মন্ত্রীর নেতৃত্বে গত বছরও এ ধরনের সফর হয়। সেই সফরের সুফল বন্দর পায়নি
বন্দরের টাকায় আনন্দভ্রমণ!
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল বন্দর দেখতে আগামী মঙ্গলবার চার দেশ সফরে যাচ্ছে। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, মিসর, কেনিয়া ও সিঙ্গাপুর। এ জন্য চট্টগ্রাম বন্দরের খরচ হবে প্রায় সাড়ে ৬৮ লাখ টাকা। এর ৮০ শতাংশ অর্থাৎ প্রায় ৫৫ লাখ টাকা অগ্রিম নেওয়া হয়েছে।এক বছর আগে মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান-সদস্যসহ ১২ জন সিঙ্গাপুরসহ ছয়টি দেশের বন্দর পরিদর্শন করেন। তখন খরচ হয়েছিল প্রায় ৪২ লাখ টাকা। সেই সফরের সুফল বন্দর কীভাবে পেতে পারে, সে ব্যাপারে কোনো প্রতিবেদন সফরকারীরা বন্দর কর্তৃপক্ষকে দেননি। বন্দরের সাবেক এক কর্মকর্তার মতে, এ ধরনের সফর আনন্দভ্রমণ ছাড়া কিছুই নয়।এবার নৌপরিবহনমন্ত্রীর নেতৃত্বে ১৪ সদস্যের দলে আছেন মন্ত্রীর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, একান্ত সচিব সোহরাব হোসেন শেখ, নৌপরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী, তাঁর ব্যক্তিগত সহকারী আবদুল কাদের জিলানী, সংসদীয় কমিটির দুই সদস্য মোস্তফা কামাল পাশা ও আবু জাহির, বন্দরের চেয়ারম্যান আনওয়ারুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুল কুদ্দুছ এবং পাঁচ ব্যবসায়ী। স্ত্রীর ভ্রমণ-খরচ মন্ত্রী দেবেন। এ ছাড়া ব্যবসায়ীরা তাঁদের খরচ বহন করবেন বলে জানা গেছে।এই সফর সম্পর্কে জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘আইডিয়া শেয়ারিংয়ের (ধারণা পেতে) জন্য যাচ্ছি।’ তবে বারবার এ ধরনের সফরে কেন যেতে হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা নতুন তো, তাই অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের বারবার যেতে হচ্ছে। তা ছাড়া বন্দর নতুন আঙ্গিকে চালাতে হলে নতুন আইডিয়া আনতে হয়, তাই যেতে হয়।’ তিনি বলেন, ‘আমি তো একা যাচ্ছি না, সবাইকে নিয়েই যাচ্ছি।’সূত্রমতে, এক বছর আগে চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালে (সিসিটি) পণ্য ওঠানো-নামানোর জন্য দরপত্র আহ্বান করার পর মন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান-সদস্যসহ ১২ জন সিঙ্গাপুর, চীন, হংকং, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারত সফর করেন। ওই দলে ছিলেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। গত বছরের ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই সফরে বন্দরের খরচ হয়েছিল ৪১ লাখ ৮০ হাজার টাকা। ওই সফরের পর অবশ্য সিসিটিতে পণ্য ওঠানো-নামানোর কাজটি সাইফ পাওয়ারটেকই পায়।বর্তমান সফর প্রসঙ্গে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমার কপালে ছিল বলে সিসিটির কাজ পেয়েছি। কপালে থাকলে এনসিটিও পাব। তবে এই দুই সফরের সঙ্গে বন্দরের কাজ পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই।’ তিনি এবার সফরে নাও যেতে পারেন বলে জানান। বন্দর চেয়ারম্যান কমোডর আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চারটি দেশের বন্দর পরিদর্শনের প্রস্তাব বন্দরের নয়, এটা মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ হিসেবে এসেছে। আর নতুন যোগ দেওয়ায় আমি বলেছি, আগে সবকিছু বুঝে নিই, তারপর বিদেশ যাওয়া যাবে। কিন্তু মন্ত্রণালয় থেকে আমাকেও যেতে বলা হয়েছে।’ বন্দরবিষয়ক গবেষক ও চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, এ ধরনের সফর আনন্দভ্রমণ ছাড়া কিছুই না। কারণ বিদেশি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আগে সুনির্দিষ্ট বিষয় চিহ্নিত করতে হয়। তাহলেই কেবল ফলপ্রসূ আলোচনা সম্ভব। তাঁর মতে, এ ধরনের অভিজ্ঞতা অর্জনের জন্য বন্দরের কর্মকর্তাদের যেতে হবে। তাহলে সেই অভিজ্ঞতা বন্দরের কাজে লাগবে। ৩১ লাখ টাকা বেশি ব্যয়: মন্ত্রীর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধিদলের বিদেশ সফরসংক্রান্ত মন্ত্রণালয়ের আদেশ (এমওএস/সিপিএস/এসএস: সিওএম-৩/২০০৯-১১৮) গত ১৫ ফেব্রুয়ারি পাওয়ার পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ খাতে ব্যয়ের হিসাব নির্ধারণ করে। সরকারি আদেশ অনুযায়ী আটজনের বিমান ও আনুষঙ্গিক ভাড়া বন্দর কর্তৃপক্ষের বহন করার কথা। এ জন্য মন্ত্রী ও দুই সাংসদের বিজনেস ক্লাসের বিমানভাড়া জনপ্রতি দুই লাখ ৪০ হাজার টাকা এবং অন্য চারজনের ইকোনমি ক্লাসের ভাড়া জনপ্রতি দুই লাখ টাকা করে হিসাব করা হয়। অর্থাৎ ভাড়া বাবদ খরচ হবে ১৭ লাখ ৬০ হাজার টাকা। কিন্তু ঢাকার একটি ট্রাভেল এজেন্সির দেওয়া ভাড়ার হিসাব টেনে গত বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বন্দরকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় বিমানভাড়া আরও ২২ লাখ ৪৬ হাজার ৯৭৬ টাকা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ ক্ষেত্রে জনপ্রতি উড়োজাহাজ ভাড়া বিজনেস ক্লাসের জন্য পাঁচ লাখ ৬১ হাজার ৭৪৪ টাকা এবং ইকোনমি ক্লাসের জন্য চার লাখ ৫৫ হাজার ২১৬ টাকার হিসাব দেওয়া হয়। এতে বিমানভাড়া বাবদ আটজনের জন্য খরচ হচ্ছে ৪০ লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অনুমোদিত ভাড়ার বাইরে বাড়তি প্রায় সাড়ে ২২ লাখ টাকা দিতে রাজি হচ্ছিল না। এ নিয়ে মন্ত্রণালয় থেকে চাপ দিয়ে গত বুধবার কোনো অনুমোদন ছাড়াই বাড়তি টাকা পে-অর্ডার আকারে পাঠানো হয়। বন্দরের প্রশিক্ষণকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক ঢাকায় গিয়ে এসব পে-অর্ডার সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে তুলে দেন বলে জানা গেছে। বন্দর থেকে পাওয়া হিসাবমতে, মন্ত্রী ও তিন সাংসদের প্রত্যেককে সাত লাখ ৯৪ হাজার টাকা এবং অন্য চারজনের প্রত্যেককে ছয় লাখ চার হাজার ২১৬ টাকা করে মোট ৫৪ লাখ ৭৫ হাজার ৮৪০ টাকা গত বুধবার অগ্রিম দেওয়া হয়। এটি মোট খরচের ৮০ শতাংশ। নিয়ম অনুযায়ী বাকি ২০ শতাংশ অর্থাৎ ১৩ লাখ ৬৮ হাজার ৯১০ টাকা তাঁরা ফিরে আসার পর দেওয়া হবে।