বন্দীদের নিয়ে যেতে পাকিস্তানি সেনাদের পরামর্শ দেন আলীম
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী জাহিদুল ইসলাম। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে আলীম ও তাঁর সহযোগীরা আক্কেলপুর স্টেশনে আটক ১০ জনকে নিয়ে যেতে পাকিস্তানি সেনাদের পরামর্শ দেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জাহিদুল ইসলামের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাসগুপ্ত। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। জবানবন্দিতে জাহিদুল ইসলাম বলেন, তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রামে। একাত্তর সালে তাঁর বয়স ছিল ১৫ অথবা ১৬ বছর। একাত্তরের গণহত্যা, অগ্নিসংযোগ শুরু হলে ৭ অথবা ৮ মে ছমির মণ্ডল, এবাদত হোসেন, আবদুল কুদ্দুস, সালাম, আজিস, রাবেয়া বেগমসহ ১৪ জনের একটি দল নিয়ে ভারতের উদ্দেশে রওনা হন।তিনি বলেন, তাঁর সঙ্গীদের মধ্যে তিনজনকে পাকিস্তানি সেনারা নিয়ে যায় ও বাকিদেরকে আক্কেলপুর স্টেশনের অপেক্ষমাণ কক্ষে আটক রাখা হয়। এর তিন দিন পর তিনি শোনেন, আটক লোকদের পাকিস্তানি সেনাদের হাতে তুলে দেওয়া হবে। পরে তিনি জানেন, আটক লোকজনকে কাকতারা নামের একটি জায়গায় পুকুর পাড়ে গুলি করা হয়। ঘটনাস্থলেই নয়জন গুলিবিদ্ধ অবস্থায় মারা যান ও একজন আহত হন। এ ঘটনার পরে তিনি ভারতে চলে যান। দেশ স্বাধীন হলে ২০ ডিসেম্বর দেশে ফিরে আসেন। রাষ্ট্রপক্ষের সাক্ষী আরও বলেন, তিনি শুনেছেন জয়পুরহাটের বিভিন্ন জায়গায় আলীম রাজাকার বাহিনীর সদস্যদের পরামর্শ দিতেন। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি ট্রাইব্যুনালে থাকা আলীমকে শনাক্ত করেন। জবানবন্দি শেষে জাহিদুলকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী আহসানুল হক। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।