বন্দরের এত খারাপ অবস্থা আর হয়নি, দায়ী মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের দক্ষতা হ্রাস ও মান পড়ে যাওয়ার জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এবং সংসদীয় কমিটির অযাচিত হস্তক্ষেপকে দায়ী করেছেন বন্দর ব্যবহারকারীরা। এ জন্য নৌমন্ত্রীর পদত্যাগও দাবি করে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত ‘বিশ্ব বাণিজ্য এবং চট্টগ্রাম বন্দরের গতিশীলতা’বিষয়ক এক গোলটেবিল বৈঠকে নৌমন্ত্রীর সামনে ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ শিপার্স কাউন্সিল ও দৈনিক পূর্বকোণ যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করে। সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী।অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান ও বন্দর ব্যবহারকারী ১৫টি সংস্থার প্রতিনিধিসহ ৩৮ জন বক্তব্য দেন। নৌপরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। প্রায় চার ঘণ্টার এ বৈঠকে মন্ত্রী ও বন্দর ব্যবহারকারীদের মধ্যে একাধিকবার বাদানুবাদের ঘটনা ঘটে।অনুষ্ঠানে কয়েকজন ব্যবহারকারী বন্দর পরিস্থিতির অবনতির কারণে নৌমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘একজন মন্ত্রী ব্যর্থ হলে তাঁর পদে থাকার অধিকার নেই। আমি যদি ব্যর্থ হই, অবশ্যই এই পদে থাকার অধিকার আমার নেই। কিন্তু ব্যর্থতা কখন প্রমাণিত হবে, সেটা বিবেচনায় আনতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে আমরা বন্দরের অনেকগুলো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব।’এরপর অনুষ্ঠানের সঞ্চালক ও বিজিএমইএর সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত পাঁচ মাসের মধ্যে বন্দর পরিস্থিতি যে পর্যায়ে চলে গেছে, তার চেয়ে খারাপ আর হতে পারে না। তিনি জানতে চান, খারাপের মানদণ্ড আর কী হতে পারে? এর জবাব দিতে গিয়ে মন্ত্রী অপ্রাসঙ্গিক কথা বললে অনুষ্ঠানস্থলে হইচই শুরু হয়।পোর্ট ইউজার্স ফোরামের প্রতিনিধি হাসান মাহমুদ চৌধুরী বলেন, সাত দিনের মধ্যে অপারেটর নিয়োগের ওয়াদা করেছেন নৌমন্ত্রী। কিন্তু কেন করতে পারেননি, তা বলতে হবে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি নাসির উদ্দীন বলেন, সিন্ডিকেট করে বন্দরের কাজ ছয়জন বার্থ অপারেটরের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি এই সিন্ডিকেটের পক্ষে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন।ব্যবহারকারীদের প্রশ্নের মুখে নাসির উদ্দিন চৌধুরী সরাসরিই মন্ত্রীকে প্রশ্ন করেন, ‘সংসদীয় কমিটি যেভাবে হস্তক্ষেপ করছে, তা বন্ধ করতে পারবেন কি না, জানতে চাই। বন্দর চেয়ারম্যানকে কেন মাসের ১৭ দিনই মন্ত্রণালয়ে যেতে হয়? আমরা ব্যবসা করব না অন্য কিছু করব, সেই সিদ্ধান্ত দিতে হবে।’ জবাবে নৌমন্ত্রী বলেন, ‘সংসদীয় কমিটির খবরদারি আমার মন্ত্রণালয়ে চলে না। আমি শুধু পরামর্শই গ্রহণ করি। আবার তাদের অনেক পরামর্শ আমি গ্রহণ করি না। বন্দর চেয়ারম্যানকে মন্ত্রণালয়ে যেতে হয় দায়িত্ব পালনের কারণেই। কারণ প্রতি মাসেই সংসদীয় কমিটির সভা, এডিবির সভা, বন্দরবিষয়ক সভা থাকে। এগুলোতে উপস্থিত থাকতে হয়।’বৈঠকে ব্যবহারকারীরা বন্দরের সেবার মান কমে যাওয়ার উদাহরণ তুলে ধরে এ অবস্থার প্রতিকার চান। জাহাজের গড় অবস্থান সময় বৃদ্ধি, উৎপাদনশীলতা হ্রাস, আমদানি ও রপ্তানিপণ্য চুরি, দক্ষ কর্মকর্তাদের বদলি, ছয়টি জেটি বেসরকারি হাতে ছেড়ে দেওয়া নিয়ে দীর্ঘসূত্রতা, যন্ত্রপাতির সংকট, সব সিদ্ধান্তের জন্য বন্দর কর্তৃপক্ষকে মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয় উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন ব্যবহারকারীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বৈঠক হওয়ার পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও জানতে চান তাঁরা।বন্দর ব্যবহারকারীদের প্রশ্নের মুখে মন্ত্রী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে উপদেষ্টা কমিটি গঠন, বেসরকারি অপারেটর নিয়োগের মতো গুরুত্বপূর্ণ অনেকগুলো সমস্যার সমাধান হবে। অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দর খান বলেন, ‘সংসদীয় কমিটি ও মন্ত্রণালয় বন্দরের কাজে গঠনমূলক হস্তক্ষেপ করলে ঠিক আছে। কিন্তু ব্যবহারকারীরা বলছেন, সেটা হচ্ছে না। কেন্দ্র থেকে হস্তক্ষেপের কারণেই সরকারি বড় ইস্পাত কারখানা, অনেকগুলো পাটকল হারিয়েছি আমরা।’ তিনি বলেন, বন্দর চেয়ারম্যানকে সরকার নিয়োগ দিলে কেন তাঁর ওপর আস্থা থাকবে না? বন্দরের কাজ চট্টগ্রামে, ক্ষমতা ঢাকায় থাকলে হবে না। এখানে ক্ষমতা দিতে হবে।মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, গত ১৬ মাসে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ২৫০ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র সম্পন্ন হয়েছে। কিন্ত গণপূর্ত মন্ত্রী বা মন্ত্রণালয় থেকে একবারও খবরদারি করা হয়নি। তাহলে বন্দরে কেন হস্তক্ষেপ হবে? দক্ষতা ও আস্থার অভাব বলেই বন্দরের এ অবস্থা হয়েছে।বন্দর ডক-শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির দুই সদস্যের হস্তক্ষেপে তছনছ হয়ে যাচ্ছে বন্দর। সবাই জানলেও মুখ খুলে কেউ কিছু বলছেন না। গণখাতে ক্রয়বিধি লঙ্ঘন করে কোনো কিছু করা হলে মন্ত্রী ও বন্দর চেয়ারম্যানকে জেলে যেতে হবে।এরপরই বিজিএমইএর সাবেক পরিচালক এরশাদ উল্লাহ বলেন, সংসদীয় কমিটির হস্তক্ষেপে বন্দরের সমস্যা আরও ঘনীভূত হচ্ছে। চেয়ারম্যানকে আরও ক্ষমতা দিতে হবে।চট্টগ্রাম চেম্বারের পরিচালক এস এম আবু তৈয়ব বলেন, ‘এরপর আর কোনো সভা হবে না। আপনারা ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক সরকারের আমলের ব্যবস্থাকে পুনর্বহালের দাবি জানাব আমরা।’বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বন্দরের অবনতিশীল পরিস্থিতির কারণে তৈরি পোশাকশিল্পের গর্বের ব্যবসা আমরা হারাতে বসেছি। বন্দরের সংরক্ষিত এলাকা থেকে প্রতিনিয়ত রপ্তানিপণ্য হারিয়ে যাচ্ছে। বিদেশি ক্রেতারা প্রতিনিয়ত এ অভিযোগ দিচ্ছেন। অতীতে কোনো সরকারের সময় এত বেশি অভিযোগ পাইনি। আগামী নভেম্বরে নতুন মজুরি বাস্তবায়িত হলে বন্দর পরিস্থিতির জন্য চ্যালেঞ্জের মুখে পড়বে পোশাক খাত।’বন্দরের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে কোনো ম্যাজিক ছিল না। তখনকার পরিবেশে ব্যবহারকারীরা সহযোগিতা করেছিলেন। যৌথ বাহিনী ২০০৭ সালে কাজ শুরু করলেও সুফল আসে ২০০৮ সালে। গণতান্ত্রিক সরকারের ১৭ মাস পর্যন্তও বন্দর পরিস্থিতি অনেক ভালো ছিল। শুধু বন্দর জেটি পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে অবনতি হয়েছে। চেয়ারম্যানের এ বক্তব্যের সমালোচনা করে চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তাহলে কেন পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার পরও ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক করেননি? প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনার পরই বৈঠক করেছেন, এর আগে পাঁচ মাসে পরিস্থিতি খারাপ হলেও তখন বৈঠক ডাকেননি। চেম্বারের সভাপতি এম এ লতিফ মন্ত্রী ও চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছেন। বন্দর পরিস্থিতির অবনতির জন্য এটা কি যৌক্তিক নয়? রোজার সময় চেম্বার সভাপতি ও সাংসদ এম এ লতিফ বন্দর ভবনের সামনে অবস্থান ধর্মঘট করলেও চেয়ারম্যান হিসেবে আপনি সৌজন্যও দেখাননি।’এই দুর্যোগের সময় বন্দরের দক্ষতা বাড়াতে শতকোটি টাকায় বিদেশি পরামর্শক নিয়োগের পেছনে ব্যয় না করে লাখ টাকা বেতন দিয়ে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে (তৎকালীন যৌথ বাহিনীর চট্টগ্রামের প্রধান) বসানো হচ্ছে না কেন?বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, পোশাকশিল্পের প্রতি কনটেইনার কাঁচামাল আমদানি ও তৈরি পণ্য রপ্তানির জন্য ৪৪০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এই খরচের দায়ভার কে নেবে?সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন বলেন, কনটেইনার ওঠানো-নামানো করতে হলে এখন শ্রমিকদের ঘুষ দিতে হচ্ছে। সিঅ্যান্ডএফের নিজস্ব শ্রমিকপ্রথা চালু করলে কাউকে বাপ-দাদা ডাকতে হবে না।শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি কামাল হায়াত বলেন, বেসরকারি খাদ্যশস্যের জাহাজ জেটিতে ভিড়তে সময় লাগছে ২৩-২৪ দিন। অথচ সরকারি জাহাজকে দুই-তিন দিনের বেশি অপেক্ষা করতে হচ্ছে না। এই বৈষম্য কেন?বিজিএমইএর দ্বিতীয় সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ৩২ শতাংশ পণ্য পরিবহন বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন, তাহলে ট্রানজিট দেবেন কীভাবে? চট্টগ্রাম বন্দর কেন বিশ্বজুড়ে এখন ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল বন্দর হিসেবে বিবেচিত হচ্ছে?বন্দর চেয়ারম্যান বলেন, কিছু কনটেইনার জাহাজের গড় অবস্থান সাত থেকে আট দিন হলেও গড়ে ৪ দশমিক ৯৩ দিনের বেশি হয়নি। বন্দরের অবনতিশীল পরিস্থিতির জন্য পণ্য পরিবহনের হার বেড়ে যাওয়া, ক্রেনবিহীন জাহাজ বেশি আসা, নিজস্ব ব্যবস্থাপনায় কনটেইনার ওঠানো-নামানো পরিচালনাসহ আটটি কারণ শনাক্ত করা হয়েছে। বন্দর ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক করে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন বেসরকারি অপারেটর নিয়োগ হলে পণ্য ওঠানো-নামানো দ্রুততর হবে। বৈঠকে কাস্টম হাউসের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, বিজিএমইএ, চট্টগ্রাম চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (পিকডা), সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরস অ্যাসোসিয়েশন, ফ্রেইট ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, পোর্ট ইউজার্স ফোরাম, বারভিডা, করোগেটেড, বার্থ অপারেটর অ্যান্ড শিপ হ্যান্ডলিং অপারেটর অ্যাসোসিয়েশন ও বিকেএমইএর প্রতিনিধিরা বক্তব্য দেন।