যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের উৎপাদিত পণ্য বিক্রি করে গত এক দশক ধরে সরকারি কোষাগারে প্রতি বছর অন্তত অর্ধ কোটি টাকা জমা পড়েছে। গত অর্থবছরে (২০০৯-১০) কারাগারের উৎপাদন দুই তৃতীয়াংশে নেমে গেছে। কোষাগারে জমা পড়েছে মাত্র ১৪ লাখ টাকা। চলতি বছরে এ উৎপাদন আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।কারাগারের জেলার কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘কারাগারে সাড়ে চার হাজার বন্দী থেকে কমে এখন দুই হাজারের মধ্যে এসে দাঁড়িয়েছে। তার ওপর সম্প্রতি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৮৬ জন বন্দীকে সাধারণ ক্ষমায় মুক্তি দেওয়া হয়েছে। ঈদের আগে জামিনে বেরিয়ে গেছে আরও ৩০০ বন্দী। যে কারণে কারাগারে দক্ষ কারিগরের সংকট দেখা দিয়েছে। ফলে উৎপাদন কমে যাচ্ছে।’বন্দীদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে—তাঁতের তৈরি পাটের কার্পেট, নারকেলের ছোবড়ার তৈরি পাপোশ (মুছনি), বাঁশ ও প্লাস্টিকের চেয়ার-মোড়া, তাঁতের তৈরি লুঙ্গি, গামছা, চাঁদর ও বন্দীদের ব্যবহূত জামাকাপড়। এ ছাড়া তৈরি করা হয় অ্যালুমিনিয়াম ও দস্তার হাঁড়ি-কড়াই এবং কাঠের বিভিন্ন ধরনের আসবাবপত্র। এসব পণ্য বিক্রির জন্য কারাগারের প্রধান ফটকের পাশে গড়ে তোলা হয়েছে উৎপাদিত পণ্যের প্রদর্শনী কেন্দ্র।কারা অভ্যন্তরে লুঙ্গি, গামছা ও চাঁদর তৈরির জন্য ২০টি তাঁত যন্ত্র, কয়েদিদের জামা-পাজামা তৈরির জন্য সেলাই মেশিনের কারখানা, কার্পেট তৈরির জন্য হ্যান্ডলুমসহ পাঁচ ধরনের কারখানা রয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত বয়স্ক কয়েদিরা হচ্ছেন এসব কারখানার দক্ষ কারিগর। কারাগার সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে প্রদর্শনী কেন্দ্রে বিক্রি ও দেশের বিভিন্ন কারাগারে পণ্য সরবরাহ থেকে আয় হয়েছে ৪৫ লাখ ৯৪ হাজার টাকা। পরের ২০০৮-০৯ অর্থবছরে আয় হয় ৫০ লাখ ৩৯ হাজার টাকা। পরের বছর অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে তা কমে সাড়ে ১৪ লাখ টাকায় এসে দাঁড়িয়েছে। কারাগারের ঠিকাদার মোহাম্মদ শফি জানান, এ কারাগারের উৎপাদিত পণ্য বিক্রির আয় কখনো ৪০ লাখ টাকার নিচে নামেনি। অথচ গত অর্থবছর থেকে তা দুই-তৃতীয়াংশে এসে দাঁড়িয়েছে। পণ্য বিক্রির পর খরচ বাদে সরকারের সাড়ে ৩৭ শতাংশ লাভ থাকে বলে তিনি জানান।জেলার কামরুল হুদা বলেন, ‘পাঁচ বছরের ওপর সাজাপ্রাপ্ত বন্দীকে কেন্দ্রীয় কারাগারে রাখতে হবে—এমন নিয়ম থাকলেও বছর চারেক আগে তৎকালীন আইজি স্যার ঘোষণা দেন, বন্দীরা তাঁদের নিজ নিজ জেলার কারাগারে থাকবেন। এরপর এ কেন্দ্রীয় কারাগার থেকে একসঙ্গে প্রায় দেড় হাজার বন্দীকে বিভিন্ন জেলার কারাগারে পাঠানো হয়। সম্প্রতি আরও ৪০০ বন্দী কমে গেছে। এভাবে বন্দী কমে যাওয়ার কারণে পণ্যের উৎপাদন কমে যাচ্ছে।’