে জানা গেছে। অন্য পাঁচজন হচ্ছেন ব্যবসায়ী ও তাঁদের প্রতিনিধি। তাঁরা যাবেন নিজ খরচে।বন্দরগুলো হচ্ছে ভারতের পেট্রাপোল স্থলবন্দর ও মুম্বাই সমুদ্রবন্দর, শ্রীলঙ্কার কলম্বো বন্দর, মালয়েশিয়ার পোর্ট কেলাং ও পেনাং বন্দর, চীনের সাংহাই সমুদ্রবন্দর ও হংকং সমুদ্রবন্দর। ১২ জানুয়ারি তাঁরা এই পাঁচ দেশে সফরে যাচ্ছেন। ফিরবেন ২৪ জানুয়ারি। চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এবং প্রস্তাবিত সোনাদিয়ার গভীর সমুদ্রবন্দরের ব্যবস্থাপনাসহ বন্দরের দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ সফরের আয়োজন করা হয়েছে।জানা গেছে, বন্দরের অর্থে মন্ত্রী-সাংসদদের বিদেশ সফরের কোনো বিধান নেই। কেবল প্রশিক্ষণের কাজে বন্দরের ব্যয়ে কর্মকর্তারা বিদেশে যেতে পারেন। কিন্তু বারবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদনে এভাবে বিদেশ সফর হচ্ছে। বন্দরের প্রশিক্ষণ খাত থেকে এ অর্থ ব্যয় করা হয়। গত মাসেও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাংসদ মইনউদ্দীন খান বন্দরের ব্যয়ে সস্ত্রীক ভারত সফর করেন।মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিনিধিদলে আছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান নূর-এ-আলম চৌধুরী, সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম, শামসুল হক চৌধুরী ও নজরুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল কুদ্দুস, উপসচিব নাসির আরিফ মাহমুদ, নৌমন্ত্রীর ব্যক্তিগত সচিব সোহরাব হোসেন শেখ, সংসদীয় কমিটির চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব আবদুল কাদের, সংসদ সচিবালয় কমিটির কর্মকর্তা এম মাসুম, মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর এম ফারুক ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ।জানা গেছে, এই ১২ জনের ভ্রমণের যাবতীয় ব্যয় বহন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তাঁদের আকাশপথের উড়োজাহাজের টিকিট বাবদ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা খরচ করেছে। এ ছাড়া অগ্রিম হিসেবে বন্দর থেকে তাঁরা গ্রহণ করেছেন আরও ২০ লাখ টাকা।বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দীন আহমেদ জানান, বন্দরের খরচে সফরকারীরা প্রকৃত ব্যয়ের ৮০ শতাংশ অগ্রিম নিতে পারেন। সে অনুপাতে তাঁরা অগ্রিম নিয়েছেন।পাঁচজন ব্যবসায়ী নিজ খরচেই সরকারি প্রতিনিধিদলের সঙ্গে যাচ্ছেন। তাঁরা হলেন মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী শাখাওয়াত খান, চট্টগ্রাম বন্দরের বেসরকারি পরিচালনাকারী প্রতিষ্ঠানের (অপারেটর) চারজন কর্মকর্তা তরফদার মো. রুহুল আমিন, শাহাদাত হোসেন, আবু সাইয়েদ ও মোহাম্মদ মফিউল আলম।বন্দর সূত্রে জানা গেছে, এর আগেও বিভিন্ন সরকারের আমলে এভাবে বন্দর কর্মকর্তা, কর্মচারী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা চট্টগ্রাম বন্দরের টাকায় বিদেশ সফরে গিয়েছেন। কিন্তু সফর শেষে তাঁরা হয় অন্য মন্ত্রণালয়ে বদলি হয়ে গেছেন কিংবা অবসরে চলে গেছেন। এ কারণে বন্দরের ওই অর্থ ব্যয়ের কোনো সুফল পাওয়া যায়নি।২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর যৌথ বাহিনীর তত্ত্বাবধানে নানা ধরনের সংস্কারের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের দক্ষতা আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছিল। এই সংস্কারের আগে কোনো কর্মকর্তা বিদেশি বন্দর পরিদর্শন করেননি। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে আরও ভালো কিছু করতে চাই। সে জন্যই আমরা এই সফরে যাচ্ছি।’ সফরে মন্ত্রী ও সংসদীয় কমিটির ব্যক্তিগত সহকারী কিংবা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, উপসচিবের কাজ কী—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সেখানে অনেক লেখালেখির কাজ করতে হবে। সে জন্য তাঁদের নেওয়া হচ্ছে।’অতীতে সরকারি ও বন্দর কর্মকর্তা অবসরে যাওয়ার আগে এভাবে বন্দরের টাকায় বিদেশ সফরে প্রচুর অর্থ ব্যয়ের বিষয়টি স্মরণ করিয়ে দিলে মন্ত্রী বলেন, ‘এবার অর্থের অপচয় হবে না। সংসদীয় কমিটির যাঁরা যাচ্ছেন, তাঁরা বন্দর নিয়ে আরও চার বছর কাজ করার সুযোগ পাবেন। অন্যরাও বন্দরের নীতিনির্ধারণী বিষয়ে কাজ করবেন।’নিজের খরচে বিদেশ সফরে যাওয়া বার্থ অপারেটর শাহাদাত হোসেন বলেন, ‘মন্ত্রী আমাদের বলেছেন, আরও যাঁরা যেতে আগ্রহী, তাঁরাও যেতে পারবেন। এ কারণে আরও তিনজন ব্যবসায়ী এ সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফলে প্রতিনিধিদলের সদস্যসংখ্যা ২০ জন হতে পারে।’