বন্দী বিষয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেন কারজাই
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই অভিযোগ করেছেন, আফগান নাগরিকদের আটক ও বন্দী করার বিষয়ে এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অগ্রাহ্য করে মার্কিন সেনারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আল জাজিরার খবরে বলা হয়, হামিদ কারজাই আজ সোমবার এ বিষয়ে এক বিবৃতি দেন; তবে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো নির্দিষ্ট দাবি জানানো হয়নি। বিবৃতিটি এমন সময় প্রকাশ করা হলো, যখন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে একটি দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। ২০১৪ সালে আফগানিস্তান থেকে বেশির ভাগ মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে; তবে দেশের নিরাপত্তার স্বার্থে একটি অংশ রেখে যেতে আগ্রহী যুক্তরাষ্ট্র। আফগান প্রেসিডেন্ট বলেন, আদালতের রায়ে জামিন পাওয়ার পরও অনেককে মুক্তি দিচ্ছে না মার্কিন সেনারা। মার্কিন সেনাদের মাধ্যমে আফগান নাগরিক আটক করার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।বন্দীদের আফগান প্রশাসনের হাতে তুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের মধ্যে গত মার্চ মাসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু, যুক্তরাষ্ট্র এখনো দায়িত্ব বুঝিয়ে দিতে আগ্রহী নয়। দেশটি বলছে, নিজেদের সব দায়িত্ব বুঝে নিতে এখনো সক্ষম নয় আফগানরা। যুক্তরাষ্ট্র চাইছে, তারা যেসব বন্দীকে বিপজ্জনক মনে করে, তাদের বিনা বিচারে আটকে রাখার অনুমতি দিক আফগান সরকার। হামিদ কারজাইয়ের অফিস থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘এমন দাবি আফগান ও মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে স্বাক্ষরিত চুক্তির পরিপন্থী।’আফগান বাহিনীর হাতে দায়িত্ব হস্তান্তরের বিষয়ে একটি বিচার বিভাগীয় কমিটির সঙ্গে আলাপের পর হামিদ কারজাই এ কথা বললেন।আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি মার্কিন ঘাঁটিতে অবস্থিত আটকখানার সব দায়িত্ব দ্রুত বুঝে নিতে সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।