বন্দী হলো ভুতুমছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় বড় চোখ পাকিয়ে যে তাকিয়ে আছে ওপরের ছবিতে, সে কিন্তু মোটেই ভয়ংকর নয়। নিতান্তই নিরীহ, লাজুক তার স্বভাব। পারতপক্ষে লোকজনের চোখের সামনে সে পড়তেই চায় না। আড়ালে-আবডালে চলেফিরে বেড়ায়। নিরিবিলি থাকাই তার পছন্দ। নাম তার ‘ভুতুমপেঁচা’।এই ভুতুমপেঁচাটি বয়সে একেবারেই নবীন। হঠাৎ করেই পড়েছে মানুষের হাতে। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার লাতা পাহাড়ের বাঁশবনে ছিল এর বাসা। দুটি ছানা মা-বাবার এনে দেওয়া খাবার খেয়ে বেড়ে উঠছিল। গায়ে এদের গজিয়েছে বাদামির মধ্যে কালো ছাঁট দেওয়া নতুন মোলায়েম পালক। মাথার দুই পাশ দিয়ে ছড়িয়ে গেছে কানের লম্বা পালকগুচ্ছ। বাঁশবনে গিয়েছিলেন গোপাল চন্দ্র তঞ্চঙ্গ্যা। সেখান থেকে ছানা দুটি ধরে এনেছেন। প্রথম আলোর রাঙামাটির আলোকচিত্র সাংবাদিক সুপ্রিয় চাকমা তাঁর বাড়ি থেকে খাঁচায় বন্দী ভুতুমছানার ছবি তুলেছেন।ভুতুমপেঁচার ইংরেজি নাম ব্রাউন ফিশ আউল, বৈজ্ঞানিক নাম Ketupa zeylonensis। এদের প্রধান খাবার মাছ। বাংলাপিডিয়ায় আছে, আমাদের দেশে সাধারণত ১৭ প্রজাতির পেঁচা দেখা যায়। এর মধ্যে দুই প্রজাতির পেঁচা পরিযায়ী। পেঁচার শ্রবণশক্তি অত্যন্ত প্রখর। এরা এক কানের চেয়ে অন্য কানে আগে শুনতে পায় বলে নিখুঁতভাবে শব্দের উৎস বুঝতে পারে। এ ছাড়া গায়ে নরম ও বিশেষ ধরনের পালক থাকায় উড়তে পারে নিঃশব্দে। দক্ষিণ মেরু ও মহাসাগরীয় কিছু দ্বীপ ছাড়া সারা দুনিয়াতেই পেঁচার বিচরণ। এরা প্রায় ১৩৩ প্রজাতির। সবচেয়ে বড় পেঁচা উত্তর মেরুর তুন্দ্রা অঞ্চলের ‘তুষার পেঁচা’। সবচেয়ে ছোট হলো মধ্য ও দক্ষিণ আমেরিকার ‘পিগমি পেঁচা’। আমাদের দেশের সব এলাকাতেই ভুতুমপেঁচা, হুতোমপেঁচা, লক্ষ্মীপেঁচা আছে বলে জানিয়েছেন পাখিবিদ শরীফ খান। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে যেসব পেঁচা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিঙেল পেঁচা, কালো পেঁচা, বাদামি পেঁচা, কোটরে পেঁচা, ইগল পেঁচা ইত্যাদি। পেঁচা নিশাচর, শিকারি পাখি। ভুতুমপেঁচার প্রধান খাবার মাছ হলেও এরা ছোট ছোট সাপ, তক্ষক, ইঁদুর—এসবও খায়। শীতের শুরু থেকে বর্ষার আগপর্যন্ত বাসা বাঁধার সময়। বড় গাছের কোটরে বাসা বাঁধে। বছরে একবারই ডিম দেয় দু-একটি। পরিণত ভুতুমের মাপ ৫০ থেকে ৫৬ সেন্টিমিটার, ওজন প্রায় আড়াই কেজি। পায়ের নখ বড়শির মতো বাঁকানো। এই পা দিয়েই ভুতুমপেঁচা মাছ শিকার করে। ওপরের দিকের পালক লালচে বাদামি, মাঝে কালো বা কালচে বাদামি টান। পেটের নিচের দিকে সাদাটে।ভুতুমপেঁচার কণ্ঠস্বর বেশ ভারী। সন্ধ্যার আঁধারে গাছপালার পাতার আড়ালে বসে যখন ভুত-ভুত-ভুতুম-ভুতুম করে ডাকে, তখন পরিবেশে বেশ গা-ছমছমে ভাব সৃষ্টি হয়। অনেক দূর থেকে এই ডাক শোনা যায়। এ কারণেই ভুতুমপেঁচাকে লোকে খুব একটা সুবিধার চোখে দেখে না। কুসংস্কার আছে, বাড়ির ওপর এসে এরা এ রকম ডাকলে গেরস্তের অকল্যাণ হয়। তবে বড় গাছগাছালি কমে যাওয়ায় ভুতুমপেঁচাও কমে গেছে দেশময়।বাংলার লোকাচারে, পুুুরাণে, সাহিত্যে পেঁচার উপস্থিতি বহুমাত্রিক। হিন্দুধর্মে ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর বাহন হলো পেঁচা। এই পেঁচার নামই হয়ে গেছে লক্ষ্মীপেঁচা। এ ছাড়া বেশ কিছু নাম আছে পাখিটির (বিস্তারিত, নাম নিয়ে যত কথা: দিলীপ দেবনাথ)। সবচেয়ে প্রাচীন নামটি ‘উলুক’ বা ‘ঊরূক’। ঋগেবদে উলুককে উল্লেখ করা হয়েছে যমের সহচর হিসেবে। সে কারণে এটি অমঙ্গলজনক। চৈতন্যচরিতামৃতেও পেঁচা ঊরূক নামেই পরিচিত। সেখানে আছে ‘উলুক না দেখে সূর্য কিরণে’। এ ছাড়া একটি নাম ‘দিবান্ধ’। পেঁচা দিনের বেলায় ভালো দেখে না। সে কারণে এই নাম। কাকের সঙ্গে পেঁচার চিরকালীন শত্রুতা। পেঁচা অনেক সময় কাকের বাসায় ডিম দেয়। দিনের বেলায় কখনো পেঁচাকে বের হতে দেখলেই কাক এদের তাড়া করে। কাকের এক নাম ‘বায়স’, আর ‘অরাতি’ শব্দের অর্থ শত্রু। এই দুয়ে মিলে পেঁচার একটি নাম হয়েছে ‘বায়সারাতি’। ‘কৌশিক’ও পেঁচার নাম। ‘কোশ’ অর্থ কোটর বা গর্ত। পেঁচা কোটরবাসী বলে তার নাম কৌশিক। প্রাচীনকালে তো আছেই, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম পর্বের বিখ্যাত ব্যঙ্গরচনার গ্রন্থটির নামও পেঁচার নামেই নামকরণ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ—হুতোম প্যাঁচার নক্সা। জীবনানন্দ দাশের রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি আর বনলতা সেন-এর অনেক কবিতার বহু পঙিক্ততে লক্ষ্মী, ভুতুম, হুতোমপেঁচার দেখা পান কাব্যানুরাগীরা বিভিন্ন ভূমিকায়। যেমন—‘লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে,’ ‘পুরোনো পেঁচারা সব কোটর থেকে/ এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে/ মাঠের মুখের পরে;’ ‘থুরথুরে অন্ধপেঁচা অশ্বত্থের/ ডালে এসে বসে,/ চোখ পাল্টায়ে কয়: বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?/চমৎকার!/ ধরা যাক দু-একটা ইঁদুর এবার.../’, ‘কদমের ডালে আমি শুনেছি যে লক্ষ্মীপেঁচা গেয়ে গেছে গান/ নিশুতি জ্যোৎস্নার রাতে...’ প্রভৃতি। বড় বড় চোখ, থ্যাবড়ানো মুখ, বিশাল মাথা নিয়ে পেঁচা খুব একটা সুদর্শন নয়। তাই রূপ-লাবণ্যে ঘাটতি থাকলে মেয়েদের ‘পেঁচা’ বলার চল আছে আমাদের বাগ্বিধিতে। ভূদেব মুখোপাধ্যায় তাঁর পারিবারিক প্রবন্ধতে লিখেছেন, ‘তুমি এমন সোনার চাঁদ, তোমার কপালে এমন একটি পেঁচা জুটল।’পুরাণে-সাহিত্যে পেঁচার প্রভূত উল্লেখ সত্ত্বেও পাখিটির প্রতি জনমানসে প্রসন্নতা সামান্যই। অথচ পরিবেশ রক্ষায় পেঁচার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষ ইঁদুর-শিকারি হওয়ায় কৃষকের অত্যন্ত উপকারই করে থাকে পাখিটি। কাজেই পেঁচা ভালোভাবে বেঁচেবর্তে থাকলে আমাদেরই লাভ।