বন্দরের পাঁচটি গাড়ি ভাগাভাগি, মন্ত্রীর পিএসের দখলে একটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাকায় কেনা পাঁচটি পাজেরো জিপ ভাগাভাগি করে নেওয়া হয়েছে। প্রায় আড়াই কোটি টাকায় সম্প্রতি এসব গাড়ি কেনা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দরের চার ঊর্ধ্বতন কর্মকর্তা চারটি এবং মন্ত্রীর একান্ত সচিব (পিএস) একটি গাড়ি নিয়েছেন। নৌপরিবহনমন্ত্রীর পিএস সোহরাব হোসেন ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে গাড়ি চেয়ে চিঠি পাঠান। এরপর গত ২৪ জুলাই পাজেরো জিপটি ঢাকায় পাঠায় বন্দর কর্তৃপক্ষ।চারটি পাজেরো জিপ বরাদ্দ নিয়েছেন বন্দরের গাড়ি বরাদ্দ কমিটির চার সদস্য। তাঁরা হলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) নজরুল ইসলাম, সদস্য (মেরিন ও হারবার) এস আরিফ মাহমুদ, সদস্য (অর্থ) মোশারফ হোসেন ও সদস্য হাদি হোসেন। এঁদের মধ্যে তিনজন ব্যবহার করতেন গত বছরের ফেব্রুয়ারিতে কেনা নতুন মডেলের মিত্সুবিশি কার। হাদি হোসেনের ব্যবহূত ভিটেরা জিপটি (চট্ট মেট্রো-ঘ ১১-১০১৯) তিন মাস আগে কেনা হয়। নতুন গাড়ি আসার পর তিনিও আগেরটা বাদ দিয়ে নতুন পাজেরো নেন।জানতে চাইলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পিএস সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, পাজেরো জিপ হোক আর যে গাড়িই হোক, এই গাড়ি ব্যবহার করা হয় মন্ত্রীর সঙ্গে বিভিন্ন কাজে যাওয়ার জন্য। তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে একটি গাড়ি পাঠানোর জন্য বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি লেখা হয়েছিল। এর পরই গাড়িটি পাঠানো হয়।পিএস ক্ষোভ প্রকাশ করে বলেন, মন্ত্রীর পিএসরা গাড়ি ব্যবহার করেন, রাস্তায় হেঁটে বেড়ান না। এর আগে যাঁরা ছিলেন তাঁরাও এ ধরনের গাড়ি ব্যবহার করেছেন। মাসখানেক ধরে এই জিপটি তিনি ব্যবহার করছেন বলে জানান। পিএসরা এত দামি গাড়ি ব্যবহার করতে পারেন কি না, জানতে চাইলে সোহরাব হোসেন বলেন, ‘শুধু যে আমি এত দামি গাড়ি ব্যবহার করছি, তা নয়। মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এলজিআরডি মন্ত্রণালয়ের পিএস-এপিএস সবাই দামি গাড়ি ব্যবহার করছেন। অন্য মন্ত্রীর পিএসরাই শুধু নন, প্রতিমন্ত্রী-উপমন্ত্রীর পিএসরা কী ধরনের গাড়ি ব্যবহার করছেন, কোত্থেকে গাড়িগুলো পান, তা-ও আপনাদের খোঁজ নেওয়া উচিত।’নিয়ম অনুযায়ী সরকারের যুগ্ম সচিব মর্যাদার নিচের পদের কোনো কর্মকর্তা সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি পান না। সোহরাব হোসেন উপসচিব মর্যাদার কর্মকর্তা। মন্ত্রীর পিএস হওয়ার কারণে তাঁকে সংস্থাপন মন্ত্রণালয় থেকে চালক-জ্বালানিসহ একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ৫১-০৪৪৪৭) দেওয়া হয়।বন্দর সূত্র জানায়, বন্দর থেকে নেওয়া নতুন পাজেরো জিপটি (চট্ট মেট্রো ঘ-১১-১৪৯৮) মন্ত্রীর পিএসের পারিবারিক কাজেই বেশি ব্যবহূত হচ্ছে। এ জন্য বন্দরের দুজন চালককে (মামুন ও বাদশা) এই গাড়ির সঙ্গে সংযুক্ত রাখা হয়েছে। মাসে ১৫ দিন করে পালাক্রমে তাঁরা গাড়িটি চালান। এঁদের বেতন-ভাতা ও জ্বালানি খাতে প্রতি মাসে বন্দরের ব্যয় হচ্ছে প্রায় ৬০ হাজার টাকা।নতুন গাড়ির লক বই ঘেঁটে জানা যায়, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনেও পাজেরোটি ব্যবহার করা হচ্ছে।এর এক বছর আগে সোহরাব হোসেন বন্দরের আরও একটি জিপ (চট্ট মেট্রো-ঘ-১১-০১৩৬) ব্যবহার করেছিলেন। এটার জন্যও একইভাবে চালক ও জ্বালানি সরবরাহ করত বন্দর। জানা যায়, বন্দরের পাঁচটি গাড়ি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়ায় সেগুলোর প্রতিস্থাপন হিসেবে নতুন গাড়ি কেনা হয়। তার আগে পুরোনো পাঁচটি জিপ নিলামে বিক্রি করা হয়। এই গাড়িগুলো যন্ত্র প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, পরিবহন বিভাগের নির্বাহী প্রকৌশলী, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বন্দর কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট এবং মেরিন বিভাগের কাজে ব্যবহূত হতো। কিন্তু নতুন গাড়ি কেনা হলেও তাঁদের সেগুলো দেওয়া হয়নি। যাঁদের এসব গাড়ি পাওয়ার কথা, তাঁদের মধ্যে তিনজনকে গাড়ি ভাড়া করে দেওয়া হয়েছে। এর ফলে বন্দরের দৈনিক খরচ বেড়েছে ৪৫ হাজার টাকা।এ প্রসঙ্গে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান প্রথম আলোকে বলেন, সরকারি আইন অনুসারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজ তহবিলের টাকা দিয়ে কেনা গাড়ি মন্ত্রণালয়ের কেউ পেতে পারেন না। কেননা, এসব গাড়ি কেনার আগে কারণ দেখিয়ে কিনতে হয়েছে। সে অনুযায়ী ব্যবহার করতে হবে। বন্দর কর্মকর্তারা জানান, বন্দরের চেয়ারম্যান ও চার সদস্য সার্বক্ষণিক ব্যবহারের জন্য গাড়ি পান। বন্দর চেয়ারম্যানকে প্রধান করে এবং অন্য চার সদস্যের সমন্বয়ে গঠিত গাড়ি বরাদ্দ কমিটি প্রয়োজনীয়তা যাচাই করে গাড়ি বরাদ্দ দিয়ে থাকে। এ কারণে কোনো নতুন গাড়ি কেনা হলে তা প্রথমে চেয়ারম্যান ও সদস্যরা নিয়ে নেন এবং তাঁদের ব্যবহূত পুরোনো গাড়িগুলো অধস্তনদের হস্তান্তর করেন।গাড়ি ভাগাভাগি করে নেওয়ার ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এটা বন্দরের রেওয়াজ। কোনো নতুন গাড়ি এলে সেটা চেয়ারম্যান ও সদস্যরা নেবেন। উদ্বৃত্ত হলে অন্যদের দেওয়া হবে। তিনি স্বীকার করেন, প্রয়োজনীয়তা নিরূপণ করে নতুন গাড়ি বরাদ্দ দেওয়ার নীতিমালা বন্দরের আছে। কিন্তু তা মানা হয় না ।সংশ্লিষ্ট বিভাগগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, নিলামে পাঁচটি জিপ বিক্রির পর নতুন গাড়ি প্রতিস্থাপন না করায় ওই সব বিভাগে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। এ কারণে বন্দর ম্যাজিস্ট্রেট ও মেরিন বিভাগের পাইলট আনা-নেওয়ার জন্য বাধ্য হয়ে বন্দরকে নতুন করে দৈনিক ভিত্তিতে গাড়ি ভাড়া করতে হয়েছে। এ প্রসঙ্গে বন্দরের ম্যাজিস্ট্রেট ও অথরাইজেশন কর্মকর্তা মহিউদ্দিন আল ফারুক প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে ব্যবহূত পাজেরো জিপটি নিলামে বিক্রি হওয়ার পর এখন ভাড়া করা মাইক্রোবাস দিয়ে কাজ চালাতে হচ্ছে। এতে আদালতের কাজে অনেক অসুবিধা হচ্ছে।বন্দর থানার ওসি রেজাউল করিম বলেন, ‘আমার ব্যবহারের জন্য দেওয়া জিপটি নিলামে বিক্রির পর একটি পুরোনো গাড়ি দেবে বলে চেয়ারম্যান সাহেব বলেছেন। আমি সেটার জন্য অপেক্ষা করছি।’