বন্দী প্রত্যর্পণ চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি সইয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ তথ্য জানান। তবে রাজনৈতিক বন্দী প্রত্যর্পণের ক্ষেত্রে এ চুক্তি প্রযোজ্য হবে না। ফৌজদারি মামলার ক্ষেত্রে বিচারাধীন ও দণ্ডপ্রাপ্ত আসামিরা এ চুক্তির আওতায় পড়বে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। এ সফরের সময়কালেই এই চুক্তি সই হওয়ার কথা। থাইল্যান্ডের সঙ্গেও এ চুক্তি রয়েছে। মোশাররফ হোসেন বলেন, কোন বন্দীদের রাজনৈতিক বন্দী বলা হবে না, তা প্রস্তাবে উল্লেখ রয়েছে। এক বছরের কম শাস্তি পাওয়া বন্দীরা বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়বে না। বন্দী প্রত্যর্পণের ক্ষেত্রে যেকোনো দেশ সুপারিশ বা প্রত্যাখ্যান করতে পারবে। কোন কোন ক্ষেত্রে সুপারিশ বা প্রত্যাখ্যান করা যাবে, তা চুক্তিতে উল্লেখ রয়েছে। যদি কোনো অপরাধীর জন্য দুটি দেশের কাছ থেকে সুপারিশ আসে, তাহলে বন্দী হস্তান্তরকারী দেশ সিদ্ধান্ত নেবে বন্দীকে কোন দেশের কাছে হস্তান্তর করা হবে। কমপক্ষে ছয় মাস আগে নোটিশ দিয়ে যেকোনো দেশ এ চুক্তি বাতিল করতে পারবে। এ ছাড়া তুচ্ছ কোনো ঘটনায় অভিযুক্ত অপরাধীরা এ চুক্তির আওতায় আসবে না।মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য আইনএ ছাড়া আজকের মন্ত্রিসভায় মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য আইন (বিপণন নিয়ন্ত্রণ) ২০১৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনের আওতায় মায়ের দুধের বিকল্প হিসেবে যেসব খাবার রয়েছে, সেসবের উত্পাদন, বিপণন, মান ও প্রচার নিয়ন্ত্রণ করবে সরকার। মায়ের দুধ সম্পর্কে সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মায়ের দুধের বিকল্প শিশুখাদ্যের প্রচারে সরকারের অনুমতি নিতে হবে। কোনো বিকল্প খাবারের প্রচার এমনভাবে করা যাবে না, যাতে মনে হয় এটা মায়ের দুধের চেয়ে ভালো। এ নিয়ম লঙ্ঘনকারীদের শাস্তির মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর ও জরিমানা পাঁচ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে।